০২:২৯ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার পরদিন, আওয়ামী লীগপন্থী কিছু গণমাধ্যমসহ বিভিন্ন মহল দিনভর অপতথ্য ছড়ানোর কাজ শুরু করেছে।
হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, গণহত্যা এবং বুলডোজার হামলার মতো ভিত্তিহীন দাবির পাশাপাশি এআই-নির্মিত ছবি ও পুরোনো ঘটনার ভিডিও ছড়ানো হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে কাজ করছেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ এই তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুন: জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারের সমর্থনের আহ্বান শামসুজ্জামান দুদুর
বাংলাফ্যাক্টের প্রতিবেদনে বলা হয়েছে, নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার পর ২০০ বা ৩০০ হিন্দু বাড়ি পোড়ানোর এবং ‘সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে’ বলে অপপ্রচার চালানো হয়েছে।
তাদের অনুসন্ধানে দেখা গেছে, সেখানে হিন্দু বাড়িঘরে হামলা, লুটপাট বা সাম্প্রদায়িক আক্রমণের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় সাংবাদিক এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই অপপ্রচারকে মিথ্যা ও ভিত্তিহীন বলে নাকচ করেছেন। বুলডোজার দিয়ে আক্রমণের বিষয়ে বিভিন্ন তথ্য ছড়ালেও গণমাধ্যমের সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
একজন স্থানীয় সাংবাদিক বাংলাফ্যাক্টকে জানান, নড়াইলের কালিয়া পৌরসভার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবু কৃষ্ণপদ ঘোষের একটি বাড়ি রয়েছে। তবে, ওই বাড়িটি ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে মূলত একটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পূর্বে ক্ষতিগ্রস্ত হওয়া সেই পরিত্যক্ত বাড়িতে সামান্য অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এর বাইরে সাধারণ সনাতন ধর্মাবলম্বী কোনো পরিবারের ঘরবাড়িতে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।
ছড়ানো হয়েছে এআই দিয়ে তৈরি ছবি
আরও পড়ুন: সাদিক কায়েমের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের সনাক্ত করেছে পুলিশ
নড়াইলে হামলার শিকার একজন হিন্দু নারী কাঁদছেন-এমন একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে যে ছবিটি এআই দ্বারা তৈরি।
নড়াইলে গণহত্যা হয়েছে বলেও দাবি করেছেন আওয়ামী লীগের প্রোপাগান্ডা সাইট বাংলা ইনসাইডারের সম্পাদক সৈয়দ বোরহান কবীর। অথচ নড়াইলের গতকালের ঘটনায় কেউ নিহত হয়নি। বরং গত ১৮ নভেম্বর বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় বিএনপির দুজন নেতা নিহত হন।
সংখ্যালঘুদের ওপর হামলার দাবিতে পুরোনো একটি ভিডিও পোস্ট করেছে অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামে গত ৬ সেপ্টেম্বর ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘর পুড়ে যায়। ভিডিওটি ছিল সেই ঘটনার।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়ে গেছে। সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য এবং গুজব ছড়ানো শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে আওয়ামী লীগের তৈরি ফাঁদে পা দেয়নি সরকার: রাশেদ খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন