০১:১১ পি.এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : আবদুল হাফিজ খোসো, পাকিস্তানের ধানখেতঘেরা একটি গ্রামের বাসিন্দা, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিপূরণ আদায়ের জন্য একটি নজিরবিহীন আইনি লড়াই শুরু করতে জার্মানি সফরের সময় দেশটির বিশাল শিল্পাঞ্চল দেখে বিস্মিত হয়েছিলেন।
৪৩ বছর বয়সী খোসো মন্তব্য করেন, ‘তারা পরিবেশ দূষণ ছড়াচ্ছে। আকাশের ওপরে কোনো সীমানা নেই। এই দূষণের প্রভাব যেকোনো জায়গায় পড়তে পারে।’
বার্তা সংস্থা এএফপি পাকিস্তানের জ্যাকোবাবাদ থেকে এ খবরটি জানায়।
আরও পড়ুন: গাজীপুরে ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
তিনি উল্লেখ করেন, ‘এটি গোটা বিশ্বের সমস্যা। তাই এর সমাধানও বৈশ্বিক পর্যায়ে হওয়া উচিত।’
২০২২ সালের ভয়াবহ বন্যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের খোসোসহ ৩৯ জন কৃষক জার্মানির জ্বালানি কোম্পানি আরডব্লিউই (আরডব্লিউই) এবং সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বিরুদ্ধে মামলা করেছেন। জলবায়ু পরিবর্তনে ভূমিকার জন্য বড় দূষণকারী কোম্পানিগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের এই উদ্যোগটি বিরল।
এ মামলায় পাকিস্তানে কোম্পানি দুটির নির্দিষ্ট কোনো কার্যক্রমের কারণে অভিযোগ আনা হয়নি। বরং জলবায়ু উষ্ণায়নে ভূমিকা রাখা তাদের কার্বন নিঃসরণের জন্য তাদের দায়ী করা হচ্ছে। উভয় কোম্পানির সদর দপ্তর জার্মানিতে অবস্থিত। সম্প্রতি দেশটিতে একটি মামলার রায়ে এ ধরনের মামলা করার পথ উন্মুক্ত হয়েছে।
মামলায় বলা হয়েছে, কোম্পানি দুটির কার্বন নিঃসরণ জলবায়ু পরিবর্তনে ভূমিকা রেখেছে এবং অতিবৃষ্টির তীব্রতা বাড়িয়েছে। এর ফলে কৃষকদের ফসল, গবাদিপশু ও ঘরবাড়ি বন্যায় ধ্বংস হয়েছে।
আরও পড়ুন: সরকার ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা করছে
জ্যাকোবাবাদ জেলায় স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে বসবাসকারী খোসো এএফপিকে বলেন, ‘২০২২ সালের পরিস্থিতি ছিল প্রলয়ংকরী। আমাদের বয়োজ্যেষ্ঠরাও এমন আবহাওয়া কখনো দেখেননি।’
তিনি আরও বলেন, ‘আমাদের আর কিছুই অবশিষ্ট ছিল না।’
বাদীপক্ষের হিসাব অনুযায়ী, বৈশ্বিক শিল্পকারখানার মোট কার্বন নিঃসরণে আরডব্লিউইর অবদান ০.৬৮ শতাংশ এবং হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ০.১২ শতাংশ। তবে উভয় কোম্পানিই অভিযোগ অস্বীকার করেছে।
ক্ষতিপূরণ আদায় এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির দায় আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে গড়ে ওঠা নতুন উদ্যোগকে এগিয়ে নিতে পাকিস্তান ও ইউরোপের কয়েকটি সংগঠন খোসোর মামলায় সহায়তা করছে।
আরও পড়ুন: পল্টনে রিকশাশ্রমিকদের সড়ক অবরোধ, সৃষ্টি হলো তীব্র যানজট
মামলার জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করা পাকিস্তানের হ্যান্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উন্নয়ন বিশেষজ্ঞ মীর কিরিও মন্তব্য করেন, ‘আমরা সব সময় প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করি। কখনো কখনো সৃষ্টিকর্তাকেও দায়ী করি। কিন্তু বিজ্ঞান বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঝুঁকি ও তীব্রতা বাড়ছে।’
তিনি উল্লেখ করেন, ‘যারা এই সংকটে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা বুঝতে পেরেছি, জলবায়ু ন্যায়বিচারের লড়াইয়ে বড় দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই আমাদের দাঁড়াতে হবে।’
ঋণের বোঝা ও ক্ষতিপূরণ-
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন নিয়ে আইনি লড়াইয়ের ক্ষেত্রটি ক্রমেই বিস্তৃত হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ধরনের মামলার বেশির ভাগই বিভিন্ন সরকারের বিরুদ্ধে করা হয়েছে। জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণ আদায়ে মাত্র কয়েকটি কোম্পানি, যেমন শেল ও সিমেন্ট প্রস্তুতকারক হোলসিমের বিরুদ্ধে মামলা হয়েছে।
আরও পড়ুন: গণতান্ত্রিক কঙ্গোতে ৬৬ সেনাকে মৃত্যুদণ্ড, অভিযোগ বিদ্রোহ ও নির্দেশ অমান্যের
আইনজীবীরা বলছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণের অনুপাতে কোনো কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে আদালতের রায় এলে তা হবে বড় ধরনের অগ্রগতি।
গত বছর পেরুর এক কৃষকের করা মামলায় জার্মানির আদালত এমন নীতির দিকে এগিয়েছে। ওই মামলাটিও করা হয়েছিল আরডব্লিউইর বিরুদ্ধে।
ওই কৃষকের ক্ষতিপূরণ দাবি খারিজ হলেও আদালত কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানগুলোকে দায়ী করার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন।
জার্মান আইনজীবী রোডা ফেরহেইন এএফপিকে বলেন, পাকিস্তানি কৃষকদের মামলাটি ওই রায়ের ওপর ভিত্তি করে করা হয়েছে। এতে কোম্পানিগুলোর বিরুদ্ধে ‘অন্যায় আচরণের’ অভিযোগও আনা হয়েছে।
আরও পড়ুন: ব্রাজিলের বাজার ধরতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি রাষ্ট্রদূতের আহ্বান
দুটি মামলাতেই যুক্ত ফেরহেইন বলেন, ‘বড় কোম্পানিগুলো ১৯৬০-এর দশক থেকেই জলবায়ু পরিবর্তনের সামগ্রিক প্রভাব সম্পর্কে জানত।’
তিনি বলেন, ‘তাদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। অন্তত কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা করা প্রয়োজন ছিল। কিন্তু তারা তা যথেষ্ট করেনি।’
বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতি নিয়ে পরিচালিত গবেষণার তথ্যও মামলায় তুলে ধরা হয়েছে। ওই বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়। এতে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয় এবং ক্ষতিগ্রস্ত হন তিন কোটি মানুষ।
রক্ষণশীল সমাজব্যবস্থার ওই এলাকায় বিরল ভূমির মালিক নারীদের একজন মুনাওয়ার খাতুন বলেন, গম কাটার ঠিক আগমুহূর্তে বন্যা আঘাত হানে। এতে বীজ পানিতে তলিয়ে যায় এবং পরিবারের আয়ের প্রধান উৎস নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান
উসমান সামতিও গ্রামের বাসিন্দা ৪৩ বছর বয়সী খাতুন এএফপিকে বলেন, ‘এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম কীভাবে বেঁচে থাকবে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘এখন বর্ষা এলেই আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।’
কাছের দাদু জেলার আরেক মামলাকারী আবদুল খালিক লাঘারি বলেন, বন্যার প্রভাব বছরের পর বছর ধরে ওই অঞ্চলে রয়ে গেছে।
৫৫ বছর বয়সী লাঘারি জানান, বাড়িঘর, ৪০ একর জমির ফসল ও গবাদিপশুসহ তার প্রায় ১৪ হাজার ডলারের সম্পদ নষ্ট হয়েছে। তিনি বলেন, ‘আজও আমরা ঋণ পরিশোধ করতে পারিনি।’
ভেঙে পড়া দেয়াল ও বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের অবশিষ্টাংশ দেখিয়ে তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই যাদের কাছে ঋণী, তাদের ফোন পেতে শুরু করি।’
তিনি বলেন, ‘এতে আমরা মারাত্মক মানসিক ক্ষতির শিকার হয়েছি।’
‘ন্যায়বিচারের জন্য’-
আরডব্লিউই ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস উভয় কোম্পানিই মামলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস এএফপিকে জানায়, জার্মানির আইন মেনেই তাদের কার্যক্রম পরিচালিত হয়। অতীতের কর্মকাণ্ডের জন্য কোম্পানিগুলোর ওপর পরে ভিন্ন কোনো মানদণ্ড প্রয়োগ করা উচিত নয়।
আরডব্লিউই এএফপিকে তাদের একটি বিবৃতির কথা জানায়। এতে মামলাটিকে ‘জলবায়ুনীতিসংক্রান্ত দাবি জার্মানির আদালতে চাপিয়ে দেওয়ার আরেকটি প্রচেষ্টা’ বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্র যদি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের অনুমতি দেয়, আইন করে তা নিয়ন্ত্রণ করে এবং কোনো কোনো ক্ষেত্রে নিঃসরণে উৎসাহও দেয়, তাহলে একই সঙ্গে অতীতের নিঃসরণের জন্য দেওয়ানি দায়বদ্ধতার সুযোগ রাখা হবে স্ববিরোধী।’
মামলায় জয় এলেও পাকিস্তানের লাখো মানুষের জন্য ক্ষতিপূরণ আদায়ের পথ কঠিনই থাকবে। জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক নিঃসরণে এক শতাংশেরও কম অবদান থাকা সত্ত্বেও পাকিস্তান বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি।
দেওয়ানি আদালতে মামলাটির বিচারপ্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। তবে মামলাকারীদের কাছে এ লড়াই চালিয়ে যাওয়াই সার্থক।
খাতুন বলেন, ‘এই মামলা ন্যায়বিচারের জন্য। আমাদের ধ্বংসের জন্য আমরা এই কোম্পানিগুলোকেই দায়ী করি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন