ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

হবিগঞ্জে এক রাতে তিনটি সরকারি বিদ্যালয়ে চুরি


হবিগঞ্জে এক রাতে তিনটি সরকারি বিদ্যালয়ে চুরি

হবিগঞ্জের মাধবপুরে এক রাতের মধ্যে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়গুলো হলো উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ঘটনার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোববার (১১ অক্টোবর) রাতে সংঘটিত চুরির ঘটনায় দুর্বৃত্তরা বিদ্যালয়গুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের পানির ট্যাপসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

একই রাতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রয়োজনীয় সরঞ্জাম চুরি হওয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় তিনটি বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

স্থানীয়দের ধারণা, মাদকাসক্ত কিছু ব্যক্তি রাতে বিদ্যালয়গুলোতে প্রবেশ করে মাদক সেবন এবং পরে বিভিন্ন সরঞ্জাম চুরি করে থাকতে পারে। তবে চুরির সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "চুরির যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। আমরা পড়াব, নাকি চোর পাহারা দেব? এখন পানির লাইনের সরঞ্জাম চুরি হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের বড় ধরনের ভোগান্তিতে পড়তে হবে।"

গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা আক্তার বলেন, "আমাদের বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। দ্রুত বরাদ্দ দিয়ে চুরি হওয়া সরঞ্জামগুলো পুনরায় স্থাপনের ব্যবস্থা করা হোক।"

এ বিষয়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান জানান, বিদ্যালয়গুলোকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। সার্কেল এএসপি মহোদয়ের ঘটনাস্থল পরিদর্শন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি।

আরও পড়ুন: চট্টগ্রামে মহাষষ্ঠীতে শুরু হল ১,৯৪৯ মণ্ডপে দুর্গাপূজা

এদিকে শিক্ষক নেতা ও সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নয়ন চৌধুরী বলেন, "প্রায়ই প্রাথমিক বিদ্যালয়গুলোতে চুরির ঘটনা ঘটছে। নৈশপ্রহরী না থাকায় কিছু বিদ্যালয়ের অবস্থা বেশি খারাপ। চুরির ঘটনায় দায়ের করা জিডি ও অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে গোয়েন্দা নজরদারির মাধ্যমে চক্রটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হলে চুরির ঘটনা কমে আসবে।"

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি। গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিতের জন্য সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪১ এম


দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিতের জন্য সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে এবং পাঁচ দিনের টানা ছুটিতে ঘরমুখী ও ভ্রমণপ্রত্যাশী মানুষের নিরাপদ যাতায়াতের জন্য সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতির নির্দেশনা প্রদান করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার বেলা ৩টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আরাধনা শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে হবে। দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের টানা ছুটিতে দেশের বিভিন্ন স্থানে মানুষের যাতায়াত বৃদ্ধি পাবে। এই সময় সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপের বিষয়টি বিবেচনায় রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা ও বিদ্যমান সক্ষমতা কাজে লাগিয়ে যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, উৎসবের আনন্দ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন এবং পাঁচ দিনের ছুটিতে ভ্রমণকারী মানুষ যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

সভায় দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত যাত্রীচাপ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ বাস সার্ভিস চালু, প্রয়োজনীয়সংখ্যক ফেরি প্রস্তুত রাখা, অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা এবং সেতুর টোল প্লাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন।

এ ছাড়া ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো সাময়িক মেরামতের মাধ্যমে চলাচল উপযোগী রাখা, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে যাত্রীচাপ বিবেচনায় তিন জোড়া বিশেষ ট্রেন চালু এবং অন্যান্য রুটগুলোতে অতিরিক্ত কোচের ব্যবস্থা ও টিকিটের কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম ও যাতায়াত পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সড়ক, রেল ও নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা, বাস মালিক সমিতি এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং পাঁচ দিনের ছুটিতে দেশের মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদাকাত-ফারহানের ঝড়ে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪২ এম


সাদাকাত-ফারহানের ঝড়ে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

প্রথম টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে জয় নিশ্চিত করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান। তাদের ব্যাটিংয়ে রানের বন্যা বইয়ে শ্রীলঙ্কাকে ৮২ রানে পরাজিত করেছে পাকিস্তান। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দলটি।

আজ রাওয়ালপিন্ডিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ৩ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে। সাদাকাত ৫১ বলে ৯৬ রানের অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ছয়টি চার এবং সাতটি ছক্কা, যা সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে গিয়ে শেষ হয়।

অধিনায়ক ফারহানও ছিলেন অসাধারণ। ৩১ বলে ফিফটি পূর্ণ করে তিনি ৭৩ রান করেন। দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তান বড় সংগ্রহ পেতে সক্ষম হয়। শ্রীলঙ্কা ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ ফেলে চাপ আরও বাড়িয়ে দেয়।

শ্রীলঙ্কা জবাবে শুরু থেকেই চাপের মধ্যে পড়ে। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলতে সক্ষম হলেও, তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মোহাম্মদ ইমরান ১১ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। সালমান মির্জা ২ উইকেট নেন।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংস ৭ উইকেটে ১৩৩ রানে থেমে যায়। মহীশ থিকশানা ৩২ রান করেন, এবং চামিন্দু বিক্রমাসিংহের ব্যাট থেকে আসে ২৯ রান। তবে তাদের এই লড়াই হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪২ এম


নাটোরে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, দুইজন আটক

পুলিশ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে। রবিবার (১১ অক্টোবর) রাতে নাটোর সদর উপজেলার কাফুরিয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ সময় অন্তর কুমার সাহা নামের এক যুবক ও তার বাবাকে পুলিশ হেফাজতে নেয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানিয়েছেন, গত ৭ অক্টোবর ল্যাপটপটি হারানোর পর থেকে পুলিশের কয়েকটি দল সেটি উদ্ধারের জন্য কাজ করছিল। একপর্যায়ে অন্তর কুমার সাহার কাছে ল্যাপটপটির সন্ধান পাওয়া যায়।

পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) অন্তরের বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটি আসনের নিচে ল্যাপটপটি পান। পরে তিনি সেটি নিয়ে শ্বশুরবাড়িতে যান এবং ছেলেকে বিষয়টি জানান। রবিবার তারা নাটোরে এলে পুলিশের একটি দল তাদের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করে।

পুলিশ সুপার আরো জানান, অন্তর ও তার বাবা বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। তবে তাদের বিরুদ্ধে এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, ‘ল্যাপটপটি উদ্ধার করতে পেরে আমরা অত্যন্ত খুশি। ক্রিলের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনিও খুশি হয়েছেন। তার অন্য যেসব মালামাল হারিয়েছে, সেগুলোও উদ্ধারে আমরা কাজ করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী শুভ চন্দ্র বর্মন ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী শুভ চন্দ্র বর্মন ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত

চাঁদপুরে ভূমি অফিসের এক কর্মচারীকে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সম্প্রতি হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে নিয়ে ওই কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ চন্দ্র বর্মন, যিনি ওই ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রকাশ্যে ঘুষ লেনদেন’ শিরোনামে সংবাদ ও ভিডিও ফুটেজ প্রকাশিত হয়।

ভিডিওতে দেখা যায়, অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মন সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণ করছেন। জেলা প্রশাসনের অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের পক্ষে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের কোনো আইনগত ভিত্তি নেই। সরকারি দায়িত্ব পালনকালে এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতির শামিল।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ ১১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

এছাড়া, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার উদ্দেশ্যে অভিযোগ বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর জন্য হাজীগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%