ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই সনদ দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক: সাইফুল হক


জুলাই সনদ দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জুলাই সনদকে দেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ সংবিধান এবং রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের জন্য একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। বিএনপির উচিত ছিল গণভোটে জনগণের দেওয়া রায়কে ইতিবাচকভাবে গ্রহণ করে সংবিধান সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া।

শুক্রবার (১৬ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।

সাইফুল হক আরও বলেন, নবনির্বাচিত সংসদকে ১৮০ দিনের জন্য ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করলে বিএনপির জন্য এটি একটি বড় রাজনৈতিক অর্জন ও গৌরবের বিষয় হতে পারত। কিন্তু বিএনপি সেই সুযোগ গ্রহণ না করে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে নিজেদের বিরুদ্ধে অপপ্রচারের সুযোগ করে দিয়েছে।

আরও পড়ুন: কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, গঠন করা হলো তদন্ত কমিটি

তিনি উল্লেখ করেন, গত এক বছরে রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। অন্তর্বর্তী সরকারের বিদায়, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং ১৭ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের মাধ্যমে দেশ নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের পক্ষে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। গণভোটের প্রশ্নমালায় জুলাই সনদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ যথাযথভাবে প্রতিফলিত না হওয়ার বিষয়টি নিয়ে আপত্তি ও সমালোচনা ছিল। তবুও তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছেন এবং ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। জনগণও বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে। এই রায় যথাযথভাবে ধারণ করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কেন নির্বাচিত সংসদকে ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করার সুযোগ গ্রহণ করেনি, সে বিষয়ে কোনো যুক্তিসংগত ও স্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে পারেনি। এর ফলে বিএনপি জুলাই সনদকে মানে না কিংবা মৌলিক সংস্কার চায় না—এমন প্রচারণা জোরালো হয়েছে। এসব প্রচারণা অযৌক্তিক ও রাজনৈতিক অপপ্রচার হলেও বিএনপির ব্যাখ্যার দুর্বলতা মানুষের মধ্যে দলটির অবস্থান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

তিনি বলেন, সংসদে সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটি গঠন করে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি এখন যে উদ্যোগ নিচ্ছে, সংবিধান সংস্কার পরিষদ গঠন করেও একই কাজ করা যেত। ২৪৮ জন সংসদ সদস্য নিয়ে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংসদে দলটির অবস্থানের বাইরে কার্যকর কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ খুবই সীমিত। তবুও রাজনৈতিক দল হিসেবে বিএনপির এইটুকু ঝুঁকি নেওয়া উচিত ছিল।

সাইফুল হক আশা প্রকাশ করেন, আগামী জানুয়ারিতে সংসদের শীতকালীন অধিবেশনে সংবিধানের অষ্টাদশ সংশোধনী হিসেবে জুলাই সনদের প্রস্তাবসহ প্রয়োজনীয় অন্যান্য সংশোধনী বিল আকারে উত্থাপন করা হবে। তিনি আশা করেন, আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে এসব প্রস্তাব গৃহীত হবে।

আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনায় বাংলাদেশি রেস্তোরাঁ ‘পানসী’র উদ্বোধন, কনসাল জেনারেল প্রশংসা করেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


বার্সেলোনায় বাংলাদেশি রেস্তোরাঁ ‘পানসী’র উদ্বোধন, কনসাল জেনারেল প্রশংসা করেন

স্পেনের বার্সেলোনায় বাংলাদেশি প্রবাসী দম্পতি শহীদ ও আসমার উদ্যোগে নতুন রেস্তোরাঁ ‘পানসী’ যাত্রা শুরু করেছে, যেখানে দেশীয় ও ভারতীয় খাবার পরিবেশন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বার্সেলোনার রাভাল এলাকায় রেস্তোরাঁটির উদ্বোধন করেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল রামন পেদ্রো বার্নাউস (Ramon Pedro Bernaus)।

উদ্বোধনকালে তিনি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং রেস্তোরাঁটির সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ‘পানসী’ শুধুমাত্র খাবারের প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং স্পেনে বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি ও আতিথেয়তা তুলে ধরার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

রেস্তোরাঁটির স্বত্বাধিকারী শহীদ ও আসমা দম্পতি দীর্ঘদিন ধরে বার্সেলোনায় বসবাস করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁদের অবদান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল ছাড়াও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অতিথিরা রেস্তোরাঁটির পরিবেশ ও খাবারের মানের প্রশংসা করেন।

খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের আশা, ‘পানসী’ বার্সেলোনায় বাংলাদেশি খাবার ও সংস্কৃতির পরিচিতি বাড়াতে সাহায্য করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর পল্লবী থানায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল (৪৭) এবং লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩) কে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ রিমান্ড শেষে পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে। এ সময় তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান।

অন্যদিকে, আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১৩ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম দুই আসামির প্রত্যেকের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা নাম্বার ওয়ান’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। এজাহার অনুযায়ী, ওই গ্রুপের মাধ্যমে তারা তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আসামিরা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আবদুল আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ এবং রাষ্ট্রবিরোধী সংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা একটি পেজ তৈরি করে তার মাধ্যমে সহিংসতা ও অস্থিতিশীলতায় উসকানি দিতে পারে এমন কনটেন্ট তৈরি ও প্রচার করছিলেন। এর মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ১২ অক্টোবর রাজধানীর পল্লবী থানায় মামলাটি দায়ের করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আকবর। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় মামলাটি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএএফ ফ্যালকন হলে বাফওয়া ও লেডিস ক্লাবের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


বিএএফ ফ্যালকন হলে বাফওয়া ও লেডিস ক্লাবের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বাফওয়া, আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব এবং বিএএফ লেডিস ক্লাব অ্যান্ড চিলড্রেন’স ক্লাবের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’।

রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে গত ১৪ ও ১৫ অক্টোবর ২০২৬ তারিখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ১৪ অক্টোবর ঘোষণা করেন বিমান বাহিনী প্রধান এবং বাফওয়া-র প্রধান পৃষ্ঠপোষক এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বাফওয়ার সহ-সভানেত্রীরা, বিমান সদরের সংশ্লিষ্ট পরিদপ্তরসমূহের পরিচালকরা এবং কেন্দ্রীয় বাফওয়ার সব সদস্য।

সম্মেলনে বাফওয়ার মূলমন্ত্র ‘সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য’-এর ভিত্তিতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর চলমান উন্নয়নমূলক কার্যক্রম, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাফওয়ার উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কাজের মধ্যে রয়েছে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, আর্তমানবতার সেবায় শীতবস্ত্র ও ঔষধ বিতরণ, বিমান বাহিনী স্থায়ী এবং অস্থায়ী সদস্যদের মধ্যে যারা চিকিৎসাপ্রাপ্ত হয় না, তাদের চিকিৎসা সেবার আওতাভুক্ত করে সেবা প্রদান, বিমান বাহিনীর চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসন সংকট নিরসনে 'বাফওয়া নিবাস' নামক বাসস্থান সংকুলান ইত্যাদি।

সম্মেলনের দ্বিতীয় দিন ১৫ অক্টোবর দিকনির্দেশনামূলক ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন বাফওয়া ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী এবং বিএএফ লেডিস ক্লাব অ্যান্ড চিলড্রেন’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে ড. মোহাম্মদ মহিউদ্দিন, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত), এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সামছুল আলম (শিবলী), যিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক, নির্বাচিত হয়েছেন।

এই নতুন কমিটি শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় গঠন করা হয়। নবগঠিত কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ২০২৭-২০২৮। অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন রফিকুল ইমলাম পান্না (ঢাকা বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি হিসেবে মোহম্মদ আলী (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) এবং মো. নজরুল ইসলাম (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে খলিলুর রহমান (চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি) ও মো. সাইফুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মো. বাবুল হোসেন বাবু (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ আল-আমিন খান (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক হিসেবে ফরহাদ রহমান সরকার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. সালমান সাদেকীন চয়ন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোস্তাক জাহান (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস) এবং ক্রীড়া সম্পাদক হিসেবে মুহাম্মদ রাশেদুল ইসলাম (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) রয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মো. বশিরুল ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), গোলম মর্তুজা (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কামরুন নাহার (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), খাদেমুল ইসলাম (হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. সাহেদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), খন্দকার মোয়াজ্জেম হোসেন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং আবু সালেহ মুহাম্মদ মূসা (ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়)।

এই সভার সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোঃ আবুল কাসেম শিখদার। সভায় সকলের সম্মতিক্রমে নতুন কমিটির ঘোষণা করা হয়। সভা শেষে সাবেক কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তাদের নিয়ে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)’ যাত্রা শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%