ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের হুমকি বেন গভিরের


ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের হুমকি বেন গভিরের

ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির নির্বাচনের পর মন্ত্রিসভায় ফিরে আসলে এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

একটি ভিডিওতে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেন-গভির ফিলিস্তিনি বন্দি হাসান সালামেহর কারাকক্ষে গিয়ে তাকে সরাসরি হুমকি দিচ্ছেন। তিনি সালামেহকে বলেন, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’

আরও পড়ুন: কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী

ভিডিওটির সঙ্গে দেওয়া এক বিবৃতিতে বেন-গভির জানান, তিনি যদি প্রতিরক্ষামন্ত্রী হন, তাহলে সালামেহর মতো বন্দিদের ‘মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন’।

এছাড়া, একই বিবৃতিতে গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতিও এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরাইলে বন্দি রয়েছেন। ১৯৯০-এর দশকে প্রাণঘাতী কয়েকটি বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হচ্ছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও বেন-গভিরের প্রকাশ করা ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ভিডিওটিকে সালামেহর বিরুদ্ধে সরাসরি ‘মৃত্যুর হুমকি’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা করেছে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

বেন-গভিরের এই বক্তব্য আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশটির বন্দি নীতি এবং গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে বিতর্ককে আরও তীব্র করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় একের পর এক ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


গাজায় একের পর এক ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১২

ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছে আরো ১২ জন। আলজাজিরা সূত্রে জানা গেছে, স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। গাজা সিটির উত্তরের তাওয়াম এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের একজন কর্মকর্তা।

এএনআই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে আরো একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নাসের হাসপাতাল জানিয়েছে, দিনের শুরুতে খান ইউনিসের কেন্দ্রীয় এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি আহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর আগে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, যাতে একজন নিহত হন। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি অস্থায়ী তাঁবুতেও ড্রোন হামলা চালানো হয়, এতে আরো একজন নিহত হওয়ার খবর পাওয়া যায় বলে আলজাজিরা জানিয়েছে।

এদিকে, ২৩ সেপ্টেম্বর দক্ষিণ গাজার খান ইউনিসে পরিচালিত একটি লক্ষ্যভিত্তিক হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানায়, হামাসের অর্থনৈতিক কাঠামোর বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, খান ইউনিসে হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ানকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি নেতৃত্ব দাবি করে, হামাসের অর্থের প্রবাহ ও সংগঠনের কার্যক্রমে আবু আলওয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেতানিয়াহু ও কাটজ বলেন, হামাসের নেতৃত্ব ও অর্থের নেটওয়ার্কের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে। তাদের ভাষ্য অনুযায়ী, গাজায় হামাসের কার্যক্রম পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

তারা আরো বলেন, হামাসের কমান্ডার ও সদস্যদের খুঁজে বের করা হবে এবং সংগঠনটির অর্থের উৎসগুলোকে লক্ষ্য করা হবে। একই সঙ্গে হামাসের অবকাঠামো ধ্বংস করার কাজও চলবে বলে জানান তারা। ইসরায়েলি নেতৃত্বের ভাষ্য, হামাসকে আবার শক্তিশালী হওয়ার সুযোগ দেওয়া হবে না। গাজায় হামাসের অস্তিত্ব না থাকা পর্যন্ত তাদের অভিযান বন্ধ হবে না। আবু আলওয়ান নিহত হওয়ার ঘটনা গাজায় হামাসের অর্থনৈতিক কাঠামোর বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক বড় ধরনের অভিযানগুলোর একটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আজ সোমবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এবারের পরীক্ষা দুপুর ১টায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মাধ্যমে শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পরীক্ষা ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষার কোড ২২০২ এবং প্রতিটি পরীক্ষা দুপুর ১টায় শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

সূচি অনুযায়ী, আজ প্রথম পরীক্ষায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিভিন্ন তারিখে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যাবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যাবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যাবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্রের ট্রাংক ট্রেজারি থেকে বের করা যাবে না। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে শীর্ষে দুবাই, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


বায়ুদূষণে শীর্ষে দুবাই, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর

ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলে। জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, বায়ুমান স্কোর ১৭৬ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, ১৬০ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকার চতুর্থ স্থানে রয়েছে। ঢাকার বাতাসের মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৭৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দুবাই। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৬৩। তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, স্কোর ১৬১ নিয়ে। ঢাকার স্কোর ১৬০, যা চতুর্থ অবস্থানে এবং ভারতের কলকাতার স্কোর ১৫৬, যা পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে এটি ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


ঝিনাইদহে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ ইন করার চেষ্টা বিজিবি প্রতিহত করেছে। তিনজনকে বাংলাদেশে প্রবেশের প্রচেষ্টা রুখে দেওয়া হয়েছে।

সোমবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন চুয়াডাঙ্গা জীবননগর মাধবপুর সীমান্তে বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর সীমান্ত পিলার ৭০/২ আর এর নিকটবর্তী গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহলদল তাদের নজরে আসলে তারা বাংলাদেশে প্রবেশের মুখে বাধা প্রদান করে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার কারণে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছে। এই বিষয়ে ইতোমধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%