ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই আধুনিক চিকিৎসাসেবা শুরু হবে


আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই আধুনিক চিকিৎসাসেবা শুরু হবে

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন নির্মাণ ও উদ্বোধনের পরও জনবলের অভাবে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হয়নি। বর্তমানে ভবনটিতে কার্যক্রমের প্রায় ৫০ শতাংশ চালু রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই নতুন ভবনে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা শুরু হবে।

সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগ (আউটডোর) এর প্রথম ও দ্বিতীয় তলায় রোগীদের সীমিত পরিসরে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে চালু রয়েছে। এছাড়া ক্যাথল্যাব, অস্ত্রোপচার-পরবর্তী সেবা ও একাডেমিক কার্যক্রমও সীমিত পরিসরে শুরু হয়েছে।

তবে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও কারিগরি জনবলের অভাবে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। নতুন ভবনে ৫০০ শয্যা, ৪০টি আইসিইউ বেড, ২০টি হাই ডিপেনডেন্সি ইউনিট বেড (এইচডিইউ বেড), ১১২টি কেবিন, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিনসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

আরও পড়ুন: খিলগাঁওয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

দেশের অন্যতম স্নায়ুরোগ চিকিৎসার বিশেষায়িত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে স্ট্রোক, মস্তিষ্কে আঘাত, মেরুদণ্ডের জটিলতা, পারকিনসন্স, ডিমেনশিয়া, মৃগীসহ নানা জটিল স্নায়ুরোগে আক্রান্ত হাজারো মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু শয্যা সংকটে অনেক রোগীকে ভর্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, ‘আমাদের জনবলের ঘাটতি আছে। তবে খুব শিগগিরই লোকবল নিয়োগ করা হবে। তখন হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা মিলবে।’

চলতি বছরের ১৫ আগস্ট ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৫০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ তলাবিশিষ্ট নতুন ভবনটি স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট পদ রয়েছে ৬৪৯টি। বর্তমানে কর্মরত আছেন ২৮৮ জন। শূন্যপদ রয়েছে ৩৬১টি। অর্থাৎ অনুমোদিত পদের অর্ধেকেরও বেশি শূন্য।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আরো ৪৮০ জন আটক

অন্যদিকে নার্সিং বিভাগে অনুমোদিত ৮৬৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭৮ জন। শূন্য রয়েছে ১৮৬টি পদ। সব মিলিয়ে চিকিৎসক ও নার্সের ৫৪৭টি পদ শূন্য রয়েছে। নতুন ৫০০ শয্যার ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে আরো ৮০০ থেকে ১০০০ জন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মচারী প্রয়োজন।

হাসপাতালটির ২০২৫-২৬ অর্থবছরের রোগীদের সেবাগ্রহণ সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৮ লাখ ১৩ হাজার ৯৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৭৮৯ জন এবং জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে ৩১ হাজার ২৯৩ জন।

২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। পরে আরো ২০০ শয্যা যুক্ত করে সক্ষমতা বাড়ানো হয়। গত এক দশকে স্নায়ুরোগীর সংখ্যা ও চিকিৎসাসেবার চাহিদা বাড়তে থাকায় হাসপাতালটির সক্ষমতা আরো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে নির্মাণ করা হয় নতুন ৫০০ শয্যার ভবন। এটি চালু হলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা এক হাজারে উন্নীত হবে।

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ব্রেন টিউমার অপারেশন করাতে নিউরোসায়েন্সেস হাসপাতালে এসেছেন রাশিদুল ইসলাম। তাকে নোয়াখালী সদর হাসপাতাল থেকে এখানে রেফার্ড করা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগের সামনে কথা হয় তার ভাই রবিউল ইসলামের সঙ্গে।

আরও পড়ুন: আজ কেমন থাকবে আবহাওয়া, বলছে অধিদপ্তর

তিনি বলেন, বড় ভাইয়ের ব্রেন টিউমার ধরা পড়েছে। নোয়াখালীর চিকিৎসকরা দ্রুত অপারেশন করাতে বলেছেন। কিন্তু এখানে বেড ফাঁকা পাচ্ছি না, তাই ভর্তি করানো যাচ্ছে না। চারদিন ধরে হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়ায় রয়েছেন বলেও জানান তিনি।

হাসপাতালের জনবলের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট অনুমোদিত পদের সংখ্যা ২ হাজার ৭২৮। এর মধ্যে ১ হাজার ৬১৯ জন কর্মরত আছেন।

হাসপাতালের অধ্যাপক পদ রয়েছে ২৭টি, এর মধ্যে ৮ জন কর্মরত আছেন। আর শূন্য রয়েছে ১৯টি পদ।

সহযোগী অধ্যাপক পদ রয়েছে ৪৫টি, এর মধ্যে ১৬ জন কর্মরত থাকলেও শূন্য রয়েছে ২৯টি পদ। সহকারী অধ্যাপক পদ রয়েছে ৮৬টি, এর মধ্যে ২৩ জন কর্মরত আছেন, শূন্য রয়েছে ৬৩টি পদ। সিনিয়র কনসালটেন্ট পদ ৮টির মধ্যে ৬টি শূন্য। জুনিয়র কনসালটেন্ট পদ রয়েছে ২৫টি এর মধ্যে শূন্য রয়েছে ১৩টি। এ ছাড়া ইনডোর মেডিক্যাল অফিসার পদ ১৫১টির মধ্যে ১১১টি শূন্য রয়েছে।

আরও পড়ুন: সোমবার ঢাকার যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সেবা বিভাগের জনবল চিত্র বিশ্লেষণ থেকে দেখা গেছে, উপ-সেবা তত্ত্বাবধায়কের পদ ৩টির মধ্যে ৩টি শূন্য। নার্সিং সুপারভাইজার পদ ২০টির মধ্যে ১৩টি শূন্য। সিনিয়র স্টাফ নার্সের পদ ৮৪০ জনের মধ্যে কর্মরত আছেন ৬৬৯ জন, শূন্য রয়েছে ১৭১টি পদ। এ ছাড়া আউটসোর্সিং কর্মীর পদ রয়েছে ১ হাজার ২১৫টি। এর মধ্যে কর্মরত আছেন ৬৫৬ জন। শূন্য রয়েছে ৫৫৯টি পদ।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান জানান, বর্তমানে জনবলের সংকট রয়েছে। জনবল এতদিনে নিয়োগ হয়ে যেত। কিন্তু সরকারি চাকরির নিয়োগের নীতিমালা পরিবর্তন হচ্ছে। এ কারণেই আমাদের জনবল নিয়োগে দেরি হচ্ছে।

তিনি বলেন, আমরা আশা করছি ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। আমরা সবকিছু প্রস্তুত করে রাখছি। নিয়োগের নীতিমালা হাতে পেলেই বিজ্ঞপ্তি দেওয়া হবে।

হাসপাতালের পরিচালক আরো বলেন, একই সঙ্গে আউটসোর্সিংয়ে জনবল নেওয়ার কাজ চলমান। আশা করছি, দ্রুত নতুন ভবন চালু করতে পারব। নতুন ভবনে সব ধরনের সুফল পাবে রোগীরা।

আরও পড়ুন: আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, দুটি ককটেল বিস্ফোরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে সুযোগ-সুবিধার অভাবে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


ইবিতে সুযোগ-সুবিধার অভাবে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে

বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে একসময় এগিয়ে থাকলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্তমানে তাদের আগ্রহ ক্রমাগত হ্রাস পাচ্ছে। টিউশন ফি ও আবাসন ব্যয়, সেশনজট, ভাষাগত জটিলতা, ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণ হারাচ্ছে। ভর্তি হওয়ার পরও অনেকে নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করতে পারছেন না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া ৩১ বিদেশি শিক্ষার্থীর মধ্যে ১৫ জন পড়াশোনা অসমাপ্ত রেখেই নিজ দেশে ফিরে গেছেন। স্নাতকোত্তরে ভর্তি হওয়া ২৮ জনের মধ্যে পাঁচজন, পিএইচডিতে আটজনের মধ্যে চারজন এবং এমফিলে পাঁচজনের মধ্যে দুজন কোর্স শেষ করতে পারেননি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২০। তারা নেপাল, নাইজেরিয়া, ভারত ও গাম্বিয়ার নাগরিক। এর মধ্যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চারজন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের আটজন, ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ছয়জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন রয়েছেন।

তথ্যানুযায়ী, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সাতজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হলেও পরের বছর তা বেড়ে ২২ জনে পৌঁছায়। এরপর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১৬ জন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১৪ জন ভর্তি হন। তবে পরবর্তী বছরগুলোতে এ সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকে।

২০২০-২১ শিক্ষাবর্ষে মাত্র একজন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ছয়জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একজন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। সবশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিলে দুজন ভর্তি হলেও স্নাতক পর্যায়ে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও স্নাতক পর্যায়ে কোনো বিদেশি শিক্ষার্থীর আবেদন জমা পড়েনি। তবে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ছয়জনের ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহ আজিজুর রহমান হলের আন্তর্জাতিক ব্লকের এক নেপালি শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক শিক্ষার্থী কোটা বন্ধ থাকায় বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা কমে গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে এসে ভাষাগত সমস্যার মুখেও পড়তে হয়।

তিনি আরো বলেন, ক্লাসে বাংলায় লেকচার দেওয়া হয়, যা বুঝতে আমাদের অসুবিধা হয়। আন্তর্জাতিক শিক্ষার্থী কোটা পুনরায় চালু করা হলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি নিয়ে প্রচারও খুব কম। ফলে অনেক বিদেশি শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারছেন না। বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো নজর দেওয়া প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনাতেও রয়েছে নানা সীমাবদ্ধতা। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জনবল সংকট ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে। তবে তাদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে প্রশাসনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, বিদেশি শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন আবাসিক হলের একটি ব্লকে আলাদা থাকার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য পরিকল্পনাও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের ফরেন সেলের কর্মকর্তা শাহদৎ হোসেন বলেন, লোকবল ও অবকাঠামো সংকটে ফরেন সেল কার্যকরভাবে কাজ করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফরেন সেলের তথ্য জটিলভাবে সংরক্ষিত থাকায় এবং নিয়মিত হালনাগাদ না হওয়ায় বিদেশি শিক্ষার্থীরা সহজে প্রয়োজনীয় তথ্য পান না।

তিনি আরো বলেন, দেশীয় শিক্ষার্থীদের তুলনায় বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বেশি এবং হল ফিও প্রায় ছয়গুণ। এছাড়া আবাসিক হলের মান, আলাদা ডাইনিং সুবিধা ও টিউটরের ব্যবস্থা না থাকায় তাদের ভোগান্তি আরো বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগতির স্কুলে হাতিয়ার দখলদারত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


রামগতির স্কুলে হাতিয়ার দখলদারত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে তোলপাড়

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পক্ষ বিদ্যালয়টির ওপর প্রভাব বিস্তার করে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে সাইনবোর্ড টানিয়ে বিদ্যালয়টি দখল করা হয়েছে। এর ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যালয়টি রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বয়ারচরের রুহুল আমিন মার্কেট এলাকায় অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে এলাকাবাসীর সহযোগিতায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। তখন বিদ্যালয়টির নাম ছিল পশ্চিম চর দরবেশ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এটি রামগতি উপজেলা শিক্ষা অফিসের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছিল। ২০১৮ সালের দিকে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক এমপি মোহাম্মদ আলীর লোকজন রাতের আঁধারে বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে 'মীর আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়' নামে নতুন সাইনবোর্ড টানিয়ে দখল করে। বয়ারচর নিয়ে রামগতি ও হাতিয়া দুই উপজেলার সীমানা সংক্রান্ত বিরোধের সুযোগ নিয়ে হাতিয়ার রাজনৈতিক নেতারা তখন বিদ্যালয়টি দখলে নেয়। রাজনৈতিক ও প্রশাসনিক দাপটের কাছে বয়ারচরবাসী অসহায় হয়ে পড়ে। সেই সময় এমপি মোহাম্মদ আলী রিতা রানী মজুমদার নামের একজনকে প্রধান শিক্ষক হিসেবেও নিয়োগ দেন। বিদ্যালয়ের জমি রামগতির নামে, ভবনটি নির্মাণ করে রামগতি উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং শিক্ষার্থীরাও সবাই রামগতির বাসিন্দা। তবুও বিদ্যালয়টি দখলে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মো. সিরাজ উদ্দিন ও আকবর হোসেন বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থানীয় জনগণের স্বার্থ ও শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত হওয়ার কথা। কিন্তু সেখানে অন্য উপজেলার প্রভাব বিস্তারের ঘটনায় শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়।" তাঁরা বিষয়টি তদন্ত করে প্রকৃত অবস্থান উদ্ঘাটন এবং বিদ্যালয়ের স্বাভাবিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রীতা রানী মজুমদার বলেন, "স্কুলটি মূলত রামগতির মধ্যে। হাতিয়ার এমপি মোহাম্মদ আলী তখন আমাকে এখানে নিয়োগ দিয়ে পাঠিয়েছে। স্কুলের জায়গা, ভবন ও ছাত্র-ছাত্রী সবই রামগতির।"

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল দিদার অভিযোগ করে বলেন, "হাতিয়া ও রামগতির মধ্যকার বয়ারচরের প্রশাসনিক সীমানা বিরোধের অজুহাত দিয়ে সাবেক এমপি মোহাম্মদ আলী একক রাজত্ব করত। সে সময় তিনি সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের সীমানা অতিক্রম করে রামগতির অংশে ঢুকে স্কুলটি দখলে নেন। স্কুলের জমিগুলো রামগতির নামে রেকর্ড করা, ভবনটিও রামগতি উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। ছাত্রছাত্রী সবাই রামগতির। তবুও ক্ষমতার দাপট দেখিয়ে তারা স্কুলটি হাতিয়ার নিয়ন্ত্রণে নেন। আমরা স্কুলটি ফেরত চাই।"

রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম জানান, তিনি এ উপজেলায় নতুন এসেছেন এবং বিষয়টি তাঁর জানা নেই। তিনি খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সঞ্চয়ের সুদে ১০ শতাংশ কর আরোপ, নিম্ন আয়ের মানুষের ওপর চাপে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


সঞ্চয়ের সুদে ১০ শতাংশ কর আরোপ, নিম্ন আয়ের মানুষের ওপর চাপে

নিম্নআয়ের মানুষ দুর্দিনের ভরসা হিসেবে একটু একটু করে সঞ্চয় গড়ে তোলে। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সঞ্চয়ের সুদের ওপর ১০ শতাংশ কর আরোপ করেছে। এই রাজস্ব বৃদ্ধির উদ্যোগে প্রান্তিক জনগণের আর্থিক নিরাপত্তা আরও ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ থেকে ৪০ বছর আগে ঢাকায় আসা হাবিবুর রহমান সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ব্যবসার জন্য যে ক্ষুদ্রঋণ নিতে তিনি সঞ্চয় করেন, প্রয়োজনের তাগিদে সেটুকুও নিজের কাছে ঠিকমতো রাখতে পারেন না।

হাবিবুর রহমান বলেন,

"টাকা জমাই, কিন্তু রাখতে পারি না। সঞ্চয় করি বিপদের জন্য। কিন্তু বছর শেষে ঋণ দেয়া হলে সেটাও সঙ্গে তুলে নিয়ে আসতে হয়।"

চাকরি হারানোর পর অজুফা নামে এক নারীর স্বামী একটি এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। কিস্তি পরিশোধ ও দৈনন্দিন খরচ মিটিয়ে সঞ্চয় করা টাকা তিনি ওই প্রতিষ্ঠানে জমা রাখেন।

অজুফা বলেন, "প্রতি মাসে নির্ধারিত কোনো টাকা জমা করি না। এক হাজার বা দেড় হাজার টাকা, সম্ভব হলে দুই হাজার টাকা দিই। ছোট ছোট দুটি বাচ্চা আছে। ভবিষ্যতে বিপদ আসবে কি না, তা তো বলা যায় না। সেই চিন্তা করেই টাকাটা জমাচ্ছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসেছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চারজন নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন। সভায় পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিস্তারিত প্রস্তুতি পর্যালোচনা করার পরিকল্পনা রয়েছে।

এতে প্রতিটি ধাপে কতগুলো ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করা হবে। পাশাপাশি, উপজেলা সদরের অধীনস্থ ইউনিয়ন পরিষদ এবং যেসব এলাকায় নির্বাচিত পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেসব এলাকার জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপগুলোতে রাখা হবে।

এছাড়া, আইডিইএ প্রকল্পের অধীনে গঠিত পার্সোনালাইজেশন সেন্টারের মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পার্সোনালাইজেশন ও বিতরণের গতি বৃদ্ধি এবং এ-সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয় নিয়েও আলোচনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%