ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা আইনমন্ত্রীর


সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা আইনমন্ত্রীর

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবরেজিস্ট্রারদের বিরুদ্ধে অভিযোগ থাকলে, সুনির্দিষ্ট তথ্য প্রদান করা হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া গেলে কাউকে হয়রানি করা হবে না। আবার অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড়ও দেওয়া হবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান উল্লেখ করেন, সাবরেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা বিদ্যমান। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তনের কাজ শুরু করতে হবে। সেই কাজ আজ শুরু হলো।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

তিনি বলেন, ঢাকায় পোস্টিংকে ‘প্রাইস পোস্টিং’ হিসেবে ধরা হয়। সাধারণভাবে মনে করা হয়, যাদের ঢাকায় পোস্টিং দেওয়া হয়, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ‘প্রাইস পোস্টিংয়ের’ মধ্যেই প্রথম লটারি অনুষ্ঠিত হচ্ছে।

আইনমন্ত্রী জানান, সাবরেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, লটারিতে ঢাকা জেলার জন্য নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

দুর্নীতি প্রতিরোধে সবার মানসিকতায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতি রোধ করতে হলে সবার মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার

আইনমন্ত্রী আরও বলেন, সরকারি অফিসে দুর্নীতির যে আখড়া তৈরি হয়েছে, সরকার তা ভেঙে দিতে চায়। লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি সেই উদ্যোগেরই অংশ।

মো. আসাদুজ্জামান জানান, সারা দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, নিরাপদে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, নিরাপদে উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে কাউরাইদ ও মশাখালী রেলস্টেশনের মধ্যবর্তী বড়াইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে চালকের সতর্কতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁওয়ের বড়াইগ্রাম এলাকা অতিক্রম করার সময় হঠাৎ কাপলিং ভেঙে পেছনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

চলন্ত অবস্থায় আকস্মিক বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে পড়ার চেষ্টা করেন এবং সাময়িক চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলী ও টেকনিশিয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করেন।

গফরগাঁও রেলস্টেশন মাস্টার মো. হানিফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাউরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী বড়াইগ্রাম এলাকায় সকাল ১০টা ১০ মিনিটের দিকে তিস্তা এক্সপ্রেসের পেছনের দুটি বগি বিচ্ছিন্ন হয়। পরে খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বগি দুটি পুনরায় ট্রেনের সঙ্গে সংযুক্ত করেন।

তিনি আরও জানান, সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি মেরামত সম্পন্ন হয় এবং ১০টা ৩৫ মিনিটে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এর ফলে ওই রুটে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে সাবেক স্ত্রীর হত্যা মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


কেরানীগঞ্জে সাবেক স্ত্রীর হত্যা মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রী সুমা আক্তারকে (২৪) হত্যা মামলায় স্বামী সাইফুল হাওলাদারকে (৩০) চট্টগ্রাম পতেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। গত সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন চরপাড়া লাইটারঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত সাইফুল ঝালকাঠির নলছিটির গোপালপুর এলাকার কালাম হাওলাদারের ছেলে।

এএসপি তপন সরকার জানান, সুমা আক্তারের সঙ্গে সাইফুল হাওলাদারের প্রায় ৫ বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই সাইফুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ চলতি বছরের ৯ জুলাই তিনি সুমাকে তালাক দেন। এরপর ভুক্তভোগী দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভাড়াবাসায় বসবাস করে একটি কারখানায় চাকরি করতেন।

তিনি আরো জানান, গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মোবাইল থেকে তার পরিবারকে সাইফুল জানায়, তিনি সুমাকে হত্যা করে মরদেহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভুক্তভোগীর ভাড়াবাসায় রেখে গেছেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় রিহতের মা সাইফুল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এএসপি তপন সরকার আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা এবং এসআরবি-৭ একটি যৌথ অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আসামি সাইফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুতুবদিয়া পর্যন্ত জলদস্যু-ডাকাত ঠেকাতে সাগরে কোস্টগার্ডের তৎপরতা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


কুতুবদিয়া পর্যন্ত জলদস্যু-ডাকাত ঠেকাতে সাগরে কোস্টগার্ডের তৎপরতা জোরদার

বাংলাদেশ কোস্টগার্ড কক্সবাজারের টেকনাফ থেকে মহেশখালী, কুতুবদিয়া পর্যন্ত উপকূলীয় সমুদ্রসীমায় জলদস্যু-ডাকাত দমন এবং চোরাচালান প্রতিরোধের জন্য টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে। বাণিজ্যিক জাহাজ এবং মাছ ধরার নৌযানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অবৈধ পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এসব অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য, চোরাচালানি সিমেন্ট এবং সারও।

কোস্টগার্ডের সূত্র জানায়, টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, মহেশখালী, মাতারবাড়ী এবং কুতুবদিয়া উপকূল ও সংলগ্ন সমুদ্র এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। ডাকাতি, জলদস্যুতা, মাদক এবং অন্যান্য অবৈধ পণ্য পাচারের ঝুঁকি বিবেচনায় সন্দেহজনক নৌযানের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

গত ৫ অক্টোবর, কোস্টগার্ড বেস চট্টগ্রামের অধীন কোস্টগার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ এবং স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়ার দায়িত্বপূর্ণ সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় সমুদ্রে চলাচলরত বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার নৌযানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহজনক নৌযান ও ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

কোস্টগার্ডের নিয়মিত অভিযানে উপকূলীয় ও সমুদ্রপথে পাচারের সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, পাশাপাশি অবৈধভাবে পরিবহন করা সিমেন্ট ও সারও জব্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে সন্দেহজনক নৌযানে তল্লাশি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

কোস্টগার্ডের সূত্র আরও জানায়, আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজ ও উচ্চগতির স্পিডবোটের মাধ্যমে উপকূল ও সমুদ্র এলাকায় টহল দেওয়া হচ্ছে। রাডার, জিপিএস এবং আধুনিক যোগাযোগব্যবস্থা ব্যবহার করে বিভিন্ন নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহজনক কোনো নৌযান শনাক্ত হলে তা থামিয়ে তল্লাশি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশেষ করে টেকনাফ উপকূল ও নাফ নদীসংলগ্ন এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানান। সীমান্তঘেঁষা এ অঞ্চলে মাদক ও বিভিন্ন পণ্য পাচারের সম্ভাব্য রুটগুলোতেও নজরদারি রাখা হচ্ছে। কক্সবাজারের অন্যান্য উপকূলীয় এলাকায় জলদস্যু ও ডাকাতির ঝুঁকি মোকাবিলায় টহল অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, টেকনাফ থেকে কুতুবদিয়া পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নজরদারি প্রয়োজন। কোস্টগার্ডের নিয়মিত টহল ও অভিযান একদিকে জেলেদের নিরাপত্তা দিচ্ছে, অন্যদিকে সমুদ্রপথে মাদক ও চোরাচালান প্রতিরোধেও ভূমিকা রাখছে।

কোস্টগার্ড জানিয়েছে, বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলে জলদস্যু-ডাকাতি, মাদক ও চোরাচালান প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। অপরাধের ধরন ও ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় এলাকায় আরও জোরদার করা হবে অভিযান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩ জনের নাম জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন—তারিফ (২০), সালমান (৪), বায়েজিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)। আহতরা চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সাদেকপুর ইউনিয়নের দামচাইল এলাকায় একটি কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। পরে কুকুরটি আশপাশের আরও কয়েকজনকে কামড়ায়। স্থানীয় বাসিন্দারা পরে কুকুরটিকে পিটিয়ে মারে।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানিয়েছেন, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। তিনি জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%