বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:১৭ পি.এম
নৌ প্রশিক্ষণ মহড়ার সময় সাগরের পানিতে ভেসে যাওয়ার কারণে কাজাখস্তানের ৯ সেনা সদস্যের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে যুদ্ধ প্রশিক্ষণের একটি মিশন পরিচালনার সময় এই দুর্ঘটনাটি ঘটে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন এবং বাতাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে সেনারা সাগরের পানিতে ভেসে যান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মোট ১৯ সেনা সদস্য সাগরে ভেসে গিয়েছিলেন। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানাচ্ছে, তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এটি কাস্পিয়ান সাগরের তীরবর্তী একটি এলাকা। সেনারা কিভাবে সাগরে ভেসে গিয়েছিলেন, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ জাকার্তায় ফিফা আসিয়ান কাপের উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশ দল আগামীকাল মালয়েশিয়ার বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে। এর আগে, বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া তাদের লক্ষ্য সম্পর্কে কথা বলেছেন।
জামাল ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, "অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে এবং ভালো পারফর্ম করতে আমাদের প্রত্যাশা আছে। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি।"
বর্তমানে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে ১৮১তম অবস্থানে রয়েছে। শক্তিমত্তার দিক থেকে গ্রুপের অন্য তিন দল এগিয়ে রয়েছে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে।
জামাল গ্রুপে বাংলাদেশের অবস্থান সম্পর্কে সচেতন। তবে তিনি র্যাঙ্কিংয়ের ব্যবধানকে বাধা হিসেবে দেখছেন না। তিনি বলেন, "আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না।"
আসিয়ান কাপে ভালো করার পাশাপাশি জামালের স্বপ্ন হলো বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। সদ্য যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের ম্যাচ দেখে ফেরা জামাল ফিফাকে বলেন, "বিশ্বকাপের সময় বাংলাদেশে যে কী উন্মাদনা হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার প্রতিটি ভবনে বিভিন্ন দলের পতাকা ওড়ে, বড় পর্দায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে। একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি... সেই উন্মাদনার মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে!"
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। অন্যদিকে, ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামের সময় দুই দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ সমঝোতায় সই করেন। এই সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব এবং সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে। এছাড়া, বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে, মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ইউ তীন উ লুইন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক ঐক্য এবং অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ফোরামের চলাকালে, রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম স্পুতনিক ইন্টারন্যাশনালকে একটি বিশেষ সাক্ষাৎকার প্রদান করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বিভিন্ন ধারার বিষয় তুলে ধরবেন।
ফোরামের দ্বিতীয় দিন শুক্রবার ‘ফোক আর্টিজান ক্র্যাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য দেবেন নিতাই রায় চৌধুরী। সেখানে তিনি বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্পের পুনর্জাগরণ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকার আশা করা হচ্ছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল গত ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলে সংস্কৃতি মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাজিলের পক্ষে পেনাল্টি নেওয়ার বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ব্রুনো গিমারায়েস পেনাল্টি মিস করার পর এই আলোচনা আরও তীব্র হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, পেনাল্টিতে ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য ও সফল ফুটবলার হলেন রাফিনিয়া। পেশাদার ক্যারিয়ারে তিনি ২৪টি স্পট কিকের মধ্যে ২৩টি গোলে পরিণত করেছেন। প্রায় এক দশক ধরে তিনি কোনো পেনাল্টি মিস করেননি।
২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে রাফিনিয়া শতভাগ সফল ছিলেন। তিনি ৫টি পেনাল্টি নিয়ে ৫টিই গোলে পরিণত করেছেন। এই মৌসুমে এখন পর্যন্ত ৩টি পেনাল্টি নিয়ে সবগুলোই গোল করেছেন। বিশ্বকাপ পরবর্তী ব্রাজিল দলে তাই রাফিনিয়াকেই পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে প্রথম পছন্দ হিসেবে দেখা হচ্ছে।
গত জুলাইয়ে বিশ্বকাপ শেষে এবারই প্রথম আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রীতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে। সেই কারণে পেনাল্টি শট নেওয়ার প্রসঙ্গটি স্বাভাবিকভাবেই উঠছে।
স্কোয়াডে ভিনিসিয়ুস, রাফিনিয়া, এস্তেভাও, এনদ্রিকদের মতো তারকারা রয়েছেন, সঙ্গে মার্কিনিওসের মতো অভিজ্ঞ খেলোয়াড়ও আছেন। তবে শুধু অভিজ্ঞতা কিংবা তারকা খ্যাতি দিয়ে পেনাল্টিতে গোল পাওয়া নিশ্চিত হয় না, সেটি তাদের ভালোভাবে জানা আছে।
সর্বশেষ বিশ্বকাপে নরওয়ের বিরুদ্ধে ব্রাজিলের পাওয়া পেনাল্টি নিতে এগিয়ে যান গিমারায়েস। তার শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলকিপার। সেই মিসের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানান, পেনাল্টির জন্য নির্ধারিত খেলোয়াড় বাছাইয়ে গত এক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছিল।
আনচেলত্তি বলেন, “আমরা খেলোয়াড়দের এবং প্রতিপক্ষের গত এক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করেছি। জাতীয় দলে সবচেয়ে ভালো ছিল রাফিনিয়া। ওই মুহূর্তে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে প্রথমে নেইমার, এরপর ইগোর থিয়াগো, তারপর রাফিনিয়া, এরপর ব্রুনো গিমারায়েস এবং তারপর মার্তিনেল্লি।”
অর্থাৎ, গিমারায়েসের আগে রাফিনিয়াকেই রেখেছিলেন আনচেলত্তি। তবে চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে তিনি খেলতে পারেননি। কিন্তু এখন যেহেতু রাফিনিয়া শতভাগ ফিট, তাই আনচেলত্তি তাকেই পেনাল্টি নেওয়ার দায়িত্ব দিতে পারেন।
রাফিনিয়া পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে কতটা দক্ষ, সেটি তুলে ধরেছে কাতালান সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো। তার নেওয়া সর্বশেষ ১৬ পেনাল্টির মধ্যে (বার্সেলোনার হয়ে ১৩টি ও ব্রাজিলের হয়ে ৩টি) ৯টি শট গোলকিপারের ডান দিকে, ৬টি বাঁ দিক দিয়ে চিপ করে এবং ১টি পোস্টের মাঝ বরাবর দিয়ে গেছে।
অর্থাৎ, স্পট কিকে রাফিনিয়া কোন দিক দিয়ে শট নেবেন, তা প্রতিপক্ষ গোলকিপারের জন্য অনুমান করা খুব কঠিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভক্তরা শাহরুখ খান, আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে একসঙ্গে সিনেমায় দেখতে আগ্রহী। সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনে এই তিন বলিউড তারকাকে একত্রে দেখা গেছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রুংটা স্টিলের নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন শাহরুখ, আলিয়া ও রণবীর। বিজ্ঞাপনের শুরুতে অভিনেতা বিজেন্দ্র কালা তিন তারকাকে নিয়ে একটি মজার পরিকল্পনা করেন। সেখানে তাঁদের অক্ষয় কুমারের জনপ্রিয় ‘হুক্কা বার’ গানের সঙ্গে নাচানোর কথা বলা হয়।
কিন্তু এই পরিকল্পনা তিন তারকার মধ্যে কোনোকারো পছন্দ হয় না। এরপর তাঁরা নিজেদের সিনেমার গল্প ও সংলাপের আদলে বিজ্ঞাপনের আইডিয়া দিতে শুরু করেন।
শাহরুখ প্রথমে তার জনপ্রিয় ‘ডন’ সিনেমার সংলাপের আদলে বলেন, ‘ডনকে ১২ দেশের পুলিশ ঘিরে রেখেছে, কিন্তু তার বাড়ি ভাঙতে পারছে না, কারণ সেটি রুংটা টিএমটি বারে তৈরি।’
শাহরুখের এই কথার পর রণবীর মজা করে বলেন, ‘এই বিজ্ঞাপন সহ্য করা কঠিনই নয়, অসম্ভব।’ এরপর তিনি নিজের ‘রকস্টার’ সিনেমার কথা মনে করিয়ে একটি বিজ্ঞাপনের গল্প বলেন।
এরপর আলিয়াও তার সিনেমা ‘জিগরা’র প্রসঙ্গ টেনে একটি আইডিয়া দেন। তার গল্পে এক মেয়ের ভাই জেলে রয়েছে। কিন্তু জেলটি টিএমটি বারে তৈরি হওয়ায় মেয়েটি সেটি ভাঙতে পারছে না।
আলিয়ার এই আইডিয়া শুনে শাহরুখ মজা করে বলেন, ‘এটা দেখার জিগরা কারও নেই।’
শেষ পর্যন্ত তিন তারকাকেই অক্ষয় কুমারের ‘হুক্কা বার’ গানের সঙ্গে নাচতে দেখা যায়।
বিজ্ঞাপনটি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তিন তারকার রসায়নের প্রশংসা করেছেন। কেউ কেউ সরাসরি তাদের একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করানোর দাবি জানিয়েছেন।
এর আগে শাহরুখ ও আলিয়া ২০১৬ সালের ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তবে শাহরুখ ও রণবীরকে এখনো কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। তাই নতুন বিজ্ঞাপনে তিনজনকে একসঙ্গে দেখে আবারও তাদের বড় পর্দায় একসঙ্গে দেখার দাবি তুলেছেন ভক্তরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ