০৪:৪০ পি.এম
চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়াপাখি উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পাখি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজি কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।
আরও পড়ুন: দুর্গম পাহাড়ে যোগাযোগের ভরসা বাঁশের সাকু, নির্মাণে হিল ভিডিপি
পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ অমান্য করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে টিয়াপাখিগুলো দেশে নিয়ে আসেন গ্রেপ্তার ব্যক্তিরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৮০টি টিয়াপাখি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সোনাপাহাড় ওমেরা এলপিজি কারখানা এলাকায় অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন