১০:২৬ এম
ভারতের পশ্চিমবঙ্গের শহরগুলোকে আরও পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখতে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তাঘাটে যত্রতত্র থুতু, পানের পিক, ময়লা বা প্লাস্টিক ফেললে নাগরিকদের জরিমানার মুখোমুখি হতে হবে।
রোববার (৭ জুন) উত্তরবঙ্গ সফরকালে শিলিগুড়িতে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য সাংবাদিকদের জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, কোথাও ময়লা ফেলা যাবে না, এবং পানের পিক ফেলাও নিষিদ্ধ থাকবে। রাস্তা নোংরা করলে জরিমানা করা হবে এবং রাস্তার ওপর প্লাস্টিক বা বর্জ্য ফেলার বিষয়েও নিষেধাজ্ঞা থাকবে।
আরও পড়ুন: যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের কারাদণ্ড নিয়ে বিতর্ক তীব্র
মন্ত্রী নাগরিকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, শপিংমলে গেলে আমরা ভদ্র আচরণ করি, কিন্তু রাস্তায় নামলে কেন তা করি না? পাশাপাশি তিনি দৃশ্যদূষণ রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিয়ম কার্যকরের আগে নাগরিকদের সচেতন করতে তিন মাসব্যাপী প্রচারণা চালানো হবে। এই প্রচার চলার পরে, যদি কেউ নিয়ম অমান্য করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিশাল অঙ্কের জরিমানা করা হবে।
শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে ‘স্বচ্ছ’ নামক একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ কোথাও ময়লা-আবর্জনা দেখলে ছবি তুলে অভিযোগ জানানোর সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে এবং অভিযোগকারীকে সমাধানের অগ্রগতিও জানাবে।
বর্তমান আইনে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে থুতু ফেললে সাধারণত ৫০০ টাকা জরিমানা হতে পারে। তবে অতীতে আইন থাকলেও এর প্রয়োগে খুব বেশি কঠোরতা দেখা যায়নি।
আরও পড়ুন: টেকনাফে পাহাড় থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
গত শুক্রবার পুর ও নগরোন্নয়ন দপ্তর শহর পরিচ্ছন্ন রাখতে ২৪ দফা নির্দেশনা জারি করেছে। এতে যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া খোলা অবস্থায় বর্জ্য পরিবহন, মন্দিরের ফুল-ফল যত্রতত্র ফেলা এবং রাস্তা ও ফুটপাত দখল করাও নিরুৎসাহিত করা হয়েছে।
রাজ্যের ১১৯টি পুরসভা, ৭টি পুরনিগম এবং ২টি নোটিফায়েড এরিয়া অথরিটির এলাকায় এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন