মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৪ পি.এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক (ডেইরি গেট) তালাবদ্ধ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা ৮ থেকে ১০ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আবদুল হালিম জানান, গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে হঠাৎ ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। ওই সময় পুলিশ টহলে ছিল। পুলিশ ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে মাত্র এক মিনিটের মধ্যে তারা এ ঘটনা ঘটিয়ে দ্রুত চলে যায়।
প্রক্টর আরও জানান, ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পুলিশকে টহল জোরদার এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের গাফিলতি, কাজ ফেলে রাখা এবং তদারকির অভাব নিয়ে সংসদে ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি উল্লেখ করেছেন, নির্বাচনী এলাকায় উন্নয়নকাজের বাস্তব অবস্থা ভয়াবহ। সংসদে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে অনেক কিছু বলতে পারছেন না। প্রকল্প পরিচালকদের (পিডি) সরেজমিনে গিয়ে কাজ পরিদর্শন ও তদারকির নির্দেশনা দেওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের বক্তব্যের পর ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার মন্তব্য করেন, ‘উন্নয়নকাজের ক্ষেত্রে বছরের পর বছর পার হয়ে গেলেও অনেক এলাকায় কাজ শুরু হয় না। কাজ শুরু হওয়ার পর ঠিকাদারদের আর খুঁজে পাওয়া যায় না। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।’
এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের মাঠপর্যায়ে গিয়ে কাজের অগ্রগতি দেখার নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।
নিজের নির্বাচনী এলাকার পরিস্থিতি তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, ‘আমাদের কনস্টিটুয়েন্সিতে কী বলব? আমি তো এই জায়গা থেকে বলতে পারি না অনেক কিছু। বাট ইটস এ ভয়াবহ অবস্থা।’
এর আগে সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান তার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ার বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে প্রতিবছর রাস্তা, কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পরও এক থেকে দুই বছর কাজ শুরু করে না। আবার কাজ শুরু করলেও দীর্ঘদিন অসমাপ্ত ফেলে রাখে।’
এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি প্রকল্পের ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ফুলবাড়িয়ার সনকান্দা সড়কের উদাহরণ দিয়ে কামরুল হাসান বলেন, ‘সড়কটি এক বছর ধরে খানাখন্দে পড়ে আছে। কাজ শুরু করার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। একই অবস্থা মোহাম্মদনগর ১০ মাইল সড়ক এবং ভবানীপুরের কচুয়া সড়কেও।’
তিনি বলেন, কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু না করা কিংবা কাজ শুরু করে ফেলে রাখার কারণে জনগণকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডার, স্পিকার বললেন ‘ওয়ালাইকুম সালাম না শুনেই শুরু করলেন’ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডার, স্পিকার বললেন, ‘ওয়ালাইকুম সালাম না শুনেই শুরু করলেন’
রাস্তার পাশে পুকুর খননেও সড়ক নষ্ট
সংসদে রাস্তার দুই পাশে পুকুর খনন করে মাছ চাষের বিষয়টিও তুলে ধরেন কামরুল হাসান। তার অভিযোগ, রাস্তার পাশে পুকুর খননের কারণে সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নির্মাণের ছয় মাসের মধ্যেও রাস্তা টেকসই থাকছে না। এ সমস্যা সমাধানে রাস্তা থেকে অন্তত ১০ থেকে ১৫ ফুট দূরে পুকুর খননের বিধান কার্যকর করার দাবি জানান তিনি। তার মতে, রাস্তার পাশে পুকুর খননের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হলে সড়কের স্থায়িত্ব বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙ্গামাটি শহরে গভীর রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচির প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানোর পাশাপাশি সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়রা সরকারি বিভিন্ন দপ্তর, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলতে দেখে বিস্মিত হন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা তালা ভেঙে প্রতিষ্ঠানগুলোর প্রবেশপথ খুলে দেন।
এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোর্শেদকে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটক এবং রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ফটকের তালা ভাঙতে দেখা যায়।
এদিকে, ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
রাতের আঁধারে তালা লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে, জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে কূটনৈতিক আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে তেহরানের দাবিগুলোকে তিনি ‘সম্পূর্ণ অবাস্তব’ হিসেবে উল্লেখ করেছেন।
প্যারিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, "কূটনীতির পথ খোলা রাখতে আমরা প্রস্তুত। তবে ইরানের দাবিগুলো ‘সম্পূর্ণ অবাস্তব’। আমাদের প্রত্যাশা, তাদের অবস্থানের পরিবর্তন হতে পারে। আর তা হলে আমরা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত।"
তিনি আরও উল্লেখ করেন, "অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র যদি একই লক্ষ্য অর্জন করতে পারে, তাহলে ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই।"
প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, "ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরো খারাপ হতে যাচ্ছে।"
রুবিও জানান, অর্থনৈতিক চাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র যদি তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়, তাহলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পরিবর্তে সেই পথেই এগোতে চায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি ও সদর কোম্পানি এবং রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করেন।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে যৌথ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে বিস্ফোরণের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ