ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌ-পরিবহন মন্ত্রী


জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌ-পরিবহন মন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং উচ্চ মূল্য সংযোজনের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার জাহাজ নির্মাণ শিল্পকে ‘অগ্রাধিকার (থ্রাস্ট) খাত’ হিসেবে বিবেচনা করতে পারে।

আজ সংসদে ফেনী-২ আসনের বিএনপির সদস্য জয়নাল আবদিন-এর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কম শ্রম ব্যয়, দক্ষ জনশক্তি এবং মাঝারি আকারের জাহাজের ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদাকে কাজে লাগিয়ে টেকসই ব্লু ইকোনমি ও রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে এ খাতকে নীতিগত সহায়তা দেওয়ার বিষয়টি অত্যন্ত যৌক্তিক।

আরও পড়ুন: বেরোবিতে ৩য় বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু

তিনি আরও জানান, জাহাজ নির্মাণ শিল্প একটি উচ্চ মূলধননির্ভর খাত। তাই এ শিল্পের বিকাশে বিশেষ আর্থিক সহায়তা ও ঋণ সুবিধার প্রয়োজন রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, দীর্ঘমেয়াদি স্বল্পসুদে ঋণ, যেমন চার শতাংশ সুদে অর্থায়ন এবং রপ্তানি ঋণ সহায়তা নিশ্চিত করা গেলে, স্থানীয় উদ্যোক্তা ও শিপইয়ার্ডগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এ খাতের বিকাশে পশ্চাৎ-সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) শিল্পের উন্নয়নও জরুরি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশে নির্মিত জাহাজে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ মূল্য সংযোজন হয়। তবে মেরিন কেবল, মেরিন পেইন্ট, ফাইবারগ্লাস ও স্টিল প্লেটের মতো গুরুত্বপূর্ণ উপকরণ দেশেই উৎপাদন করা গেলে, মূল্য সংযোজনের হার ৪৫ থেকে ৫০ শতাংশে উন্নীত করা সম্ভব।

মন্ত্রী রপ্তানিমুখী শিপইয়ার্ডগুলোর জন্য শুল্ক প্রণোদনা ও কর অবকাশ (ট্যাক্স হলিডে) সুবিধা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ১২ হাজার টন ধারণক্ষমতা পর্যন্ত ছোট ও মাঝারি আকারের জাহাজের ব্যাপক চাহিদা রয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক

এছাড়া কাঁচামাল আমদানির ওপর শুল্ক কমানো এবং দীর্ঘমেয়াদি কর অবকাশ সুবিধা প্রদান করলে, বিশ্ববাজারে বাংলাদেশের জাহাজ নির্মাতাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি।

দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ওয়েল্ডিং, জাহাজ নকশা, বৈদ্যুতিক ব্যবস্থা এবং নৌ-স্থাপত্য বিষয়ে আধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এভাবে প্রতিবছর হাজার হাজার দক্ষ ও অর্ধদক্ষ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী ইউরোপসহ বিশ্ববাজারে পরিবেশবান্ধব জাহাজের চাহিদা বাড়ছে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং সবুজ প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক জাহাজ নির্মাণ বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে হবে।

শেখ রবিউল আলম আশা প্রকাশ করেন যে, জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতি এবং বাংলাদেশ ব্যাংক-এর পুনঃঅর্থায়ন কর্মসূচিসহ বিদ্যমান উদ্যোগগুলোর যথাযথ বাস্তবায়ন ও প্রক্রিয়া সহজীকরণ করা গেলে, এ খাত থেকে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করতে সক্ষম হবে।

আরও পড়ুন: গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি : বিদ্যুৎমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখের বাজেট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখের বাজেট

বান্দরবানের লামা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ রেখে এই বাজেট উন্মোচন করা হলো। বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) সকালে লামা পৌরসভা মিলনায়তনে ১১ কোটি ২৩ লাখ তিন হাজার ৬১৩ টাকার বাজেটটি ঘোষণা করা হয়।

বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয়ের পরিমাণ দুই কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭২২ টাকা ধরা হয়েছে। রাজস্ব ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি ১৪ লাখ ৩৩ হাজার ৭২২ টাকা।

এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য এক কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি খাতে ২৫ লাখ ২০ হাজার ও শিক্ষা খাতে দুই লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পানি সরবরাহ সহ প্রয়োজনীয় বরাদ্দও রাখা হয়েছে।

বাজেটের উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে আট কোটি ৭০ লাখ টাকা। আয় বিবরণে সরকারের উন্নয়ন সহায়তা মঞ্জুরি এক কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রকল্প বাবদ তিন কোটি টাকা এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫০ লাখ টাকা রয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে মঞ্জুরি ৫০ লাখ টাকা পান লামা পৌরসভা।

এ ছাড়া সরকারের বিশেষ বরাদ্দ থেকে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২০ লাখ টাকা, পৌরভবন সম্প্রসারণে ৫০ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে তিন কোটি টাকা ধরা হয়েছে।

ব্যয় বিবরণে অবকাঠামো উন্নয়ন বাবদ পাঁচ কোটি ৪০ লাখ টাকা, পৌরভবন সম্প্রসারণ ও সংস্কার, স্টাফ ডরমেটরি নির্মাণ, পৌর ভবনের সীমানা প্রাচীর নির্মাণ এবং মার্কেট নির্মাণ বাবদ এক কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য এক কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বাজেট সভায় স্বাগত বক্তব্য দেন পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়ক কমিটির সদস্য ও উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব ও উপজেলা জামায়াতের আমির কাজী মুহাম্মদ ইব্রাহীম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে যেকোনো চুক্তি উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ইরানের সঙ্গে যেকোনো চুক্তি উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (২৫ জুন) উপসাগরীয় মিত্রদের সাথে আলোচনা করেন এবং বলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে তাদের স্বার্থ বিবেচনায় রাখা হবে।

আঞ্চলিক অংশীদারদের কাছে এই সফরের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরানের সাথে প্রাথমিক চুক্তিটি গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করে। সফর শেষ করার সময় রুবিও এ কথা বলেন।

মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে বাহরাইনে উপসাগরীয় আরব পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ওয়াশিংটন তার দীর্ঘদিনের শত্রু ইরানের সাথে একটি স্থায়ী শান্তির চেষ্টা করছে, যা তেলসমৃদ্ধ এই অঞ্চলের মিত্রদের নিরাপত্তা ও সমৃদ্ধিকে ক্ষুণ্ণ করবে না।

প্রতিবেদনে আরও বলা হয়, এই সংঘাত চলাকালে ইরান বিশ্বের দুইটি সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী—যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে লড়াই করেছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কার্যকর নিয়ন্ত্রণে নিয়েছে, যা তেল প্রবাহে মারাত্মক ব্যাঘাত ঘটিয়ে বৈশ্বিক জ্বালানি বাজার ও বৃহত্তর অর্থনীতিকে সংকটাপন্ন করে।

রুবিও বলেন, ‘বাস্তবতা হলো, পৃথিবীর কোনো দেশেরই আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য অর্থ আদায়ের অধিকার নেই। এবং এটি কোনো চুক্তিরই গ্রহণযোগ্য শর্ত হতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে মৌলিকভাবে স্পষ্ট।’

এদিকে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি, যিনি এই সমাবেশের সভাপতিত্ব করছেন, তিনি প্রণালীটির মধ্য দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য ওমানের করিডোর ঘোষণার বিষয়টিকে স্বাগত জানান।

গত সপ্তাহে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র-ইরান কাঠামো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে রুবিওর তিন দিনের উপসাগরীয় সফরটি প্রথম উচ্চ-পর্যায়ের কূটনৈতিক মিশন। এই সংঘাত শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার মাধ্যমে।

রুবিও তার মিশনের সংবেদনশীলতার কথা স্বীকার করেছেন এবং উপসাগরীয় আরব নেতাদের মন জয় করার চেষ্টা করছেন, যারা শঙ্কিত যে অতিরিক্ত ছাড় তেহরানকে শক্তিশালী করতে পারে এবং এই অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য ও তেল প্রবাহের ধরন পরিবর্তন করতে পারে। প্রতিবেদন থেকে জানা যায়।

সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে তার পূর্ববর্তী সফরগুলোতে রুবিও কর্মকর্তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, প্রস্তাবিত চুক্তিটি ইরানের প্রতি অতিরিক্ত অনুকূল নয়। ইরান মার্কিন-ইসরাইল যুদ্ধের সময় বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল।

রুবিও কুয়েতে সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন কিছুই করব না যা এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে।’

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দর বন্ধ

ভূমিকম্পের কারণে ভেনিজুয়েলা সরকার রাজধানী কারাকাসের প্রধান বিমানবন্দর, সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, বিমানবন্দরের টার্মিনাল ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ কারণে সব ধরনের বিমান চলাচল ও কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ভূমিকম্পের সময় বিমানবন্দরে তীব্র কম্পন অনুভূত হয়। অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, অগ্রাধিকারের বিষয় হলো ‘জীবন রক্ষা করা’।

ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও তিনি জানান।

রদ্রিগেজ বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র, ডোমিনিকান রিপাবলিক, মেক্সিকো ও এল সালভাদরসহ বিভিন্ন দেশ থেকে উদ্ধারকর্মীরা ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করবে।

তিনি আরো জানান, যারা তাদের বাড়িঘর হারিয়েছেন, তাদের জন্য হোটেল ও আশ্রয়স্থল প্রস্তুত রাখা হয়েছে এবং জনসেবার জন্য অপরিহার্য নয়, এমন সব শ্রেণিকক্ষ কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের যুবক মুকুল মালিক হত্যা মামলায় ৩ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ছহিরুদ্দিনের মেয়ে এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাওকি গ্রামের মুকুল মল্লিকের স্ত্রী ফিরোজা খাতুন, হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মিঠু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও মনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন (পলাতক)।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অপরদিকে, একই মামলার আসামি ফারুক হোসেন ও মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে পারিবারিক বিষয় নিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজা খাতুনের সঙ্গে মুকুল মালিকের বিরোধ হয়। ওই রাতেই মুকুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১৩ আগস্ট গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠের একটি ধানক্ষেতের গর্ত থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বিশ্বাস হরিণাকুন্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত ৩ আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে।

রায়ে আদালত দণ্ডপ্রাপ্ত আসামিদের পূর্বে ভোগ করা হাজতবাসের সময় দণ্ডের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেন। একইসঙ্গে খালাসপ্রাপ্ত আসামিদের জামিননামার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%