১১:৫০ এম
চুয়াডাঙ্গার সদর উপজেলায় মাছের ঘের পাহারাদার বদর উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোরের মধ্যে কামরিয়া বিলসংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত বদর উদ্দিন (৫৪) গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা এবং মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বদর উদ্দিন প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও কামরিয়া বিলসংলগ্ন এলাকায় নিজের জমি ও মাছের ঘের পাহারা দিতে যান। রাতে সেখানে একটি ছোট কুঁড়ে বা বসার ঘরে অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ভোরে নিহতের ছেলে সুমন ঘটনাস্থলে গিয়ে বাবাকে রক্তাক্ত ও পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা এসে তার মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১০ থেকে ১২টি কোপের চিহ্ন দেখতে পান।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় যোগদানের ১ ঘণ্টা পর শ্রমিকদের আন্দোলন
দর্শনা থানার ওসি মো. ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ব্যক্তি একসময় নিষিদ্ধ সর্বহারা বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন