মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৯ পি.এম
সরকার দেশের চারটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ প্রদান করেছে। একই সাথে, এসব জেলার বর্তমান পুলিশ সুপারদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুজ্জামানকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নেত্রকোনার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ঢাকার এআইজি জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবাকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবিতে বদলি করা হয়েছে।
এছাড়া, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবাকে পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরে রিপোর্টিংরত পুলিশ সুপার মো. নুরুল আমিন হাওলাদারকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন, যা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।
মঙ্গলবার বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রেসিডেন্টকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, "বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মসংস্থানের উপযোগী নয়—এমন শিক্ষা ব্যবস্থা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।" শিক্ষাকে বাস্তবমুখী ও কর্মমুখী করার পাশাপাশি প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।
প্রেসিডেন্ট জানান, "বর্তমান বিশ্বের কর্মবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে।" তাই দেশের শিক্ষার্থীদের এমন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে, যাতে তারা দেশের পাশাপাশি বিদেশের শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা কাজে লাগাতে পারে।
সাক্ষাৎকালে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে মন্তব্য করেছেন যে, ভারতবিরোধিতাকে নেপালি জাতীয়তাবাদের সমার্থক হিসেবে দেখানোর ‘পুরনো’ জাতীয়তাবাদী রাজনীতির যুগ শেষ হয়ে গেছে। তিনি ভারত-নেপাল সম্পর্ককে নতুন করে সাজানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।
সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য ওয়াগলে নয়াদিল্লি সফর করেন। এটি ছিল তার দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর।
অর্থনীতিবিদ এবং সাবেক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্মকর্তা ওয়াগলে জানিয়েছেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রায় ৫ বিলিয়ন ডলারের পুনরুদ্ধার প্রকল্পের জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওয়াগলে উল্লেখ করেছেন, নতুন বালেন শাহ সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন সূচনা’ করতে চায়। তিনি জানান, পুরনো বাণিজ্য চুক্তি ও যোগাযোগ প্রকল্পগুলোও পর্যালোচনা করা হবে।
নেপালের বিমানবন্দরগুলোর জন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওভারফ্লাইট অধিকার আদায়ের বিষয়টিও নতুন করে আলোচনায় আসবে বলে তিনি জানান। পাশাপাশি, দুই দেশের সীমান্ত বিরোধের মতো জটিল বিষয়গুলোকে গঠনমূলক উপায়ে মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করেছেন নেপালের অর্থমন্ত্রী।
পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে ওয়াগলে শিগগিরই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বৈঠকে অংশ নিতে সফর করবেন। এসব বৈঠকে নেপালের পুনরুদ্ধার কার্যক্রমে আর্থিক সহায়তা চাওয়া হবে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, সরকার চা বাগান এলাকার দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার সংকট দ্রুত সমাধানের জন্য সুনির্দিষ্ট ও টেকসই পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে, আন্তর্জাতিক বাজারের অভিঘাত মোকাবেলা করে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলা অব্যাহত রাখতে এবং বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চালানো হচ্ছে।
মন্ত্রী আরও জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ানোর সুযোগ নিতে না পারে, সেজন্য বাজার তদারকি আরও জোরদার করা হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও পার্শ্ববর্তী দেশে পাচারের কোনো সম্ভাবনা নেই। বিরোধী দল শাসনব্যবস্থার একটি অংশ উল্লেখ করে তিনি তাদেরকে মুখরোচক বক্তব্য না দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সিএসআর তহবিলের সহযোগিতায় প্রতিকূল আবহাওয়ায় কর্মরত চা-শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিলেট সফরকালে সরজমিনে চা বাগান ঘুরে দেখেন। প্রচণ্ড বৃষ্টি ও কাদার মধ্যে চা শ্রমিক মা-বোন এবং ভাইদের কষ্ট করে কাজ করতে দেখে তিনি ব্যথিত হন।
সেখান থেকেই তাঁদের সুরক্ষায় এই রেইনকোট বিতরণের চিন্তাভাবনা শুরু হয়।”
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, বাগানে আকস্মিক জটিল রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে ২-৩টি বাগান নিয়ে একটি করে জরুরি অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করা হচ্ছে, যাতে মুমূর্ষু রোগীদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা যায়। বাগানে প্রয়োজনীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অভাব দূর করতে জাতীয় ভিত্তিতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) স্থান নির্ধারণসহ প্রক্রিয়া শুরু করেছেন।
পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী স্কুল নির্মাণ করা হবে, যাতে নতুন প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন বৃত্তিমূলক পেশায় যুক্ত হতে পারে। প্রাথমিক চিকিৎসা ও প্রসূতি মায়েদের দ্রুত চিকিৎসার সুবিধার্থে বাগানগুলোতে কমিউনিটি ক্লিনিক বা হেলথ সেন্টার গড়ে তোলা হবে। চা বাগান এলাকার কাঁচা ও জীর্ণ রাস্তা সংস্কার করে টেকসই সড়ক নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, গত ২০ দিনের ব্যবধানে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ও লাইট সুইট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৮০-৮৫ ডলার থেকে বেড়ে ১০৬ ডলারে পৌঁছেছে। তবে এই মূল্যের সম্ভাব্য ধাক্কা সামলাতে আমদানিকারক ও ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পণ্যের সরবরাহ শৃঙ্খলা নিরবচ্ছিন্ন রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এফএসআরইউ’র যান্ত্রিক ত্রুটি কেটে যাওয়ায় সয়াবিন তেল রিফাইনারি ও চিনি প্রসেসিং কারখানাগুলো এখন পূর্ণ উদ্যমে উৎপাদনে ফিরেছে। ফলে বাজারে নিত্যপণ্যের কোনো সংকট হবে না। কোনো অসাধু চক্র যাতে দাম বাড়াতে না পারে, সে জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যৌথ উদ্যোগে বাজার তদারকি আরও নিবিড় ও কঠোর করা হচ্ছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে পণ্য পাচার প্রতিরোধে বিজিবি ও স্থানীয় প্রশাসন সজাগ রয়েছে। ধুঁকতে থাকা চা শিল্পকে পুনরায় স্বমহিমায় ফেরাতে এবং অর্থনৈতিকভাবে টেকসই ও লাভজনক করতে নানা উদ্যোগের কথা জানান মন্ত্রী। যেসব বাগানের কাছাকাছি বিদ্যুৎ সঞ্চালন বা ইভাকুয়েশন লাইন রয়েছে, সেগুলোতে সোলার পাওয়ার প্ল্যান্ট (সৌর বিদ্যুৎ কেন্দ্র) স্থাপনে সরকার সহায়তা ও উৎসাহ দেবে। এ ছাড়া মূল চা গাছের ক্ষতি না করে বাগানের অব্যবহৃত উপযোগী জায়গায় মসলাজাতীয় ফসল ও টিম্বার (কাষ্ঠল গাছ) চাষের মাধ্যমে বিকল্প আয়ের পথ তৈরি করা হচ্ছে।
২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছরে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে সংগত উল্লেখ করে মন্ত্রী বলেন, অর্থনীতিতে হঠাৎ কোনো আকস্মিক চাপ যাতে না পড়ে এবং নতুন করে মূল্যস্ফীতি না বাড়ে, সে জন্য একবারে না দিয়ে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি মুক্ত বাজার অর্থনীতির নিয়মে বেসরকারি খাতও বেতন সমন্বয় করছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে নতুন বেসরকারি বিনিয়োগের আওতায় এনে সচল করার পরিকল্পনা রয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী কেবল মুখরোচক কথা না বলে দেশের গণতান্ত্রিক চর্চা ও জনগণের কল্যাণে কার্যকর ও গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ-এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ফয়সল আহমদ চৌধুরী, মাহবুব কাদির শাহী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চা বাগান ব্যবস্থাপক, শ্রমিক প্রতিনিধি এবং এলাকাভিত্তিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বরিশালের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক সমকালের প্রাক্তন ব্যুরো চীফ প্রয়াত পুলক চ্যাটার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভাটি সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু'র সভাপতিত্বে এবং সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সিনিয়র সাংবাদিক এনামুল হক, গোফরান বিশ্বাস পলাশ, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু, আহমেদ তানভীর পাশা প্রমূখ।
সভার শুরুতে সাংবাদিক পুলক চ্যাটার্জীর বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ