০৩:৫৪ পি.এম
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের ‘ঘুষের’ টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে, একই অফিসের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষের’ টাকা লেনদেন ও কথোপকথনের ভিডিওও ভাইরাল হয়েছিল।
উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের টাকা লেনদেনের ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের কাছে এসেছে। ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরো ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দর-কষাকষির পর ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন উপ-সহকারী প্রকৌশলী।
এদিকে, লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের ঘটনায় স্থানীয় গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করছেন।
আরও পড়ুন: ফেনীর লালপোল বেদে পল্লীতে পুলিশের অভিযান, ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১৪
তবে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এটি সম্পূর্ণ অসত্য তথ্য। তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি। তবে ভিডিও নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
চলতি বছরের ২৭ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নুরুল আমিনকে বরখাস্ত করা হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে ৭ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন