সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১৯ এম
শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের ধাওয়া খেয়ে অবশেষে নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদসহ গ্রেপ্তার হয়েছেন শাহিন আলম (৩০) নামে এক যুবক। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিন আলম ঢাকার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই ব্যাগ ভর্তি ভারতীয় মদ নিয়ে এক যুবক আসছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে নালিতাবাড়ী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন ওই যুবককে ধাওয়া করে পুলিশ। একপর্যায়ে নালিতাবাড়ী উপজেলার সীমানা ছাড়িয়ে নকলা বাইপাস এলাকায় পৌঁছালে নালিতাবাড়ী থানা পুলিশ বিষয়টি নকলা থানা পুলিশকে জানায়।
পরে নকলা থানা পুলিশ ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা শাহিন আলমকে আটক করে তার কাছে থাকা দুই ব্যাগ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইটপাথরের ঢাকা শহরে বনায়ন শুধুমাত্র একটি পরিবেশগত আকাঙ্ক্ষা নয়, এটি মেগাসিটি হিসেবে টিকে থাকার জন্য একটি অপরিহার্য উপাদান। অপরিকল্পিত নগরায়ণ, গাছপালা কেটে ফেলা এবং নদী ভরাট করে বহুতল ভবন নির্মাণের ফলে ঢাকা শহর বর্তমানে 'হিট আইল্যান্ডে' পরিণত হয়েছে। এর ফলে তীব্র বায়ুদূষণ, দাবদাহ ও অক্সিজেন সংকট নগরবাসীর স্বাস্থ্য ও জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। প্রতিদিন মানুষ দূষিত বায়ুবাহিত জটিল রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে অ্যাজমা। শিশু ও বৃদ্ধদের ওপর এর মারাত্মক প্রভাব পড়ছে। হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, জলবায়ুর ক্রমাগত পরিবর্তন ও পরিবেশের ভারসাম্যহীনতা মানবজাতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় ঢাকার বুকে যেসব খোলা ও পরিত্যক্ত জায়গায় ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়, সেগুলো জরুরি ভিত্তিতে পরিষ্কার করে বনায়নের উপযোগী করা প্রয়োজন। এর সঙ্গে পরিকল্পিত ছাদবাগান গড়ে তোলা এবং রাস্তার পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোও অত্যন্ত জরুরি।
বাংলাদেশ বন অধিদপ্তর ও মার্কিন বন পরিষেবার যৌথ উদ্যোগে পরিচালিত 'আরবান ট্রি ইনভেন্টরি' পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা শহরের ৩০৬ বর্গকিলোমিটার এলাকায় গাছের সংখ্যা ১৩ লাখ (১.৩ মিলিয়ন)। ঢাকার জনসংখ্যার অনুপাতে এই সংখ্যা যথেষ্ট নয়। যেখানে একটি শহরের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ এলাকা সবুজে ঘেরা থাকা প্রয়োজন, সেখানে বর্তমানে মাত্র ১১ শতাংশ বনায়ন বিদ্যমান। শহরকে বসবাসের উপযোগী করে রাখতে আরো লাখ লাখ গাছ লাগানো জরুরি।
পরিকল্পিত বনায়ন শুধুমাত্র তাপমাত্রা কমাবে না, বরং বিষাক্ত বাতাস পরিশোধন করে নির্মল ও শ্বাস নেওয়ার উপযোগী বাতাস নিশ্চিত করবে। এ কার্যক্রমে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। বিভিন্ন স্কুল, কলেজ ও কলোনিতে গিয়ে বনায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে এবং মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।
লেখক: শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইডেন মহিলা কলেজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিবিয়ার বেনগাজি বন্দরে অবস্থানরত একটি রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত দুটি কার্গো জাহাজে হামলা করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ)। রোববার, দ্য জেরুজালেম পোস্টের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে।
স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত রুশ নৌবাহিনীর ‘মেরকুরি’ নামের করভেট যুদ্ধজাহাজের অধিকাংশ অংশই ডুবে গেছে। জাহাজটির সামনের অংশের কিছুটা অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল। এই হামলায় রুশ ও লিবীয় নাগরিকসহ অন্তত ১০ জন সামান্য আহত হয়েছেন।
লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জানায়, জ্বালানি ও রসদ সংগ্রহের উদ্দেশ্যে রাশিয়ায় ফেরার পথে জাহাজটি বেনগাজি বন্দরে অবস্থান করছিল। তারা হামলার নিন্দা জানিয়ে বলেছে, লিবিয়ার ভূখণ্ড ও বন্দরকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
একই দিনে, বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোনবোট হামলার ঘটনা ঘটেছে। লিবীয় নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করেছে। উপকূলের কাছে ২০টির বেশি ড্রোনবোট প্রতিহত করার দাবি করেছে লিবীয় সামরিক সূত্র।
অন্যদিকে, বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার রাশিয়ার ‘স্পার্টা-২’ কার্গো জাহাজে রোববার আগুনের ধোঁয়া দেখা গেছে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, দৃশ্যমান আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের কনটেইনারগুলো ঠান্ডা করা এবং জাহাজটিকে স্থিতিশীল রাখার কাজ চলছিল।
ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, শনিবারের হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে। আন্তর্জাতিক জলসীমায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। জাহাজটির ১৬ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার (২৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রে জানা যায়, সুইডেন আসলাম রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান। এ সময় ইমিগ্রেশনে আসার পর তাকে গ্রেফতার করা হয়।
তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে একটি রাশিয়ান যুদ্ধজাহাজে সন্দেহভাজন ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন দ্বারা হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় হতাহতের তথ্য পাওয়া গেছে।
২২ নভেম্বর, রোববার ভোরে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে এই হামলা সংঘটিত হয়। বন্দরের অবস্থান একটি নৌঘাঁটির নিকটবর্তী। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়, হামলায় নিহতদের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে লিবীয় এবং রুশ নাগরিকদের উপস্থিতি রয়েছে বলে জানা গেছে।
সূত্রগুলো দাবি করছে, হামলার সময় জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ এবং ড্রোন ছিল। স্থানীয় বাসিন্দাদের মতে, তিনটি ড্রোন জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালাতে দেখা গেছে।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যানটর জানায়, হামলার শিকার জাহাজটি রুশ নৌবাহিনীর করভেট শ্রেণির ছোট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ছিল।
রোববারের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাহাজটির অধিকাংশ অংশ পানিতে ডুবে গেছে, কেবল সামনের অংশটুকু পানির ওপরে রয়েছে। জাহাজের উপরের কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং বন্দরের জেটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
এর আগে, বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছিল যে, রাশিয়ার সঙ্গে পূর্বাঞ্চলীয় সরকারের সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে অবস্থান করছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে কয়েকটি সামুদ্রিক ড্রোন ছুড়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ