ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত


পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সামা টিভির খবরে জানানো হয়, উত্তর ওয়াজিরিস্তান ও মাস্তুং এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা এবং তাদের গতিবিধি লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হয়।

খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। এ সময় ওয়াজিরিস্তান ও আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হন।

আরও পড়ুন: হরমুজে নৌ-মাইনের বিস্ফোরণে দুই তেল ট্যাংকারে আগুন

অন্যদিকে, বেলুচিস্তানের মাস্তুংয়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হন।

এছাড়া সিয়াপুশত ও কিল্লি গাশতারি এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

সন্ত্রাসীদের নির্মূলে নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে জারদারি বলেন, তাদের কঠোর পদক্ষেপগুলো জাতির দৃঢ় সংকল্প ও মনোবলের প্রতিফলন।

আরও পড়ুন: ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ মাসের সর্বোচ্চে, তেলের বাজারে অস্থিরতা

প্রেসিডেন্ট জারদারি আরও বলেন, এই সফল অভিযানগুলো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রের দৃঢ় সংকল্প স্পষ্টভাবে তুলে ধরে। সন্ত্রাসীদের বিদেশি মদদদাতা এবং তাদের স্থানীয় সহযোগীদের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও মাস্তুং ও উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

নাকভি ভারত-সমর্থিত ১৮ জন সন্ত্রাসীকে নির্মূলে নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, এই অভিযানগুলো জাতীয় নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা বাহিনীর দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা-আল-খাওয়ারিজ’র বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং তাদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কেপিতে জরুরি অবস্থা ও গভর্নরের শাসনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের শরণাপন্ন পিটিআই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল

নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা জানিয়েছেন, নেপাল পোস্টাল ভোটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।

বুধবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, "আমরা পোস্টাল ভোটিং শুরু করতে চাই আমাদের দেশে। প্রবাসী যারা জাতীয় জিডিপিতে অবদান রাখে তাদের অন্তর্ভুক্ত করতে চাই নির্বাচনে।"

রাজীব সুব্বা আরও বলেন, "বাংলাদেশের থেকে কারিগরি সহায়তা পেলে আমরা সম্মানিত বোধ করব। আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে ভোটার সচেতনতা। ২০ থেকে ৪০ মিলিয়ন প্রবাসী ভোটার আছে নেপালে।"

এর আগে, ড. রাজীব সুব্বার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। তিনি আরও বলেন, "প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে।"

বুধবার (৭ অক্টোবর) সকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে হাবিপ্রবি উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এছাড়া, অবকাঠামোগত উন্নয়নে ৬০০ কোটি টাকা সরকারি বরাদ্দের বিষয়টিও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

উপাচার্য শূন্য পদে শিক্ষক নিয়োগ, ছাত্রীদের আবাসন সংকটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। একই সঙ্গে, তিনি তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে হাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাবিপ্রবির উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী নতুন ধানের জাত উদ্ভাবনে সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী নতুন ধানের জাত উদ্ভাবনে সম্ভাবনা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একদল গবেষক উচ্চ ফলনশীল, মরণঘাতী ব্লাস্ট রোগ প্রতিরোধী এবং চরাঞ্চল উপযোগী ধানের নতুন জাত উদ্ভাবনের পথে অগ্রসর হচ্ছেন। দিনাজপুরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) গবেষণা মাঠে পরিচালিত এই গবেষণার ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।

গবেষণাটি পরিচালিত হচ্ছে হাবিপ্রবির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুর রহমান এবং জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান – এই তিন শিক্ষকের যৌথ তত্ত্বাবধানে। এগ্রোনমি বিভাগের মাস্টার্স ডিগ্রীতে অধ্যয়নরত তিনজন শিক্ষার্থী– মোছা. আজিজা খাতুন, মো. শামসুল আলম মানিক ও মো. মাসুম রেজা– তিনটি আলাদা প্রজেক্টে কাজ করছেন।

প্রথম প্রজেক্টে মোছা. আজিজা খাতুন বিলুপ্তপ্রায় ৬টি দেশীয় ধান নিয়ে গবেষণা করছেন। এই ধানগুলো ক্ষতিকর ব্লাস্ট রোগের বিরুদ্ধে ১০০ শতাংশ প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করেছে। দ্বিতীয় প্রজেক্টে মো. শামসুল আলম মানিক চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে কম সেচ ও সীমিত নাইট্রোজেন সার ব্যবহার করে আমন ধানের উচ্চ ফলনের সম্ভাবনা নিয়ে কাজ করছেন। তৃতীয় প্রজেক্টে মো. মাসুম রেজা সনাতন প্রজনন পদ্ধতিতে ষষ্ঠ প্রজন্মের উন্নত লাইন এবং উচ্চ পুষ্টিগুণসম্পন্ন ‘ফাইন ব্ল্যাক রাইস’ (চিকন কালো ধান) উদ্ভাবনের ট্রায়াল চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে চলমান প্রজেক্টগুলো সরেজমিনে পরিদর্শন করেন হাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, দিনাজপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. জাফর ইকবাল এবং দিনাজপুর আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ জাহিদ হাসান। এ সময় গবেষক দল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

কৃষিবিদ মো. জাফর ইকবাল পরিদর্শনকালে বলেন, এখানে জেনেটিক রিসোর্স সমৃদ্ধকরণ ও প্রোডাক্টিভিটি বৃদ্ধির লক্ষ্যে যে ট্রায়ালগুলো স্থাপন করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কোনো উদ্ভাবনকে জাত হিসেবে আত্মপ্রকাশ করতে হলে বিদ্যমান জাতগুলোর চেয়ে এগ্রোনমিক বৈশিষ্ট্য ও ফলনে অন্তত ১০ শতাংশ বেশি অর্জন দেখাতে হয়। ফসল কাটার পর কাঙ্ক্ষিত প্যারামিটারগুলো পূরণ হলে জাতীয় বীজ বোর্ডে (এনএসবি) আবেদন করা যাবে। পরবর্তীতে বীজ প্রত্যয়ন এজেন্সির অধীনে দেশে বহু-আঞ্চলিক ট্রায়াল সফল হলে এটি কৃষকদের জন্য নতুন হিসেবে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে।

ড. সৈয়দ জাহিদ হাসান এই গবেষণার ভূয়সী প্রশংসা করে বলেন, বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের এমন যৌথ উদ্যোগ কৃষক পর্যায়ে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

প্রধান গবেষক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, দিনাজপুর ব্লাস্ট রোগের হটস্পট হওয়ায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় রোগপ্রতিরোধী ও চর এলাকার উপযোগী নতুন জাত উদ্ভাবনই আমাদের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় বকেয়া ও চাষাবাদে ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


আলফাডাঙ্গায় বকেয়া ও চাষাবাদে ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বকেয়া বেতন-ভাতা, বোনাস ও ছুটির টাকাসহ ২৪ লাখ ৮৭ হাজার টাকা পরিশোধ এবং ঘাস ও ভুট্টা চাষে হওয়া আর্থিক ক্ষতির ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো. নাসিরুজ্জামান। একই সঙ্গে পাওনা অর্থ আদায় ও নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা ডাকবাংলোসংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসিরুজ্জামান বলেন, ২০১৯ সালের ১৯ অক্টোবর মোহাম্মদীয়ার এমডি মো. ইমামুল হক জনির ফোন পেয়ে ঢাকায় গিয়ে তার প্রতিষ্ঠানে লজিস্টিক ইনচার্জ হিসেবে কাজ শুরু করেন। পরে প্রতিষ্ঠানের পরিচালক মো. ইউসুফ আলামিনের সঙ্গে তার পরিচয় হয়। ইউসুফ আলামিনের অনুরোধে তিনি তার গরুর খামারের দায়িত্বও নেন।

নাসিরুজ্জামানের দাবি, শুরুতে মাসিক ৪৫ হাজার টাকা বেতনে কাজ করলেও পরবর্তীতে কাজের পরিধি বাড়ায় বেতন ৬০ থেকে ৬৫ হাজার টাকা করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি চাকরির সময়ের বাইরে খামারের কাজ করার দায়িত্বও দেওয়া হয়।

তিনি বলেন, ইউসুফ আলামিনের অনুরোধে বিভিন্ন এলাকায় জমি লিজ নিয়ে ঘাস ও ভুট্টা চাষ শুরু করেন। এ কাজে জমির লিজ, শ্রমিক, বীজ, যন্ত্রপাতি ও অন্যান্য খাতে বিপুল অর্থ ব্যয় করেন তিনি। উৎপাদিত ঘাস ও ভুট্টা নির্ধারিত দামে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন নাসিরুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি জানান, বেতন বাবদ ১৯ লাখ ৮০ হাজার টাকা, বোনাস ১ লাখ ৩৫ হাজার টাকা, ছুটির টাকা ২ লাখ ৮২ হাজার টাকা এবং অন্যান্য পাওনা ৯০ হাজার টাকা—সব মিলিয়ে তার ২৪ লাখ ৮৭ হাজার টাকা পাওনা রয়েছে।

এ ছাড়া বিভিন্ন এলাকায় প্রায় ২১ একর, ২৫ একর, ৫ একর ৪০ শতাংশ, ১ একর, ৪ একর ও ৭ একর জমিতে ঘাস ও ভুট্টা চাষে জমির লিজ, শ্রমিক, বীজ, যন্ত্রপাতি ও অন্যান্য খাতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি করেন তিনি। তবে চূড়ান্ত হিসাব ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের পর প্রকৃত ব্যয় ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

নাসিরুজ্জামানের আরও অভিযোগ, আদিয়াত ফার্মের পক্ষ থেকে উৎপাদিত ঘাস না নেওয়ায় জমি পরিষ্কারসহ অতিরিক্ত প্রায় ৩৩ লাখ টাকা ব্যয় করতে হয়েছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন।

তিনি বলেন, পাওনা অর্থ পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনজীবীর মাধ্যমে নোটিশ দেওয়া হলেও এর কোনো জবাব পাওয়া যায়নি। পাশাপাশি তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নাসিরুজ্জামান তার বকেয়া পাওনা পরিশোধ, চাষাবাদে হওয়া আর্থিক ক্ষতির প্রতিকার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. ইউসুফ আলামিনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%