০৮:৩৭ পি.এম
রাজধানী ঢাকার যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। সরকার সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তরের জন্য একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবটির অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা মহানগরীর প্রবেশমুখগুলোতে যানবাহনের জটলা কমাতে এবং ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নিজেই সায়দাবাদ টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা প্রদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে দিয়ে বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বাজেটের আওতায় কাঁচপুরে নতুন টার্মিনালের শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস বসানোর কাজ এবং অফিস কক্ষসহ অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে।
স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে কাঁচপুরের এই প্রস্তাবিত টার্মিনালটি আগামী চার মাসের মধ্যে ব্যবহার উপযোগী করার নির্দেশনা প্রদান করেছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনেই এই দ্রুত সময়ে কাজ শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, কাঁচপুরে নতুন বাস টার্মিনাল চালু হলে রাজধানীর অন্যতম প্রধান ব্যস্ত এলাকা সায়দাবাদ ও তার আশেপাশে দূরপাল্লার বাসের চাপ অনেকটাই কমে যাবে। সেইসাথে ঢাকার পূর্বাঞ্চলে ট্রাফিক ব্যবস্থাপনায় এক দীর্ঘমেয়াদি ও ইতিবাচক পরিবর্তন আসবে।
আরও পড়ুন: মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট, যুবক আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন