ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি ট্রাম্পের


নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজ ডুবিয়ে দেয়ার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি দেশটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করে, তাহলে ইরানি জাহাজগুলো ডুবিয়ে দেয়া হবে। এই হুমকির প্রেক্ষিতে, ইরানের তেল রফতানিতে ব্যবহৃত একটি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নতুন হামলার খবর প্রকাশিত হয়েছে।

এই ঘটনার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে বৃহত্তর সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। ইরান সতর্ক করে বলেছে, যদি তাদের জাহাজে হামলা করা হয়, তাহলে পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালানো হতে পারে।

রোববার (২২ নভেম্বর) ফক্স নিউজের প্রধান বিদেশবিষয়ক সংবাদদাতা ট্রে ইংস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর এসেছে, সে সম্পর্কে তার কী মতামত।

আরও পড়ুন: লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার যুদ্ধজাহাজ

ট্রাম্প উত্তর দেন, ‘আমি আশা করি, তারা এমনটা করবে। তাহলে তাদের নৌবাহিনীর বাকি জাহাজগুলোর মতো সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে।’

ট্রে ইংস্ট জানান, কূটনৈতিক আলোচনায় কোনো সমঝোতা না হলে নতুন বছরের পর ইরানের ওপর আবারও সামরিক হামলা শুরু করার পক্ষে রয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ইরানি আলোচকদের বিরুদ্ধে অর্থবহ কোনো ছাড় না দিয়ে আলোচনা দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন। তিনি তাদেরকে ‘পেশাদার কথার কারিগর’ বলে কটাক্ষ করেছেন।

ট্রাম্পের এই বক্তব্যগুলো ইঙ্গিত দেয় যে, তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চললেও ওয়াশিংটন সামরিক হামলার পথ খোলা রেখেছে।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪, আহত ১০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ এম


বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে, রাতের সময় কেউ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া, বিনা কারণে রাতের সময়ে সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করার জন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, "দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে।" তিনি উল্লেখ করেন, দলটির নেতাকর্মীরা যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিয়ানী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ছাড়া কাজ না করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ এম


কাশিয়ানী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ছাড়া কাজ না করার অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। তাঁর বিরুদ্ধে ব্যাপক ঘুষ-বাণিজ্য, শিক্ষক হয়রানি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষকদের ফাইল আটকে তিনি ঘুষ গ্রহণ করেন। উপজেলার ১৭১টি স্কুলের প্রায় এক হাজার শিক্ষক তাঁর কাছে জিম্মি হয়ে পড়েছেন। চাকরি ও প্রশাসনিক হয়রানির ভয়ে কোনো শিক্ষক মুখ খুলতে সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলে তাঁকে শোকজের মুখে পড়তে হয়।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে শিক্ষা কর্মকর্তার এসব নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। শিক্ষকদের অভিযোগ, বেতন পুনর্নির্ধারণ (পে-ফিক্সেশন), উচ্চতর গ্রেড অনুমোদন, বেতন-ভাতা নির্ধারণ ও সমতাকরণ, টাইম স্কেল, পিআরএল মঞ্জুর, পেনশন, বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দ, চিকিৎসা অনুদানের আবেদনে স্বাক্ষর, চিকিৎসা ছুটি, বহিঃবাংলাদেশ ছুটি, বদলি, জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে তাঁকে ঘুষ দিতে হয়। এ ক্ষেত্রে দপ্তরি কাম প্রহরীদের বেতনের বিপরীতে ঋণ গ্রহণের ক্ষেত্রেও ২ হাজার টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে ফাইল আটকে দিনের পর দিন ঘুরান তিনি।

চাহিদামতো টাকা না দিলে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষকদের সারাদিন অফিসে বসিয়ে রেখে সন্ধ্যায় একজন করে ডেকে ঘুষ গ্রহণের বিনিময়ে ফাইল ছাড় করেন শিক্ষা কর্মকর্তা। এতে শিক্ষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে শিক্ষা কর্মকর্তার শাস্তির মুখে পড়ার ভয়ে কেউ নাম প্রকাশ করতে চান না। তাঁর এ ঘুষ-বাণিজ্যের সহযোগী হিসেবে কাজ করেন কয়েকজন শিক্ষক নেতা।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৪৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এসব শিক্ষকের নবম পে-স্কেল অনুযায়ী ফিক্সেশন ফরম পূরণের জন্য জনপ্রতি ৩০০ টাকা চাঁদা তোলার নির্দেশ দেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি জিহাদুল ইসলাম জিহাদ। গত ১৩ অক্টোবর নিজ বিদ্যালয়ে আয়োজিত সভায় এ নির্দেশ দেন তিনি।

নির্দেশনা অনুযায়ী ৩০০ টাকা করে জমা দেন শিক্ষকরা। এসব টাকা আদায়ের দায়িত্বে ছিলেন শিক্ষক অসিম সাহা, ইব্রাহিম মুন্সী, পলাশ বিশ্বাস, জহুরুল হক, খায়রুল ইসলাম, অমিত, লাবনী খানমসহ বেশ কয়েকজন শিক্ষক। অসিম সাহা ২৩ জন শিক্ষকের কাছ থেকে টাকা গ্রহণের কথা স্বীকার করেছেন। অনলাইনে নিজের ফরম নিজে পূরণ করার নিয়ম থাকলেও শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতারা যোগসাজশ করে এ টাকা আদায় করেছেন।

একাধিক শিক্ষক জানিয়েছেন, তাঁরা নিজেরাই অনলাইনে পে-স্কেল ফিক্সেশনের কাজ সম্পন্ন করেছেন। এরপরও তাঁদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষকেরা। এ অর্থের একটি অংশ উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারের পকেটে গেছে। আর বাকি অংশের ভাগ নিচ্ছেন শিক্ষক নেতা জিহাদুল ইসলাম ও তাঁর সহযোগীরা।

শুধু পে-স্কেল ফিক্সেশন নয়, বেতন সমতাকরণ ও উচ্চতর গ্রেড অনুমোদনেও শিক্ষকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। ২০২৫-২৬ অর্থবছরে বেতন সমতাকরণের জন্য ৩৬ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার থেকে ৭ হাজার টাকা করে নিয়েছেন। এ ছাড়া চলতি অর্থবছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড অনুমোদনের জন্য ২৩ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে, প্রতিস্থাপন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে উপজেলার রাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হোসেনকে নিজামকান্দি, সাতবাড়িয়ার শিক্ষক তন্বী আক্তার ও হীরা খানমকে ছোটখারকান্দি এবং মহানাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পদায়ন করেছেন। এসব পদায়নে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া তিনি তাঁর দাপ্তরিক কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করেন বলে একাধিক শিক্ষক এ প্রতিবেদককে জানিয়েছেন। এর আগে হাতিয়াড়া ক্লাস্টারের এক সহকারী শিক্ষকের নারী কেলেঙ্কারির অডিও প্রকাশ্যে আসার পর ওই শিক্ষককে শোকজ করে শাস্তির ভয় দেখিয়ে তাঁর অপরাধ ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেছেন উত্তম কুমার সরকার।

৪১ নম্বর বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারলিনা পারভীনের কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সুবিধা প্রাপ্তির আবেদনে সুপারিশ করতে অফিস পিয়ন আশিকের মাধ্যমে ৩ হাজার ৫০০ টাকা ঘুষ দাবি করেন শিক্ষা অফিসার। এ নিয়ে ওই শিক্ষকের পক্ষে উপজেলা ছাত্রদলের একটি অংশ উত্তম কুমারকে অফিসে অবরুদ্ধ করেন। বিষয়টি নিয়ে তোলপাড়ের সৃষ্টি হলে শিক্ষা কর্মকর্তার নানা অনিয়মের খবর প্রকাশ্যে আসতে শুরু করে।

উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা উপকরণ কেনার জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো উপকরণ কেনা হয়নি। টাকা উত্তোলন করে নিয়েছেন শিক্ষা কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ‘শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার ঘুষ ছাড়া কোনো কাগজে স্বাক্ষর করেন না। তিনি নিজেকে সাবেক বিএনপি-ছাত্রদল নেতা পরিচয় দেন এবং তাঁর স্ত্রী জয়ন্ত্রী রুপা রায় ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) বলে তাঁর ক্ষমতার দাপট দেখান। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে তিনি উপজেলার হাজারো শিক্ষককে জিম্মি করে বেপরোয়া ঘুষ-বাণিজ্য করছেন। শিক্ষকরা মুখ খুললেই তাঁকে দফায় দফায় শোকজ করা হয়।’

শিক্ষক নেতা জিহাদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, টাকা তোলার সিদ্ধান্ত হয়েছিল। পরে সেটা বাদ দেওয়া হয়েছে।

এসব অনিয়মের বিষয় শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সঠিক নয়, মিথ্যা ও ভিত্তিহীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বছরে ইরানের বিরুদ্ধে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ এম


নতুন বছরে ইরানের বিরুদ্ধে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যদি ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়, তবে নতুন বছরের পর দেশটির বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরুর বিষয়টি বিবেচনা করছেন। তিনি এ অবস্থানের কথা জানিয়েছেন তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায়।

রোববার (২২ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "ইরানিরা সব সময় কথা বলে, কিন্তু আলোচনায় কোনো ফল আসে না।" তাঁর ভাষায়, "তারা শুধু কথাই বলে যায়।" নতুন বছরের পর কোনো চুক্তি না হলে ইরানে আবার হামলা চালানোর বিষয়ে তিনি আগ্রহী বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ পরীক্ষা করে দেখতে ইরানের তেলবাহী জাহাজগুলো এগিয়ে আসুক, এমনটাও চান ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "জাহাজগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে, যেমনটা হয়েছে ইরানের নৌবাহিনীর ক্ষেত্রে।"

এদিকে, নবনির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট কার্যকর সরকার পরিচালনা ও সাধারণ মানুষের অর্থনৈতিক চাহিদার চেয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, "সম্ভাব্য সরকারি অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করা ঠিক হবে না। বরং যুদ্ধের অর্থায়ন নিয়ে সমঝোতায় পৌঁছানোর দায়িত্ব ট্রাম্পের।"

এল-সাইয়েদ আরও বলেন, "জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মার্কিন সেনাসদস্যদের জীবন রক্ষার মতো বিষয়গুলোর চেয়ে যুদ্ধকে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।"

তিনি জানান, যুদ্ধের অর্থ বরাদ্দ এবং যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের। তবে ট্রাম্প কার্যত সেই ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন বলে অভিযোগ করেন। তবে তিনি সাক্ষাৎকারে স্পষ্ট করেন যে, সরকার বন্ধ হয়ে যাক, সেটি তিনি চান না। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরের ২০০ বছরের জমিদার বাড়িতে ৫ হাজার স্মৃতি, ইতিহাসের গুপ্তধন অবহেলায় হারাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ এম


কালিয়াকৈরের ২০০ বছরের জমিদার বাড়িতে ৫ হাজার স্মৃতি, ইতিহাসের গুপ্তধন অবহেলায় হারাচ্ছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী গ্রামে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহাসিক শ্রীফলতলী জমিদার বাড়ি। এই বাড়িটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে, কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ডের নিকটে অবস্থিত। স্থানীয়ভাবে বাড়িটি ছিবলতলী নামেও পরিচিত। অনেকে এটিকে ভুল করে শিমুলতলী বলেন, কিন্তু সঠিক নাম শ্রীফলতলী। এই বাড়ির ভেতর রয়েছে ৫০০০ স্মৃতি, যা আজ অবহেলায় হারিয়ে যাচ্ছে। বড় তরফের অনেক দরজায় তালা রয়েছে, দেয়ালে ফাটল দেখা যাচ্ছে, তবে ছোট তরফে এখনও বংশধররা টিকে আছেন। এই হৃদয়বিদারক বাস্তবতা নিয়েই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

পারিবারিক ইতিহাস ও স্থানীয় সূত্র অনুযায়ী, তুর্কি সুলতান সুলায়মান দ্য গ্রেট ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষে চারজন গাজীকে পাঠিয়েছিলেন। এর মধ্যে তালিব গাজী অন্যতম। তার নামানুসারে এই অঞ্চলের নাম হয় তালিবাবাদ পরগণা।

শ্রীফলতলীর জমিদার হিসেবে পরিচিত তালিব গাজীর বংশধররা। এই এস্টেটটি বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয়েছিল। এস্টেটের তৎকালীন কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন। তার জমিদারির পরিধি ছিল ময়মনসিংহ, নরসিংদী এবং সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত। জানা যায়, তার প্রচেষ্টায় প্রায় একশ বছর আগে তালিবাবাদ পরগণা সাভার থেকে আলাদা হয়ে কালিয়াকৈর থানা হিসেবে আত্মপ্রকাশ করে। জমিদার রহিম নেওয়াজ খান চৌধুরী ৩০শে বৈশাখ ১৩২০ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। আজ তার নামে এলাকায় মাদ্রাসা চলছে, কিন্তু তার বাড়িটি আজ অবহেলায় কাঁদছে।

একজন ইতিহাস সচেতন ব্যক্তি মন্তব্য করেন, কালিয়াকৈর থানা হওয়ার পেছনে এই পরিবারের অবদান রয়েছে। তিনি বলেন, "আজ আমরা কালিয়াকৈরবাসী বলে পরিচয় দিই, কিন্তু যারা এই পরিচয় এনে দিলেন, তাদের বাড়ির দিকে আমরা তাকাই না। এটা বড় দুঃখের।"

জমিদার বাড়িটি বড় তরফ ও ছোট তরফ- এই দুই অংশে বিভক্ত।

বড় তরফ: পেছনে কিছু পরিবার বসবাস করেন। মূল ভবনের অনেক দরজা তালাবদ্ধ থাকে। বাইরের অংশ সহজে দেখা যায়। ভেতরে ঢুকলেই বোঝা যায়, একসময় এখানে কত মানুষের আনাগোনা ছিল, কত উৎসব হতো। আজ সেখানে নীরবতা বিরাজ করছে।

ছোট তরফ: জমিদার বংশধরদের একাংশ এখানে বসবাস করেন। এটি বিভিন্ন নাটক ও সিনেমার শুটিং স্পট হিসেবেও ব্যবহৃত হয়। এখানে প্রবেশের ক্ষেত্রে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়।

মসজিদ: দুই তরফের মাঝখানে জমিদার বাড়ির মসজিদ অবস্থিত, যা সময়ের প্রয়োজনে সম্প্রসারিত হয়েছে। আজও এই মসজিদে নামাজ হয়, আজান হয়। এই আজানই যেন মনে করিয়ে দেয়- এই বাড়ি এখনো বেঁচে আছে।

সরেজমিনে দেখা যায়, মূল প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকতেই পূর্বপ্রান্তে সৈয়দ আফজাল হোসেন আপেলের দেওয়া সংক্ষিপ্ত ইতিহাস ও তথ্যসংবলিত ফলক রয়েছে। এর পাশেই রহিম নেওয়াজ খান ও সৈয়দ মোফাজ্জল হোসেন চৌধুরীর (শাহজাহান চৌধুরী) দুটি আলোকচিত্র এবং পরিচিতি লেখা আছে। সবুজ ঘাসের আঙিনা পেরিয়ে মূল ভবনের যে কক্ষে সৈয়দ আফজাল হোসেন আপেল বসেন, সেখানেও রয়েছে অসংখ্য দুর্লভ ছবি।

জমিদার বংশের উত্তরসূরি সৈয়দ আফজাল হোসেন আপেলের উদ্যোগে প্রায় ১৫ বছর আগে এই বাড়িতে গড়ে তোলা হয়েছে এক ব্যতিক্রমী ব্যক্তিগত জাদুঘর। এতে স্থান পেয়েছে ৩০০ বছরের পুরোনো পালকি, তৈজসপত্র, দুষ্প্রাপ্য আলোকচিত্র ও পুরোনো সংবাদপত্রসহ প্রায় ৫ হাজার দুর্লভ নিদর্শন। দুটি কক্ষে প্রায় ৩০০ বছর আগের নানা নিদর্শন টেবিল, আলমারি ও কাচের ফ্রেমে যত্নসহকারে সাজানো রয়েছে।

একটি প্রাচীন পালকি, পুরোনো আমলের চামচ, প্লেট, গ্লাস, পিতলের তৈজসপত্র, মাটির ব্যাংক, হারিকেন, কেটলি, চায়ের কাপ, চুড়ি, দা-বঁটি, পুরোনো মডেলের মোবাইল ফোন, বাইসাইকেল ও যন্ত্রাংশসহ ছোট-বড় প্রায় ৫ হাজার সামগ্রী, দেয়াল ও ফ্রেমে শত শত দুষ্প্রাপ্য আলোকচিত্র স্থান পেয়েছে। এর মধ্যে মহানবী (সা.)-এর পদচিহ্নের ছবি, ঐতিহাসিক মসজিদ, ব্রিটিশ আমলের ছবি, জমিদারদের প্রতিকৃতি, দেশি-বিদেশি কবি, সাহিত্যিক ও মনীষীদের ছবি, পুরোনো দিনের চলচ্চিত্র তারকাদের ছবি এবং প্রকৃতি ও বন্যপ্রাণীর নানা আলোকচিত্র উল্লেখযোগ্য।

একসময় সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে এটি বন্ধ রাখা হয়েছে। তবে আগ্রহী দর্শনার্থীরা সৈয়দ আফজাল হোসেন আপেলের অনুমতি নিয়ে এটি পরিদর্শন করতে পারেন।

একজন দর্শনার্থী বলেন, "আমি একবার ভেতরে ঢুকেছিলাম। মনে হলো ৩০০ বছর পেছনে চলে গেছি। পালকি দেখে মনে হলো, জমিদাররা এতেই চড়তেন। এই জিনিসগুলো দেখলে চোখে পানি চলে আসে।"

জাদুঘর গড়ে তোলার প্রেক্ষাপট জানিয়ে সৈয়দ আফজাল হোসেন আপেল বলেন, "দেশে ও বিদেশে পড়াশোনার সুবাদে বিভিন্ন জাদুঘর দেখার সুযোগ হয়েছে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে নিজের জমিদার বাড়িতে এই সংগ্রহশালা গড়ে তুলি। দুর্লভ নিদর্শনগুলো সংরক্ষণের মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি বাড়ানো এবং গবেষণার সুযোগ সৃষ্টি করাই আমার লক্ষ্য, যাতে আগামী প্রজন্ম ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।"

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি ভারাক্রান্ত কণ্ঠে বলেন, "আমি যখন থাকব না, তখন সরকারি নিয়ম অনুযায়ী জাদুঘরটি সরকারের দায়িত্বে হস্তান্তর করে যেতে চাই। কারণ, যথাযথ প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধান ছাড়া সাধারণ মানুষের পক্ষে এসব দুর্লভ নিদর্শনের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। আমি চাই না আমার চোখের সামনে ৫ হাজার স্মৃতি নষ্ট হয়ে যাক।"

এটাই তার সবচেয়ে বড় দুঃখ-একা একা এই ইতিহাস বয়ে বেড়াচ্ছেন, কিন্তু রাষ্ট্র এখনো এগিয়ে আসেনি। তিনি আরও বলেন, "আমি টাকার জন্য এটা করিনি। আমি করেছি ইতিহাস বাঁচানোর জন্য। আমার পূর্বপুরুষরা মানুষের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। আমি চাই তাদের স্মৃতিটুকু অন্তত বেঁচে থাকুক।"

এলাকার উন্নয়নে শ্রীফলতলীর জমিদারদের অবদানও কম নয়। পূর্বপুরুষরা মহাসড়ক ও কালিয়াকৈর হাসপাতালের জন্য জমি দান করেছেন এবং কালিয়াকৈর প্রধান ডাকঘর প্রতিষ্ঠা করেছেন। আজ যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, যে হাসপাতালে চিকিৎসা নেয়, তার পেছনে এই জমিদার পরিবারের দান রয়েছে।

একজন প্রবীণ বাসিন্দা বলেন, "আগে যখন হাসপাতাল ছিল না, মানুষ মারা যেত। জমিদাররা জমি না দিলে আজ কালিয়াকৈরে হাসপাতাল হতো না। তাদের দানের কারণেই আমরা বেঁচে আছি।"

সেই ধারাবাহিকতায় সৈয়দ আফজাল হোসেন আপেল প্রতিষ্ঠা করেছেন কায়সার বানু চৌধুরাণী মহিলা কলেজ। এই কলেজের জন্য তিনি ইতোমধ্যে ৯১ শতাংশ জমি দান করেছেন এবং আরও ৪০ শতাংশ জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

কিন্তু হৃদয়বিদারক বিষয় হলো, বর্তমানে প্রায় পাঁচ লাখ টাকার অভাবে কলেজটির কার্যক্রম আটকে আছে। জমি দিয়েছেন, স্বপ্ন দেখেছেন, কিন্তু টাকার অভাবে মেয়েদের কলেজটি চালু হচ্ছে না। তিনি শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

একজন অভিভাবক বলেন, "আমাদের মেয়েরা দূরে কলেজে যেতে পারে না। এই কলেজটা হলে আমাদের মেয়েরা ঘরের কাছে পড়তে পারত। মাত্র ৫ লাখ টাকার জন্য এটা আটকে আছে, এটা শুনে খুব কষ্ট লাগে।"

এ ছাড়া তার তত্ত্বাবধানে জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদ্রাসা ও সৈয়দা আফিফা খাতুন মহিলা মাদ্রাসা পরিচালিত হচ্ছে।

নানা জাতের বৃক্ষলতা ও পাখির কলকাকলিতে মুখর শ্রীফলতলী জমিদার বাড়ি এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। প্রকৃতির এই উদারতার মাঝে শতবর্ষী আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে স্থাপনাটি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে অবহেলা লুকিয়ে আছে। সংস্কারের অভাবে অনেক অংশ নষ্ট হয়ে যাচ্ছে। পর্যটনের কোনো ব্যবস্থা নেই। সরকারি কোনো বোর্ড নেই, কোনো নির্দেশনা নেই।

স্থানীয়রা বলছেন, শ্রীফলতলী জমিদার বাড়ির এই জাদুঘর কালিয়াকৈরের গর্ব। এটিকে সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ করা হলে গাজীপুরসহ সারা দেশের শিক্ষার্থী, গবেষক ও পর্যটকরা উপকৃত হবেন।

এক স্থানীয় বাসিন্দা বলেন, "এই বাড়ি আমাদের ইতিহাস। ৫ হাজার জিনিস এক জায়গায় দেখা যায়, এটা অনেক বড় ব্যাপার। সরকার যদি এটাকে রক্ষা না করে, তাহলে একদিন এই বাড়ি ভেঙে যাবে, আর আমাদের সন্তানরা জানতেই পারবে না তাদের শেকড় কোথায়।"

আরেকজন বলেন, "যারা হাসপাতালের জন্য জমি দিল, রাস্তার জন্য জমি দিল, ডাকঘর দিল—আজ তাদের বাড়ি অবহেলায় পড়ে আছে। এটা আমাদের জন্য লজ্জার।"

একজন শিক্ষক বলেন, "আমরা ছাত্রদের বইয়ে ইতিহাস পড়াই। কিন্তু চোখের সামনে জীবন্ত ইতিহাস পড়ে আছে শ্রীফলতলীতে। সরকার যদি এটাকে জাদুঘর হিসেবে ঘোষণা করে, তাহলে আমাদের ছাত্ররা অনেক কিছু শিখতে পারবে।"

ঢাকা থেকে বাসে শ্রীফলতলী মোড় বা চন্দ্রা/কালিয়াকৈর বাসস্ট্যান্ডে নেমে রিকশা বা হেঁটে সহজেই এখানে পৌঁছানো যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে শ্রীফলতলী এলাকায় অবস্থিত এই বাড়ি। দর্শনার্থীরা অনুমতি নিয়ে জাদুঘরটি ঘুরে দেখতে পারেন। তবে বড় তরফের ভেতরে প্রবেশে অনুমতি লাগে।

কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদার বাড়ি শুধু ইট-পাথরের স্থাপনা নয়, এটি ২০০ বছরের ইতিহাস, ঐতিহ্য, দান ও মানবতার স্মৃতি। আজ সেই স্মৃতি বাঁচানোর জন্য উত্তরসূরি একা লড়ছেন। একদিকে ৫ হাজার নিদর্শন নষ্ট হয়ে যাওয়ার ভয়, অন্যদিকে ৫ লাখ টাকার অভাবে মেয়েদের কলেজ আটকে থাকার কষ্ট।

এখন সময় এসেছে-রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের এগিয়ে এসে এই গুপ্তধনকে রক্ষা করার। একদিন কালিয়াকৈর হারিয়ে ফেলবে তার সবচেয়ে বড় পরিচয়। আর তখন আমাদের সন্তানরা শুধু গল্প শুনবে-একসময় শ্রীফলতলীতে এক জমিদার বাড়ি ছিল, যেখানে ৫ হাজার স্মৃতি ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%