০১:১৮ পি.এম
ব্রাজিলের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিতে বাংলাদেশের জন্য বাণিজ্য ও বিনিয়োগের বড় সম্ভাবনা বিদ্যমান। তবে, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের ব্রাজিলের বাজারে প্রবেশ, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পলো ফার্নান্দো দিয়াস।
রাষ্ট্রদূত সোমবার রাজধানীর বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, "ব্রাজিলকে শুধু ফুটবল, সমুদ্রসৈকত ও কৃষিনির্ভর দেশ হিসেবে দেখার সুযোগ নেই।" তিনি উল্লেখ করেন, দেশটির অর্থনীতি বর্তমানে দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি গাড়ি, ইলেকট্রনিকস, উড়োজাহাজ, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা, ওষুধ ও জৈবপ্রযুক্তিতে ব্রাজিলের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। এসব খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল, সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী
রাষ্ট্রদূত আরও বলেন, "ব্রাজিলের অনেক প্রযুক্তি তুলনামূলক কম খরচে বাংলাদেশে ব্যবহার করা সম্ভব।" তিনি উল্লেখ করেন, দুই দেশের শিল্প ও অর্থনৈতিক কাঠামোর মধ্যে মিল থাকার কারণে প্রযুক্তি বিনিময় ও যৌথ উদ্যোগের সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্রাজিলের বাজারে শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বাধা দূর করতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা জরুরি। কারণ, শুল্ক কমানোর সিদ্ধান্ত দূতাবাসের হাতে নেই। স্থানীয় অংশীদার থাকলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবসায়িক স্বার্থ তুলে ধরতে পারবেন।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে রাতারাতি বেশি মুনাফা করার চিন্তা না করে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। ব্যবসায়ীদের নিজ উদ্যোগে ব্রাজিলের বাজার ঘুরে দেখা, যোগাযোগ তৈরি এবং সম্ভাব্য অংশীদার খুঁজে বের করতে হবে।
বাংলাদেশে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম পুনর্গঠন এবং ব্রাজিলে এর শাখা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এ ধরনের প্রাতিষ্ঠানিক যোগাযোগ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে। ব্রাজিলের রপ্তানি উন্নয়ন সংস্থা অ্যাপেক্স ব্রাজিলের সঙ্গেও কাজ করার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: সরকার ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা করছে
রাষ্ট্রদূত বলেন, "সরকার পরিবর্তন হলেও দেশগুলোর সম্পর্ক থেকে যায়।" তাই বাংলাদেশ ও ব্রাজিলের ব্যবসায়ীদের স্বল্পমেয়াদি লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদি আমদানি-রপ্তানি ও বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন