ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন


মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। তিনি আজ এই অভিনন্দন জানিয়ে বলেন, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বসহকারে মাইলফলক।

এক অভিনন্দন বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু, মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন, ৩৫ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে: রাষ্ট্রদূত টম বারাক

প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ক শক্তিশালী ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের মধ্যে সহযোগিতা, গভীরতা ও পরিধি আরও বৃদ্ধি পাবে। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও মালদ্বীপকে আরও কাছাকাছি নিয়ে আসার প্রত্যাশা তিনি ব্যক্ত করেন।

এছাড়া, প্রেসিডেন্ট মুইজ্জু আরও আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির মেয়াদে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে তাঁর যাত্রা অব্যাহত রাখবে।

আরও পড়ুন: রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাদের রাজনীতির অঙ্গনে এমন মানুষ বেশি পাবেন না’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৮ এম


‘আমাদের রাজনীতির অঙ্গনে এমন মানুষ বেশি পাবেন না’

এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল সম্পর্কে বলেছেন, আমাদের রাজনীতির অঙ্গনে এমন মানুষ বেশি পাবেন না।

শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন। ২০১৮ সালে আমার প্রথম ভোট দেওয়ার সুযোগ হয়।’

‘সে বছর নির্বাচনের আগে উনি আমার মতো তরুণ ভোটারদের উদ্দেশে ভিডিও করেছিলেন। শুরু করেছিলেন এভাবে, ‘আপনারা যারা এবারে প্রথম ভোট দেবেন, তাদেরকে আমি কিছু বলতে চাই।

মানুষটা সুবক্তা। রাজনীতিতে আসার আগে শিক্ষক ছিলেন, কথা শুনলে সেটা বোঝা যেত। সবাই বলছিল ভোট চুরি হবে। উনি বলেছিলেন, কেন্দ্রে গিয়ে দেখিয়ে দিন ‘আপনারাই দেশের মালিক’, ‘ইউ ম্যাটার।’

‘ওনার কথা মনে করেই খিলগাঁওয়ে আমাদের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলাম। সকালেই বুঝতে পারি কত বড় কারচুপি হচ্ছে। এত কিছুর পরও উনি নিজের আসনে জিতেছিলেন। কিন্তু সংসদে যান নাই। কারচুপির ভোটে গড়া সংসদে তিনি বসতে চান নাই।’

‘ক্ষমতার চেয়ার পেয়েও শুধু নীতির জন্য তা দুরে ঠেলে দিতে সবাই পারেন না। বরং ক্ষমতার চেয়ার পেতে সকল নীতি বিকিয়ে দেন। উনি এখানে অনন্য। যে আওয়ামী লীগ সরকার তাঁকে শেষ করে দিতে চেয়েছিল, বার বার তাকে জেলে পাঠিয়েছে, তারা পনেরো বছরেও তাঁর নামে দুর্নীতির একটা মামলা দাঁড় করাতে পারেন নাই। কোনোদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন।’

‘রাজনীতিতে আসার পর অনেক প্রবীণ মানুষের পরামর্শ চেয়েছি, রাজনীতির ভেতরের এবং বাইরের। স্যারের সাথে যতবার কথা হয়েছে, ওনার রাজনৈতিক জীবনের শিক্ষা নিয়ে জানতে চেয়েছি। অকপটে সব বলেছেন। কোন বইগুলো পড়া দরকার, নাম বলে দিয়েছেন। নিজের বই দিয়ে দিয়েছেন।’

‘আমাদের রাজনীতির অঙ্গনে এমন মানুষ বেশি পাবেন না, যিনি আপনার সাথে বই নিয়ে কথা বলবেন, বা আপনাকে বই পড়তে দেবেন। কোন মানুষটা রাজনীতিকে কী মনে করেন, এই ছোট জিনিসগুলোতেই সেটা ধরা পড়ে।’

‘আজ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসলেন। আমাদের রাজনীতির সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হচ্ছে ক্ষমতার পালাবদলের সময়। এই পদটা সেই মুহূর্তগুলোর বড় বড় সংকটের কেন্দ্রে ছিল। আবার এই পদটাই কোনো কোনো সময়ে দেশকে স্থিতিশীলতা দিয়েছে। পার্থক্যটা তৈরি হয়েছে চেয়ারে বসা মানুষটার চরিত্র কেমন, তার উপর। আজ থেকে তিনি আর তাঁর দলের কেউ না। বাংলাদেশের।

আমার বিশ্বাস ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদটার সম্মান, মর্যাদা আর স্থিতিশীলতা ফিরে আসবে। মানুষটাকে যতটুকু জেনেছি, আশা রাখতে চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:১১ এম


জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম

জহির উদ্দিন স্বপন (বাঁয়ে) ও আফরোজা খানম রিতা। সংগৃহীত ছবি

মন্ত্রিসভায় প্রথম রদবদলে নতুন দায়িত্ব পেয়েছেন দুই মন্ত্রী। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার বাড়ল। নতুন করে পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হলেন। আর একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন।

সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়।

বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন (আগে এ মন্ত্রণালয়েরই প্রতিমন্ত্রী ছিলেন)।

এদিকে, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি পদে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম। শপথের পর রাতে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মঈন খান।

নতুন মন্ত্রী সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। মন্ত্রিসভা গঠনের তিন মাসের মাথায় দীপেন দেওয়ান পদত্যাগ করায় এই মন্ত্রীর পদটি শূন্য হয়েছিল।

অন্যদিকে নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে শামীম কায়সার (লিংকন) পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে শামা ওবায়েদ ইসলামও বহাল আছেন। অর্থাৎ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে প্রকাশ্যে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, কার্যকর ‘বোরকা আইন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:২২ এম


পর্তুগালে প্রকাশ্যে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, কার্যকর ‘বোরকা আইন’

বোরকা আইন কার্যকরের ঘোষণা দিয়েছে পর্তুগাল। ইউরোপের আরো একটি দেশ প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন আইনে বোরকাসহ পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে, এমন যেকোনো ধরনের মুখাবরণ নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ আইন অমান্য করেন, তাহলে ১৫০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায়, পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো এ সপ্তাহেই নতুন আইন কার্যকরের ঘোষণা দেন। পর্তুগিজ গণমাধ্যমে এটি ‘বোরকা আইন’ নামেই পরিচিতি পেয়েছে।

আইনের ভাষায় সরাসরি কোনো নির্দিষ্ট ধর্মীয় পোশাকের নাম উল্লেখ না করা হলেও এটি মূলত মুখ আংশিক বা পুরোপুরি ঢেকে রাখা মুসলিম নারীদের পোশাককে লক্ষ্য করেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে নতুন আইনে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে, স্বাস্থ্যগত, পেশাগত, শৈল্পিক কিংবা আবহাওয়াজনিত কারণে মুখ ঢেকে রাখার অনুমতি থাকবে। উপাসনালয়, কূটনৈতিক মিশন এবং বিমানের ভেতরেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আইনে লিঙ্গ, ধর্ম, বয়স বা জাতিগত পরিচয়ের কারণে কাউকে জোর করে মুখ ঢাকতে বাধ্য করাও নিষিদ্ধ করা হয়েছে।

প্রেসিডেন্ট সেগুরো এক বিবৃতিতে বলেছেন, ‘মানুষের মুখ তার পরিচয় ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মুখ উন্মুক্ত থাকা পর্তুগিজ সমাজে পারস্পরিক আস্থা ও সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।’

তবে সেগুরো স্বীকার করেছেন, বিষয়টি সামাজিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় অধিকার, লৈঙ্গিক সমতা ও সামাজিক সংহতির মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

ডানপন্থী শেগা পার্টির উত্থাপিত এ বিলটির চূড়ান্ত সংস্করণ গত জুলাইয়ে পার্লামেন্টে অনুমোদিত হয়। মধ্য-ডানপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিও এতে সমর্থন দেয়। ক্ষমতাসীন ডানপন্থী জোট ও কট্টর ডানপন্থীরা নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিলেও বামপন্থী দলগুলো এর বিরোধিতা করে।

পর্তুগালের কয়েকটি আইনজীবী সংগঠন আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে সোশ্যালিস্ট পার্টি, লিভরে এবং কমিউনিস্ট পার্টি সতর্ক করে বলেছে, এই ধরনের আইন ইসলামবিদ্বেষ উসকে দিতে পারে।

উল্লেখ্য, ২০১১ সালে ফ্রান্স ইউরোপে প্রথম দেশ হিসেবে প্রকাশ্য স্থানে পূর্ণ মুখাবরণ নিষিদ্ধ করে। পরে বেলজিয়াম, বুলগেরিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক ও লুক্সেমবার্গসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ একই ধরনের বিধিনিষেধ আরোপ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নতুন পদ সৃষ্টির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৩ এম


তৃণমূলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নতুন পদ সৃষ্টির আহ্বান

সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, তৃণমূল পর্যায়ে ‘উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদ সৃষ্টি করার দাবি বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে।

এই দাবি শুক্রবার রাজধানীর আইএইচটি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় উত্থাপন করা হয়েছে।

বক্তারা বলেন, দক্ষ স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো ছাড়া উপজেলা, ইউনিয়ন এবং কমিউনিটি পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছানো খুব কঠিন হয়ে পড়বে। তারা মত প্রকাশ করেন, প্রশিক্ষিত ডিপ্লোমা চিকিৎসা পেশাজীবীদের যথাযথভাবে কাজে লাগাতে এবং সেই কারণে নতুন এই পদ সৃষ্টি করা প্রয়োজন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী টি. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদসহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%