ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও’ রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা


‘দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও’ রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : ‘সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানে’ এই প্রত্যয়কে সামনে রেখে ঠাকুরগাঁও রানার্সের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬’।  

দেশের ৩০ জেলা থেকে আসা দৌড়বিদদের পদচারণায় শুক্রবার মুখর হয়ে উঠে ঠাকুরগাঁও আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজ।

রাষ্ট্রপতির জেলা ঠাকুরগাঁওয়ে আয়োজিত হাফ ম্যারাথন প্রতিযোগিতা উৎসর্গ করা হয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। 

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিল মেসার্স গার্ডেনিয়া। আয়োজকদের ভাষ্য, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, তেমনি খেলাধুলার সঙ্গেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। সাবেক খেলোয়াড় ও ক্রীড়ামোদী রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতেই এই আয়োজনকে উৎসর্গ করা হয়েছে।

ম্যারাথনে অংশ নেয়া ঢাকা থেকে আসা কিশোরী জিন্নাথ পারভীন বলেন, ‘এ ম্যারাথন শুধুই একটি প্রতিযোগিতা নয় একটি জেলার সঙ্গে আরেকটি জেলার, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের হৃদয়ের সংযোগ।’

তরুণ রানার এলিন খান বলেন, ‘একজন দৌড়বিদের কাছে প্রতি কিলোমিটার মানে নতুন এক চ্যালেঞ্জ। শ্বাস ভারী হওয়া, পা ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু থেমে যাওয়া না। কারণ গন্তব্য শুধু ফিনিশিং লাইন নয়, গন্তব্য নিজের সীমাবদ্ধতাকে জয় করা। আর সেই জয়কে উদযাপন করতেই যেন একসঙ্গে ছুটছি আমরা।

ঠাকুরগাঁও রানারের প্রধান পৃষ্ঠপোষক নুর ই শাহাদাত স্বজন বলেন, ‘আমরা চাই খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করতে। রাষ্ট্রপতির জেলা হিসেবে ঠাকুরগাঁওকে সামনে তুলে ধরতে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে আমাদের এই আয়োজন।’ 

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিওর) নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী জাতীয় কবির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী জাতীয় কবির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।

আজ শুক্রবার একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

পরে পর্যায়ক্রমে সমবেত ও একক সংগীত পরিবেশন করেন মুন্নী কাদের, মোনালীন আজাদ, ইয়াসমিন মুস্তারি, আনন্দ মজুমদার, পুষ্পিতা বণিক, ইয়াকুব আলী খান, ড. পরিতোষ মন্ডল, শামীমা পারভীন শিমু, মৌসুমি ইকবাল ও মোহমান ইসলাম।

সমবেত নৃত্য পরিবেশন করে নাচের দল সাত্ত্বিক শিল্পাশ্রম; নৃত্যবৃত্তি, নাইম খান ড্যান্স কোম্পানি, নৃত্যাল্পনা, আরাধনা, ভঙ্গিমা ডান্স থিয়েটার। 

আবৃত্তি করেন শামীমা এলিস, ইকবাল আহমেদ ও সামা ইসলাম।

এদিকে, আজ রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউটে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে সেরা ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে।

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে।

সকাল থেকে শিশু-কিশোরদের উৎসবমুখর অংশগ্রহণে মুখর ছিল নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণ। রঙের সঙ্গে স্বপ্ন ও কল্পনার মেলবন্ধনে শিশুদের ক্যানভাসে ফুটে ওঠে বাংলাদেশের নানা রূপ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের বিশ্বাস, শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা আরও গভীর হবে।

প্রতিযোগিতায় ১৩০ জন শিশু অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী, কবি, শিল্প সমালোচক ও লেখক জাহিদ মুস্তাফা এবং শিল্পী সুনীল কুমার মালো। 

স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক শিল্পী আশরাফুল আলম পপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম আহ্বায়ক এলবার্ট খান, সদস্যসচিব এস এম কামরুজ্জামান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


সাভারে প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


সাভারের ধামসোনার সিটবাড়ীতে অবস্থিত হাজী নাসির উদ্দিন দেওয়ান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দারুণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও গোল্ড মেডেল হস্তান্তর করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন মন্ডল। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে ছোটদের উৎসাহিত করেন।
শিক্ষার্থী নওসিন তাবাসসুমের বাবা মোহাম্মদ ছদরুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় কর্তৃপক্ষের এই সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

 

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৯ আগস্ট) গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে।

 

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

কোনাবাড়ী জোনাল অফিস কর্তৃপক্ষ জানায়, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি থানার ওসির মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


বালিয়াকান্দি থানার ওসির মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

বালিয়াকান্দি উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া ও বাহিরচর এলাকায় মাদকবিরোধী অভিযান এবং গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার।

মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের উদ্দেশ্যে সারাদেশে চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে এই কার্যক্রমটি পরিচালিত হয়।

এদিন, বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার নিশ্চিন্তপুর পূর্বপাড়ার ডাবল ব্রিজ এলাকা ও বাহিরচর গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এ সময় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

মতবিনিময়কালে ওসি আব্দুর রব তালুকদার উল্লেখ করেন, অতীতে মানুষ অভাবের কারণে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ত। কিন্তু বর্তমানে মাদকদ্রব্যের টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদক সেবন ও বিক্রির বিষয়ে কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্যও তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় শেষে, ওসি আব্দুর রব তালুকদার গ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসব এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।

ওসি জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যেকোনো সময় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকাসক্ত ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ খোকন সরদার, সাংবাদিক জুয়েল রানা, ফিরোজ আহমেদ, ঝন্টু মোল্লা, তোফাজ্জল মন্ডল, হযরত সরদার, এসআই শামসুল আলম, আলিমুদ্দিন মন্ডল, সঞ্জয় মন্ডলসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%