০৪:০৬ পি.এম
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ইটভাটার দেওয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকদের মধ্যে একজন হলেন মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং অপরজন হলেন ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রমিকেরা ইটভাটায় কাজ করছিলেন। এ সময় কিলন বা চিমনির পাশের একটি দেওয়াল হঠাৎ করে ধসে পড়ে। ফলে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু ঘটে। আহত হন আরও দুই শ্রমিক।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবসে সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী
আহত শ্রমিকদের মধ্যে আছেন লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ময়নাতদন্তের পর নিহত দুই শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দুই শ্রমিকের মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন