বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০১:২৪ পি.এম
হলিউডের খ্যাতনামা অভিনেতা টম ক্রুজের দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই) তাঁকে সম্মানিত করতে যাচ্ছে। চলচ্চিত্রে অসাধারণ অবদান এবং অভিনয় ও প্রযোজনায় দীর্ঘকালীন সাফল্যের জন্য এই তারকা আজীবন সম্মাননা পুরস্কার লাভ করতে যাচ্ছেন।
এএফআইয়ের পরিচালনা পর্ষদ গত বুধবার এই তথ্য প্রকাশ করে। আগামী ২৪ এপ্রিল ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে টম ক্রুজের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করে আসছেন টম ক্রুজ। ‘টপ গান’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে তাঁর দক্ষতা প্রমাণিত হয়েছে।
এএফআইয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ক্যাথলিন কেনেডি টম ক্রুজের কাজের প্রতি নিষ্ঠা এবং চলচ্চিত্রের প্রতি গভীর ভালোবাসার প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেছেন, অভিনয়শিল্পী ও প্রযোজক হিসেবে টম ক্রুজের অসাধারণ দায়িত্ববোধ এবং সিনেমার মাধ্যমে মানুষকে একত্র করার বিশ্বাস তাঁকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
এর আগে ২০২৫ সালে চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের জন্য সম্মানসূচক অস্কার লাভ করেছিলেন টম ক্রুজ। এবার এএফআইয়ের আজীবন সম্মাননা তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে একটি নতুন উল্লেখযোগ্য অর্জন হিসেবে যুক্ত হতে যাচ্ছে। এই পুরস্কারের মাধ্যমে চলচ্চিত্রশিল্পে তাঁর দীর্ঘকালীন অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হলিউডের প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের বিখ্যাত সিনেমা ‘দ্য প্রেস্টিজ’ মুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে আবারও বড় পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে। এই বিশেষ পুনর্মুক্তিতে দর্শকদের জন্য থাকছে একটি আকর্ষণীয় আয়োজন। প্রথমবারের মতো ৭০ মিলিমিটার আইম্যাক্স পর্দায় সিনেমাটি দেখার সুযোগ তৈরি হচ্ছে।
ডিজনি আগামী ২৯ জানুয়ারি ২০২৭ সালে সিনেমাটি পুনরায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। ২০০৬ সালের ২০ অক্টোবর মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করার পাশাপাশি বক্স অফিসেও উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছিল।
সিনেমাটির পুনর্মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক ক্রিস্টোফার নোলান। তিনি বলেছেন, এত বছর পর সিনেমাটি আবার বড় পর্দায় ফিরছে এবং দর্শকরা এবার প্রথমবারের মতো ৭০ মিলিমিটার আইম্যাক্স প্রযুক্তিতে এটি দেখার সুযোগ পাবেন। বিষয়টি তাঁর কাছে বিশেষ আনন্দের।
‘দ্য প্রেস্টিজ’-এর কাহিনী গড়ে উঠেছে দুই মঞ্চজাদুকর রবার্ট অ্যাঞ্জিয়ার ও আলফ্রেড বোর্ডেনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে। দুই চরিত্রে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান ও ক্রিশ্চিয়ান বেল। এছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মাইকেল কেইন, স্কারলেট জোহানসন, রেবেকা হল, অ্যান্ডি সার্কিস ও ডেভিড বোয়ি।
প্রায় ৪ কোটি মার্কিন ডলার বাজেটে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১০ কোটি ৯০ লাখ ডলার। পাশাপাশি এটি দুটি বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল। ক্রিস্টোফার নোলান তাঁর ভাই জোনাথন নোলানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লেখার পাশাপাশি এমা থমাস ও অ্যারন রাইডারের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করেন।
‘দ্য প্রেস্টিজ’-এর পর ‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’-এর মতো সিনেমা নির্মাণ করে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছেন নোলান। রহস্য, জটিল কাহিনি ও গল্প বলার ব্যতিক্রমী কৌশলের কারণে দর্শকদের আগ্রহ বরাবরই তাঁর সিনেমার প্রতি বেশি। তাই দুই দশক পর ‘দ্য প্রেস্টিজ’-এর এই প্রত্যাবর্তন সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালীন সময়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ এবং ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ডাক দেয়। বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা উজোবাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
সকাল ১১টার দিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশে পৌঁছানোর জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সড়ক থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীরা এবং সন্ত্রাসীরা বাধা প্রদান করলে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
অবরোধ এবং গোলাগুলির কারণে সাজেকে ভ্রমণে আসা অন্তত ৩ হাজার পর্যটক ফের আটকা পড়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগিতায় পিএসজির কাছে পরাজিত হলেও হতাশা প্রকাশ করতে চান না বার্সেলোনা তারকা রাফিনিয়া। বরং তিনি মৌসুমের শেষের দিকে এই দুই দলের পুনরায় মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখছেন। এটি হতে পারে টুর্নামেন্টের ফাইনালেও।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্যারিসে পিএসজি বার্সেলোনাকে ৪-২ গোলে পরাজিত করে। এই পরাজয়ের ফলে কাতালানদের টানা ১১ ম্যাচ জয়ের ধারার অবসান ঘটে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এই পরাজয়কে বড় ধাক্কা হিসেবে মনে করছেন না।
টিএনটি স্পোর্টসকে রাফিনিয়া বলেন, 'আমরা জানতাম এমনটা হতে পারে এবং সত্যি বলতে, দিনশেষে এটা মাত্র তিন পয়েন্টের ব্যাপার—বড় কোনো ব্যাপার নয়। সামনে আরও অনেক ম্যাচ আছে।'
ম্যাচের প্রায় এক ঘণ্টা পর তাকে তুলে নেয়ায় অসন্তোষ প্রকাশ করেন রাফিনিয়া। তবে তিনি জানান, শারীরিকভাবে সেরা অবস্থায় ফেরার জন্য তার খেলার সময় কম রাখা হয়েছিল।
পিএসজির বিপক্ষে হারের পরেও ফাইনালে মুখোমুখি হওয়ার আশা ছাড়ছেন না এই ফরোয়ার্ড। তার ভাষায়, 'যেহেতু উভয় দলই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য লড়ছে, তাই (ফাইনালে) আমাদের মুখোমুখি হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে।'
বার্সেলোনার সামনে এখন এল ক্লাসিকো। আগামী রোববার (২৫ অক্টোবর) তারা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলবে। রাফিনিয়ার আশা, পিএসজির কাছে হারের প্রভাব সেই ম্যাচে পড়বে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এই দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) উপজেলা শাখা একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, সেলিম রেজা লাকী, শেখ রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট একরামুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দীন সোহাগ এবং প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান উপস্থিত ছিলেন।
নিসচা-র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, আবু হুরায়রা বাদশা, মুহাম্মদ শফিয়ার রহমান, জি এম রুস্তম আলী, এরশাদ হোসেন, জাকির হোসেন, রকি বিশ্বাস, আব্দুল মজিদ বয়াতি, রুবেল সরদার, সাংবাদিক এন ইসলাম সাগর, স্নেহেন্দু বিকাশ, আসাদুল ইসলাম, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মণ্ডল, এম জালাল উদ্দীন, দীনেশচন্দ্র রায়, সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম, আল মামুন, আব্দুর রাজ্জাক, আবু হানিফ মিলন, পার্থ হালদার, মজিদা বেগম, রেহানা পারভীন, জয়নাল গাজী, তাহারুল ইসলাম, কাজী সোহাগ, রুহিন সরদার এবং মোস্তাফিজুর রহমান সোহেল রানা প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ