শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং
০৭:৪২ পি.এম
স্পেনের বার্সেলোনায় বাংলাদেশি প্রবাসী দম্পতি শহীদ ও আসমার উদ্যোগে নতুন রেস্তোরাঁ ‘পানসী’ যাত্রা শুরু করেছে, যেখানে দেশীয় ও ভারতীয় খাবার পরিবেশন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বার্সেলোনার রাভাল এলাকায় রেস্তোরাঁটির উদ্বোধন করেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল রামন পেদ্রো বার্নাউস (Ramon Pedro Bernaus)।
উদ্বোধনকালে তিনি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং রেস্তোরাঁটির সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ‘পানসী’ শুধুমাত্র খাবারের প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং স্পেনে বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি ও আতিথেয়তা তুলে ধরার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।
রেস্তোরাঁটির স্বত্বাধিকারী শহীদ ও আসমা দম্পতি দীর্ঘদিন ধরে বার্সেলোনায় বসবাস করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁদের অবদান রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল ছাড়াও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অতিথিরা রেস্তোরাঁটির পরিবেশ ও খাবারের মানের প্রশংসা করেন।
খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের আশা, ‘পানসী’ বার্সেলোনায় বাংলাদেশি খাবার ও সংস্কৃতির পরিচিতি বাড়াতে সাহায্য করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর পল্লবী থানায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল (৪৭) এবং লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩) কে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ রিমান্ড শেষে পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে। এ সময় তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান।
অন্যদিকে, আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ১৩ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম দুই আসামির প্রত্যেকের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা নাম্বার ওয়ান’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। এজাহার অনুযায়ী, ওই গ্রুপের মাধ্যমে তারা তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আসামিরা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আবদুল আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ এবং রাষ্ট্রবিরোধী সংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা একটি পেজ তৈরি করে তার মাধ্যমে সহিংসতা ও অস্থিতিশীলতায় উসকানি দিতে পারে এমন কনটেন্ট তৈরি ও প্রচার করছিলেন। এর মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এ ঘটনায় গত ১২ অক্টোবর রাজধানীর পল্লবী থানায় মামলাটি দায়ের করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আকবর। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় মামলাটি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বাফওয়া, আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব এবং বিএএফ লেডিস ক্লাব অ্যান্ড চিলড্রেন’স ক্লাবের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’।
রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে গত ১৪ ও ১৫ অক্টোবর ২০২৬ তারিখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ১৪ অক্টোবর ঘোষণা করেন বিমান বাহিনী প্রধান এবং বাফওয়া-র প্রধান পৃষ্ঠপোষক এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বাফওয়ার সহ-সভানেত্রীরা, বিমান সদরের সংশ্লিষ্ট পরিদপ্তরসমূহের পরিচালকরা এবং কেন্দ্রীয় বাফওয়ার সব সদস্য।
সম্মেলনে বাফওয়ার মূলমন্ত্র ‘সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য’-এর ভিত্তিতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর চলমান উন্নয়নমূলক কার্যক্রম, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাফওয়ার উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কাজের মধ্যে রয়েছে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, আর্তমানবতার সেবায় শীতবস্ত্র ও ঔষধ বিতরণ, বিমান বাহিনী স্থায়ী এবং অস্থায়ী সদস্যদের মধ্যে যারা চিকিৎসাপ্রাপ্ত হয় না, তাদের চিকিৎসা সেবার আওতাভুক্ত করে সেবা প্রদান, বিমান বাহিনীর চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসন সংকট নিরসনে 'বাফওয়া নিবাস' নামক বাসস্থান সংকুলান ইত্যাদি।
সম্মেলনের দ্বিতীয় দিন ১৫ অক্টোবর দিকনির্দেশনামূলক ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন বাফওয়া ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী এবং বিএএফ লেডিস ক্লাব অ্যান্ড চিলড্রেন’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির কার্যনির্বাহী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে ড. মোহাম্মদ মহিউদ্দিন, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত), এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সামছুল আলম (শিবলী), যিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক, নির্বাচিত হয়েছেন।
এই নতুন কমিটি শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় গঠন করা হয়। নবগঠিত কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ২০২৭-২০২৮। অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন রফিকুল ইমলাম পান্না (ঢাকা বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি হিসেবে মোহম্মদ আলী (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) এবং মো. নজরুল ইসলাম (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে খলিলুর রহমান (চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি) ও মো. সাইফুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মো. বাবুল হোসেন বাবু (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ আল-আমিন খান (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক হিসেবে ফরহাদ রহমান সরকার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. সালমান সাদেকীন চয়ন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোস্তাক জাহান (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস) এবং ক্রীড়া সম্পাদক হিসেবে মুহাম্মদ রাশেদুল ইসলাম (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) রয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মো. বশিরুল ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), গোলম মর্তুজা (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কামরুন নাহার (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), খাদেমুল ইসলাম (হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. সাহেদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), খন্দকার মোয়াজ্জেম হোসেন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং আবু সালেহ মুহাম্মদ মূসা (ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়)।
এই সভার সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোঃ আবুল কাসেম শিখদার। সভায় সকলের সম্মতিক্রমে নতুন কমিটির ঘোষণা করা হয়। সভা শেষে সাবেক কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তাদের নিয়ে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)’ যাত্রা শুরু করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়ির চাপায় মো. শাহজালালী (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় তার গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দেয়, যার ফলে তিনি সড়কের এক পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রিজন আরো দুই রিকশাচালককে চাপা দেন। এই ঘটনায় ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান জানান, ‘আমাদের এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে এবং তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।’
ঘটনার পর স্থানীয় লোকজন রিজনকে গাড়িসহ আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গাড়িসহ থানায় নিয়ে যায়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষার্থী রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কি না জানতে চাইলে গাজিউর রহমান জানান, ‘এখনো কোনো মামলা হয়নি। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ