সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০৪ পি.এম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু ঘটেছে। সোমবার সকালে উপজেলার চরহেয়ারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, চরহেয়ারে পরিবারের অস্থায়ী বসতঘরের পাশে খেলাধুলা করছিল রাইসা মনি। খেলাধুলার এক পর্যায়ে সে একটি গর্তে হাত দিলে, গর্তের ভেতরে থাকা কোনো প্রাণী তার হাতে কামড় দেয়। এতে শিশুটি চিৎকার করতে করতে মায়ের কাছে চলে যায়।
শিশুটির মা কামড়ের স্থান দেখে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেন। কিন্তু বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসার জন্য রাঙ্গাবালী উপজেলা সদরের দিকে রওনা হন।
কিন্তু চিকিৎসার জন্য নেওয়ার পথে শিশুটির মৃত্যু ঘটে। নিহত রাইসা মনি রাকিব মল্লিকের কন্যা। তাদের মূল বাড়ি রাঙ্গাবালীর সেনের হাওলা গ্রামে অবস্থিত। রাকিব মল্লিক মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এবং বর্তমানে চরহেয়ারে পরিবারের অস্থায়ী বসতিতে বসবাস করছেন তারা।
স্থানীয়দের ধারণা, শিশুটিকে সাপ কিংবা কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিয়েছে। তবে কী প্রাণী তাকে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের উজিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন, কেক কেটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তাদের সহযোগি সংগঠনের ব্যানারে একটি ঘরের রুমের মধ্যে বসে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুরের বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহামুদ শাওন, উপজেলা যুবলীগ নেতা মো. শাওন বালী, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, বামরাইল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হাওলাদার, যুবলীগ নেতা ওসমান তালুকদার, জল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, জল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমল রায়, সহ-সভাপতি নয়ন হাওলাদার, শোলক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুন হাওলাদার।
তবে এই বিষয়ে তথ্য সংগ্রহের জন্য উল্লেখিত ব্যক্তিদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও প্রতিটি নম্বর বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উজিরপুরের কোথাও প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়নি। কেউ ঘরের মধ্যে বসে লুকিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন কিনা, সে ব্যাপারে থানার কাছে কোন তথ্য নেই। তবে খোঁজ নিয়ে ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা নিশ্চিত করেছে সূত্রটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিএসও নেটওয়ার্ক পাইকগাছা এর প্রকল্প অবহিতকরণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি সোমবার সকালে খুলনার পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) হলরুমে আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে এবং প্রতিভা সরকার বিকাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাবিবুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশের এনাবল প্রকল্পের কর্মকর্তা শাহরিয়ার মান্নান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ মন্ডল, অধ্যাপক জি এম আজহারুল ইসলাম, চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, শেখ খোরশেদুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম ও ক্যাশিয়ার মহানন্দ অধিকারী, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দীন রাজা, মুক্তা বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বরিশাল জেলার সভাপতি আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এই বিষয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) বাগধা মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রের নবগঠিত কমিটির সভাপতি মো. আবুল হোসেন লাল্টুর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা করা হয়, কীভাবে দীর্ঘদিন বন্ধ থাকা প্রতিষ্ঠানটি পুনরায় সচল করে স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবার আওতায় আনা যায়। বিশেষভাবে, প্রতিষ্ঠানটির অবকাঠামো, প্রয়োজনীয় জনবল, চিকিৎসাসেবা এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে বক্তারা তাদের মতামত প্রকাশ করেন।
বক্তারা সভায় উল্লেখ করেন, বাগধা মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র একসময় স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করতো। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বাগধা ও আশপাশের এলাকার মানুষ এ সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি পুনরায় চালু হলে বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। ১৯৬৭ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদারের উদ্যোগে বাগধা মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু করা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এটি স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে সভায় উল্লেখ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের স্মারক নং-৪২০২/২০২৬, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬-এর অফিস মেমো অনুযায়ী, পূর্ববর্তী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন সাত সদস্যের অ্যাডহক ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটির মেয়াদ ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. এজাজ মিয়া, মুক্তা বেগম, সেলিনা খানম ও মায়া বেগম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত এক গৃহিনীকে হত্যার অভিযোগে তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জেলার মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মৃত আঃ রাজ্জাক সিকদারের পুত্র রাজু সিকদার, বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের কাঞ্চন ঘরামীর পুত্র মো: ইমরান এবং কন্যা জোস্না বেগম। আজ সোমবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত জোৎস্না পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো: বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু, জোৎস্নার স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জোৎস্নার সাথে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য ঘটলে, প্রতিশোধ নিতে ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে রাজু ও জোৎস্নার ভাই ইমরান ওই বাড়িতে প্রবেশ করে মাকসুদাকে মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা মাকসুদাকে রক্তাক্ত অবস্থায় নেছারাবাদ স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করা হয়। আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন রায়ের বিষয়ে বলেন, গৃহিনী মাকসুদা হত্যার ঘটনায় তিনজন জড়িত ছিলেন এবং আদালত তাদের প্রাপ্য সাজা প্রদান করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ