বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৫৭ এম
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির কারণে আগামী দশকের মধ্যে ক্যান্সার, আলঝেইমার, হৃদ্রোগ ও মানসিক অসুস্থতার মতো জটিল রোগগুলো অতীত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি অ্যানথ্রোপিকের আইপিও উপলক্ষে আয়োজিত বিনিয়োগকারীদের রোডশোতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি মন্তব্য করেন, ‘ক্যান্সার, আলঝেইমার, হৃদ্রোগ, মানসিক অসুস্থতা—আমার ধারণা, এক দশকেরও কম সময়ের মধ্যে এসব রোগ অতীতের বিষয় হয়ে যাবে।’
আমোদেই আরও বলেন, এসব রোগ বিরল নয়, বরং লাখ লাখ পরিবারের জীবনকে প্রভাবিত করছে। কিছু রোগ চিকিৎসাবিজ্ঞানের কঠিন চ্যালেঞ্জগুলোর মধ্যে পড়ে।
তিনি উল্লেখ করেন, ‘যদি আমরা এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারি, তাহলে এমন একটি যুগ সৃষ্টি হবে, যেখানে মানবজাতি সহস্রাব্দের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম হবে।’
আমোদেইয়ের মতে, এআই একটি প্রযুক্তি, যা জীববিজ্ঞান গবেষণা, ওষুধ আবিষ্কার এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির গতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।
এ ধরনের আশাবাদী পূর্বাভাস শুধু আমোদেই একা দিচ্ছেন না, এআই খাতের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও একই প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের মধ্যে ইলন মাস্ক এবং গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিস উল্লেখযোগ্য।
হাসাবিসের ধারণা, এআই ওষুধ আবিষ্কারের দশ বছরের প্রক্রিয়াকে কয়েক সপ্তাহে নামিয়ে আনতে সক্ষম। এর ফলে আগামী দশকের মধ্যে সব রোগের অবসান কিংবা সব ধরনের রোগ নিরাময়ের সম্ভাবনা তৈরি হতে পারে।
তিনি গুগলের এআই প্রযুক্তি আলফাফোল্ডের (AlphaFold) সাফল্যের কথা উল্লেখ করেন, যা ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করেছে। এটি জীববিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তবে আলফাফোল্ডের এই সাফল্যকে ক্যান্সার, আলঝেইমার কিংবা অন্যান্য জটিল রোগের চিকিৎসা আবিষ্কারের নিশ্চয়তা হিসেবে দেখা উচিত নয়।
এদিকে, এআইয়ের অগ্রগতির ফলে ভবিষ্যতে বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে দাবি করেছেন ইলন মাস্ক।
এআই নিয়ে ওষুধশিল্পের সংশয়
তবে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা যতটা আশাবাদী, ওষুধ আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা ততটা আশ্বস্ত নন। তাদের মতে, এআইয়ের মাধ্যমে দ্রুত ওষুধ আবিষ্কারের সময়সীমা বাস্তবসম্মত নয়।
ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এ ধরনের পূর্বাভাসকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।
তিনি জানান, তাদের প্রতিষ্ঠান প্রায় ৫০টি এআই কোম্পানির প্রযুক্তি পরীক্ষা করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণ করা হলেও কোনো এআই কোম্পানি এককভাবে কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি, যা সরাসরি চিকিৎসায় ব্যবহার করা সম্ভব।
ওষুধশিল্পের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ওষুধ আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে সম্ভাবনাময় অণু শনাক্ত করার কাজ দ্রুত করা গেলেও ক্লিনিক্যাল ট্রায়াল, নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা কিংবা প্রাণী ও মানুষের শরীরে পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
সাধারণত একটি ওষুধ আবিষ্কার থেকে বাজারে আসতে ১০ থেকে ১২ বছর সময় লাগে। এই দীর্ঘ প্রক্রিয়ার বড় অংশজুড়ে থাকে বিভিন্ন পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা।
কম্পিউটারে সম্ভাবনাময় ওষুধের অণু শনাক্ত করা কেবল শুরু। সেটি পরীক্ষাগারে, পরে প্রাণীর শরীরে এবং সবশেষে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে পরীক্ষা করতে হয়। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে, ওষুধটি নিরাপদ এবং রোগ নিরাময়ে কার্যকর।
এআই সম্ভাব্য চিকিৎসা শনাক্ত করার প্রাথমিক কাজ দ্রুত করতে পারে। কিন্তু ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ বাদ দেওয়ার সুযোগ নেই।
জ্ঞানবিজ্ঞানী গ্যারি মার্কাস এবং হৃদ্রোগ বিশেষজ্ঞ ও ডিজিটাল চিকিৎসাবিষয়ক গবেষক এরিক টোপোলও এআইয়ের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
তাদের মতে, বর্তমান এআই মডেলগুলোর জীববিজ্ঞানের গভীর কার্যকারণ বোঝার সক্ষমতা এখনো সীমিত। ফলে এসব প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্যভাবে যুগান্তকারী চিকিৎসা আবিষ্কারের দাবি করার মতো পর্যায়ে পৌঁছানো যায়নি।
২০২৬ সাল পর্যন্ত এআইয়ের নকশায় তৈরি কোনো ওষুধ পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল অনুমোদন পেয়ে চিকিৎসাক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়নি।
এ ছাড়া চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে নির্দিষ্ট সময়ের মধ্যে বড় ধরনের সাফল্যের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার নজির রয়েছে। এর মধ্যে ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের শুরু করা ‘ক্যান্সারবিরোধী যুদ্ধ’ (War on Cancer) উল্লেখযোগ্য। সে সময়ও দ্রুত ক্যান্সার জয় করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এআইয়ের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা থাকলেও অতিরিক্ত আশাবাদী পূর্বাভাস সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবতার তুলনায় অনেক বাড়িয়ে দিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ডেমরায় নিখোঁজের ৪ দিন পর নড়াইবাগ বালুর মাঠের ঝোপঝাড় থেকে প্রতিবন্ধী হামিদুল ইসলামের (১৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ আরিফ (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়ক খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা বুধবার জানান, হামিদুল প্রতিবন্ধী ছিল এবং তার পরিবার চার দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিল না। নিখোঁজ হওয়ার পরদিন পরিবার থানায় জিডি করে।
প্রাথমিক তদন্তের পর আরিফকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ডেমরা থানার নড়াইবাগ বোতল ফ্যাক্টরির পেছনে বালুর মাঠের পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি আরিফ জানিয়েছে, হামিদুলকে ঝোপঝাড়ে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। হামিদুল চিৎকার দিলে তাকে মুখ চেপে ও গলা টিপে হত্যা করা হয়।
বরিশালের কাজীরহাট উপজেলার আন্দারমানিক ২ নম্বর ওয়ার্ডের বাবুল আকন্দের ছেলে প্রতিবন্ধী হামিদুল ইসলাম। বর্তমানে সে পরিবারের সঙ্গে ডেমরার মালা মার্কেট নড়াইবাগ এলাকায় থাকত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিদর্শনের সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। এর পাশাপাশি, তিনি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন।
বুধবার, তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে যান।
প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে, প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কর্তৃক নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন।
তিনি প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের দ্বারা জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে কার্গোটির কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ২৩০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ ৯ জনকে আটক করেন বনরক্ষীরা। আটক কার্গোটি শরণখোলা রেঞ্জ অফিসের নিকটবর্তী ভোলা নদীতে নোঙর করা হয়েছিল। বুধবার সকালে ওই কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, সকালে কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভোলা নদীতে পাম্প মেশিন স্থাপন করে কয়লার ওপর পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচের অংশে কয়লার অতিরিক্ত তাপ থেকে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের কয়লার স্তূপে ভেতরে তাপ থেকে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বন বিভাগকে পরামর্শ দেয়া হয়েছে।
শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশীয় ২৩০ টন কয়লাবোঝাই মিনি কার্গোটি আটক করা হয়। এ সময় কার্গোতে থাকা নয়জনকেও আটক করা হয়। আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করেছিলেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করছিলেন। কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে কার্গোসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আসামিরা বাগেরহাট কারাগারে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইমেইল মারফত বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে। একই ধরনের হুমকিমূলক বার্তা স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও পেয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব হুমকিকে আপাতত ভুয়া বলে মনে করছে।
বুধবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত হামলার আশঙ্কার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের জন্য সরকারের মন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।
ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে হাইব্রিড যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে নতুন করে এ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা এবং টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।
ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা দেশটির লা সেভেন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি এসেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
তিনি বলেন, ঘটনার পেছনে পরিকল্পিত কোনো কৌশল থাকতে পারে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলো হুমকির উৎস শনাক্তে কাজ করছে।
এদিকে শিক্ষামন্ত্রী এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, ইমেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে বাস্তব হামলার আশঙ্কা খুবই কম বলে মনে হচ্ছে। এটি প্রকৃত বোমা হামলার হুমকির পরিবর্তে সাইবার হামলা বা ভয়ভীতি সৃষ্টির প্রচেষ্টা হতে পারে।
সূত্র: আল জাজিরা
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ