প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত এক গৃহিনীকে হত্যার অভিযোগে তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জেলার মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মৃত আঃ রাজ্জাক সিকদারের পুত্র রাজু সিকদার, বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের কাঞ্চন ঘরামীর পুত্র মো: ইমরান এবং কন্যা জোস্না বেগম। আজ সোমবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত জোৎস্না পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো: বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু, জোৎস্নার স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জোৎস্নার সাথে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য ঘটলে, প্রতিশোধ নিতে ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে রাজু ও জোৎস্নার ভাই ইমরান ওই বাড়িতে প্রবেশ করে মাকসুদাকে মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা মাকসুদাকে রক্তাক্ত অবস্থায় নেছারাবাদ স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করা হয়। আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন রায়ের বিষয়ে বলেন, গৃহিনী মাকসুদা হত্যার ঘটনায় তিনজন জড়িত ছিলেন এবং আদালত তাদের প্রাপ্য সাজা প্রদান করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন