১১:১০ এম
প্রতিবেশী ইন্দোনেশিয়ায় দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ার ফলে মালয়েশিয়ায় বায়ুদূষণ বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার (৯ অক্টোবর) দেশের একাধিক রাজ্য, রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি রোধ করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। শুক্রবার সকালে মালয়েশিয়ার অন্তত ৩৭টি স্থানে বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছিল।
মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, জোহর, মালাক্কা, নেগেরি সেম্বিলান এবং সেলাঙ্গর রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে। একইভাবে, রাজধানী কুয়ালালামপুর ও প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায়ও এই সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া, পাহাং রাজ্যের রমপিন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকবে। অন্য রাজ্যের স্কুলগুলো স্বাভাবিকভাবে চলবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ধোঁয়াশার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সব রাজ্য শিক্ষা বিভাগ এবং জেলা শিক্ষা কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। আকস্মিকভাবে স্কুল বন্ধের সিদ্ধান্তের ফলে অভিভাবকদের দৈনন্দিন কার্যক্রমে অসুবিধা সৃষ্টি হওয়ায় ভবিষ্যতে এ ধরনের ঘোষণা আগেভাগে দেওয়ার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: দায়িত্ব গ্রহণের ৫ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
মালয়েশিয়ার পরিবেশ বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ৩৮টি এলাকায় বায়ুদূষণ সূচক অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছিল। এর মধ্যে জোহর রাজ্যের সেগামাটে সূচক ছিল ১৯০, নেগেরি সেম্বিলানের সেরেম্বানে ১৮৬ এবং নিলাইয়ে ১৮৫। শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থানে দূষণের মাত্রা অস্বাস্থ্যকর ছিল। মালয়েশিয়ার বায়ুদূষণ সূচকে ১০১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমানতান অঞ্চলে বনভূমি ও অন্যান্য জমিতে ছড়িয়ে পড়া আগুন থেকে ঘন ধোঁয়া সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর সুমাত্রায় ২১০টি এবং কালিমানতানে ৯৪টি আগুনের হটস্পট শনাক্ত করা হয়েছে। এসব আগুনের ধোঁয়া সীমান্ত পেরিয়ে মালয়েশিয়ার দক্ষিণাঞ্চল, সিঙ্গাপুর এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া পরিস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।
এ পরিস্থিতিতে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে যোগাযোগ করেন। আনোয়ার জানান, ধোঁয়াশা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন প্রাবোও। মালয়েশিয়া আগুন নিয়ন্ত্রণ এবং দূষণ কমাতে ইন্দোনেশিয়াকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ধোঁয়া কমানোর জন্য দেশে মেঘ সৃষ্টি করে কৃত্রিম বৃষ্টিপাতের কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
একই সঙ্গে, আঞ্চলিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য আসিয়ানের সদস্যদেশগুলোর পরিবেশবিষয়ক মন্ত্রীদের বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এ জন্য পররাষ্ট্রমন্ত্রীকে আসিয়ান সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তাঁর মতে, দাবানল এবং সীমান্তপারের ধোঁয়াশা মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা অত্যাবশ্যক, কারণ এর প্রভাব জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর পড়ছে।
আরও পড়ুন: ইরানে নারী কমান্ডারকে গুলি করে হত্যা, নিরাপত্তা উদ্বেগ বাড়ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন