ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনা ও ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ


শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনা ও ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।

আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুনানি হওয়ার কথা রয়েছে। গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের সময় আবেদনের কারণে সেদিনের শুনানি পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়। একই ধারাবাহিকতায় রোববার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে, কিন্তু এক আসামির অসুস্থতার কারণে শুনানি আবারও পিছিয়ে দেয়া হয়।

আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর

এ মামলায় গ্রেফতার ১১ আসামির মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি ও হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।

অন্যদিকে, মামলার ৩০ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ ওরফে এস এম জাহিদ এবং ইমরান এইচ সরকার অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, মোহাম্মদ হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান এবং বিএম ফরমান আলীও পলাতক আসামির তালিকায় রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে অভিযান চালানো হয়। অভিযানে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র‍্যাব এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা অংশগ্রহণ করেন। তদন্তে তথ্য-প্রমাণ পাওয়া গেছে যে, অভিযানে শিশুসহ আলেম-ওলামাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে প্রসিকিউশন।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের সম্মানী বাড়ল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন লাগিয়েছে। এই ঘটনায় বাড়ির আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এই ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নুসরাত তাবাসসুম নিজেই বিষয়টি জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, তার শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটি পুড়ে যাওয়ার কথা তুলে ধরে লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, আগুনে পুড়ে যাওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল ‘তারা’।’

ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কি আর করবে!’

পেট্রোল বোমা হামলার বিষয়ে নুসরাত লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

নুসরাতের বাবা হালিম টম জানান, তারা বর্তমানে একটি নতুন বাড়িতে বসবাস করছেন। পুরোনো বাড়িটি গবাদিপশু রাখার জন্য ব্যবহৃত হয় এবং মাঝে মাঝে আত্মীয়স্বজন আসলে সেটি ব্যবহার করা হয়। আগুনের ফলে বাড়ির সব আসবাবপত্র পুড়ে গেছে এবং একটি ছাগলও মারা গেছে।

এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, ‘কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি মহোদয়ের পৈতৃক ও স্থায়ী বাসস্থান লক্ষ্য করে রাত ১২টার পর হামলার ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং আরেকটি বাড়ির উঠানে এসে পড়ে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নুসরাত তাবাসসুমের মা-বাবা ২০ থেকে ৩০ হাত দূরে আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় অবস্থান করছেন। সেখানে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।

তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই সময়ের মধ্যে আগুনের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। একটি ছাগলও পুড়ে গেছে।

নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লঘুচাপের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


লঘুচাপের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন অঞ্চলে আগামী ১৩ নভেম্বরের দিকে নতুন একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর প্রভাবে দেশের আটটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিশেষ করে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় আগামী ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে দু-এক পশলা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বিভাগগুলো অন্তর্ভুক্ত রয়েছে: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।

এদিকে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। এই সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় আন্দোলন শেষে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


সাভার-আশুলিয়ায় আন্দোলন শেষে কাজে ফিরেছেন  পোশাক শ্রমিকরা

টানা কয়েকদিনের আন্দোলন ও অস্থিরতার পর আজ (বৃহস্পতিবার) সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।

শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর এবং সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানা সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই শ্রমিকরা কারখানার সামনে জড়ো হন এবং আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন। কারখানাগুলোতে সকাল থেকেই উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি টহল দলকেও সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

শিল্প পুলিশ-১-এর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরেছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেন। পরে সকাল ৯ টার দিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যে যার মত চলে যায়। তারা কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বনেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


বিশ্বনেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করেছেন

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে চিহ্নিত করছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে তাঁকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

হুমায়ুন কবির উল্লেখ করেন, বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের ভূমিকা এবং তাঁর গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্ব দিচ্ছেন। বুধবার প্রধানমন্ত্রী কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রীর নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাঁকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা জানান তিনি।

লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন মেয়র। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী বছর সফরের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনসহ বিভিন্ন প্রকল্পে চীনা বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় আসে।

এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে মঙ্গলবারের বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনাও আলোচনায় এসেছে।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এ অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে তা বিবেচনা করবে।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ-৩১-এর একটি পার্শ্ব অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরে সরকারের উদ্যোগ এবং এ খাতে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১-এর প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকার ও জলবায়ু অর্থায়নের বিষয়গুলো তুলে ধরবেন। সম্মেলনের পার্শ্ববৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%