ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১০+


নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২, আহত ১০+

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি নির্মাণাধীন স্থানের পাশে তিনতলা একটি আবাসিক ভবন ধসে দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১১ নভেম্বর) বিকেলে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, গুরুতর ও সামান্য আঘাতপ্রাপ্ত ১০ জনেরও বেশি মানুষকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকা পড়ে আছেন কি না, তা জানার জন্য উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

শহরের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিটো জানান, ১৯৩০ সালে নির্মিত চার ইউনিটের ওই অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পাশের একটি নির্মাণাধীন স্থানে গিয়ে পড়ে, যেখানে তখন খননকাজ চলছিল। বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ভবনটি ধসে পড়ার সময় ভেতরে কতজন বাসিন্দা ছিলেন বা নির্মাণস্থলে কতজন শ্রমিক কাজ করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভবন ধসের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, এলাকায় টহলরত একটি দমকল বাহিনী ভবন ধসের এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, এ ঘটনায় মোট ১৯ জন হতাহতের (নিহত ও আহত মিলিয়ে) তথ্য পাওয়া গেছে, যার মধ্যে সাতজন শিশু রয়েছে। তবে নিহত দুজন শিশু নাকি প্রাপ্তবয়স্ক, সে বিষয়ে তিনি কিছু জানাতে রাজি হননি।

আরও পড়ুন: মুম্বাইয়ে অমিতাভের বাড়িসহ একাধিক স্থানে বোমা বিস্ফোরণের হুমকি

উদ্ধারকাজ চালাতে গিয়ে একজন দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা অনুসন্ধানকারী কুকুর নিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকা পড়াদের খুঁজছেন। নিউইয়র্কের টেলিভিশন স্টেশন ডব্লিউএবিসি-টিভি জানিয়েছে, ভবন ধসের প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক গর্ভবতী নারীসহ অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফায়ার ডিপার্টমেন্টের প্রধান এসপোসিটো বলেন, পুরো এলাকাটি তল্লাশি করে সম্ভাব্য সব ভুক্তভোগীকে খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলোর কয়েক দিন সময় লাগতে পারে। এখনো ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা স্পষ্ট নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের মধ্যেও তেল উৎপাদন বাড়িয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


যুদ্ধের মধ্যেও তেল উৎপাদন বাড়িয়েছে সৌদি আরব

বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব তাদের তেল উৎপাদন বৃদ্ধি করেছে। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে বিঘ্ন ঘটার পর, দেশটির তেল উৎপাদন প্রথমবারের মতো বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ওপেকের মাসিক প্রতিবেদনের অনুলিপি থেকে জানা যায়, গত অক্টোবরে সৌদি আরব দৈনিক ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন ছিল ১০.৫৬৩ মিলিয়ন তথা ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল। আগের মাসে, সেপ্টেম্বরে, দেশটির উৎপাদন ছিল ৮.৩৭২ মিলিয়ন তথা ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। এইভাবে, এক মাসের ব্যবধানে উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে (২৬ শতাংশ) বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির পর এটি সৌদি আরবের সর্বোচ্চ তেল উৎপাদন। ওই মাসে, দেশটি ওপেককে জানিয়েছিল যে তাদের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ১০.৮৮২ মিলিয়ন ব্যারেল। এরপর ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়।

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে চলে যাওয়ার পর, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন ব্যাপকভাবে কমে যায়। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

তেল সংরক্ষণের সীমিত সক্ষমতা এবং বিকল্প রপ্তানি পথের অভাবে, যুদ্ধের সময় উৎপাদন কমাতে বাধ্য হয় উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলো।

তবে চলতি সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হলেও, ওপেকের সবচেয়ে বড় উৎপাদক এবং কার্যত নেতৃত্বদানকারী দেশ সৌদি আরব তাদের তেলশিল্প সচল রাখার বিকল্প পথ খুঁজে পেয়েছে।

সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান স্থাপনাগুলো ব্যবহার করে অপরিশোধিত তেল রফতানি করতে সক্ষম হয়েছে। অক্টোবরে, দুটি রুটই পূর্ণ সক্ষমতায় ব্যবহার করেছে দেশটি।

বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ওই মাসে সৌদি আরব দৈনিক ৭৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি রফতানি করেছে। যুদ্ধ শুরুর পর এটি দেশটির সর্বোচ্চ রফতানি।

হরমুজ প্রণালি এবং লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল বাব আল-মান্দেব প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলা বাড়লেও, সৌদি আরব এই রফতানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, অক্টোবরে আরব উপদ্বীপের আশপাশে জাহাজ চলাচলে অন্তত ৩৬টি হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর এক মাসে এটাই সর্বোচ্চ হামলার সংখ্যা।

এদিকে, সৌদি আরবও হামলার শিকার হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির বিমান চলাচল ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় রিয়াদে অবস্থিত সৌদি আরবের বৃহত্তম বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দর, রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তর এবং তেলক্ষেত্রের বিভিন্ন স্থাপনা আক্রান্ত হয়েছে।

তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চসিকের অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদ, ৫০টি দোকান ও ৭ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


চট্টগ্রামে চসিকের অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদ, ৫০টি দোকান ও ৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম, ১১ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত খুলশী থানার আমবাগান এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।

আজকের অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানের সময় আমবাগান এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৫০টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাতের ওপর রাখা নির্মাণসামগ্রীও সরানো হয়। এর ফলে এলাকাটির ফুটপাত অবৈধ দখলমুক্ত হয়ে যায় এবং পথচারীদের চলাচলের জন্য প্রতিবন্ধকতা দূর হয়।

এছাড়া, ফুটপাতের ওপর ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং খুলশী থানা পুলিশের সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে পরাজিত করলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ এম


হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে পরাজিত করলো বাংলাদেশ

পয়সা উসুল। গতকাল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষ থেকে এমন একটি ম্যাচ উপহার দেওয়া হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে পরাজিত করার পাশাপাশি, হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদদের নিয়ে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচের শেষে, দর্শকদের হৃদয় জয় করা সেই রোমাঞ্চকর খেলায় হামজার পারফরম্যান্স ছিল অসাধারণ। মাঠের প্রতিটি কোণে মিডফিল্ডার হিসেবে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি শুধু নেতৃত্বই দেননি, বরং একটি গোলও করেছেন। তার আগে শমিত সোমের গোলের জন্যও তিনি সহায়ক ভূমিকা পালন করেন। বলা যেতে পারে, হামজার ক্রস থেকেই প্রথম গোলটি করেন শমিত।

অধিনায়ক হিসেবে হামজার অভিষেক দিনটি ছিল সত্যিই স্বপ্নের মতো। এমন একটি দিনে তার প্রশংসা না করে থাকা যায় না। থমাস ডুলিও হামজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। তার কথায়, ‘অবশ্যই ১০-এ ১০! সে (হামজা) অসাধারণ খেলেছে। এর চেয়ে বেশি আর কী চাইবেন ওর কাছে, পাঁচটা গোল করবে?’

ডুলির মতে, হামজার নেতৃত্বগুণ অসাধারণ। তিনি আশা প্রকাশ করেছেন, শেফিল্ড উইনাইটেডের মিডফিল্ডারের হাতে আর্মব্যান্ডটি যেন থাকে। তিনি বলেছেন, ‘আমি চাই সে প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করুক। সে একাদশের মূল খেলোয়াড়। তাছাড়া মাঠে রেফারির সঙ্গে কথা বলার মতো ব্যক্তিত্ব ও প্রভাবও তার রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুল স্বীকার করা জরুরি, অন্যকে দায়ী না করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


ভুল স্বীকার করা জরুরি, অন্যকে দায়ী না করার আহ্বান

ইসলামের দৃষ্টিতে ব্যর্থতার দায় স্বীকার করা এবং ভুলকে মেনে নেওয়া একটি ঈমানি গুণ। মুমিন বান্দার কর্তব্য হলো ভাগ্যকে দোষারোপ না করা, অন্যকে দায়ী না করা, বরং ভুল খুঁজে বের করে তা স্বীকার করা এবং ভুল থেকে শিক্ষা নিয়ে মহান আল্লাহর ওপর ভরসা রেখে সততা ও সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া।

পবিত্র কোরআনের শিক্ষা ও নবীদের সুন্নাহ অহংকার নয়; বরং বিনয় ও নিজের কর্মের জবাবদিহি নিশ্চিত করা। ভুল স্বীকার করা মহান আল্লাহর ভালোবাসা লাভের একটি উপায়। কোরআনের ভাষায়—‘যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল; আল্লাহ তাদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৪)

আদম ও হাওয়া (আ.) নিষিদ্ধ ফল খাওয়ার পর অজুহাত খোঁজেননি; বরং বলেছিলেন, ‘হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনি যদি আমাদের মাফ না করেন এবং দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো।’ (সুরা আরাফ, আয়াত : ২৩)

ভুল স্বীকার না করলে সংশোধিত হওয়া সম্ভব নয়। দায় স্বীকারে অন্তরে বিনয় সৃষ্টি হয়; যা ‘তাজকিয়াতুন নাফস’ (আত্মসংশোধন)-এর প্রধান শর্ত। দায় স্বীকার না করা শয়তানের বৈশিষ্ট্য। ইবলিস ভুল করার পর দায় স্বীকার করেনি, বরং যুক্তি দেখিয়েছে।

ইউনুস (আ.) মাছের পেটে থাকাকালীন নিজের ভুল স্বীকার করে বলেন, ‘আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র! নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত।’ (সুরা আম্বিয়া, আয়াত : ৮৭)

ভুল স্বীকার করা দুর্বলতা নয়; বরং এটি মানুষের স্বাভাবিক স্বভাব ও বৈশিষ্ট্য। পৃথিবীর প্রথম মানব-মানবী ভুলের দায় স্বীকার করেছিলেন। প্রিয় নবী (সা.) বলেন, ‘প্রতিটি মানুষ ভুল করে, সর্বোত্তম ভুলকারী সেই যে অনুতপ্ত হয় এবং ক্ষমা প্রার্থনা করে।’ (তিরমিজি)

ইসলাম জীবনের সবকিছুকে ‘আমানত’ হিসেবে বিবেচনা করে এবং দায়িত্ব পালনে ব্যর্থতার দায় স্বীকার ও জবাবদিহির শিক্ষা দেয়। প্রিয় নবী (সা.) বলেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (বুখারি)

উমর (রা.) বলতেন, ‘ফোরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তবে তার জন্যও উমরকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।’ মানুষের কর্মফল তার নিজেরই অর্জন। ‘ভাগ্যের লিখন’ বলে দায় এড়ানো ইসলাম সমর্থন করে না। প্রিয় নবী (সা.) বলেন, ‘তুমি উপকারী বিষয়ের প্রতি যত্নশীল হও, আল্লাহর কাছে সাহায্য চাও এবং অপারগতা প্রকাশ কোরো না। যদি কোনো ক্ষতি হয়, তবে বোলো না ‘যদি এমন করতাম, তবে এমন হতো’।...কারণ ‘যদি’ (শব্দটি) শয়তানি কর্মের পথ উন্মুক্ত করে দেয়। (মুসলিম)

ভুলের জন্য অকপট স্বীকারোক্তি কিছুটা অস্বস্তিকর হলেও তা সুদূরপ্রসারী ফলদায়ী। বুখারি শরিফে উল্লেখ রয়েছে, আবু বকর (রা.) ও উমর (রা.)-এর মধ্যে একবার তর্কবিতর্ক হলো, আবু বকর (রা.) উমর (রা.)-কে রাগিয়েছিলেন। রাগান্বিত হয়ে উমর (রা.) চলে গেলেন। আবু বকর (রা.) তার কাছে ক্ষমা চাইতে ছুটলেন। কিন্তু উমর (রা.) ক্ষমা করলেন না, বরং ঘরের দরজা বন্ধ করে দিলেন। আবু বকর (রা.) প্রিয় নবী (সা.)-এর কাছে এলেন। ...ঘটনা শুনে রাসুল (সা.) বলেন, ‘তোমাদের এই সঙ্গী (আবু বকর) আগে কল্যাণ লাভ করেছে।’

মুসনাদ আহমদের দীর্ঘ বর্ণনায় আছে—‘একবার রাসুল (সা.) আবু বকর (রা.) ও রাবিআহ আল-আসলামি (রা.)-কে এক খণ্ড জমি দিলেন। কিছুদিন পর তাঁদের মধ্যে বিরোধ তৈরি হলো। এক পর্যায়ে আবু বকর (রা.) রাবিআহ (রা.)-কে এমন কথা বলেন, যা খুবই পীড়াদায়ক। তবে কথাটি বলার সঙ্গে সঙ্গে আবু বকর (রা.) প্রচণ্ড অনুতপ্তবোধ করলেন। তিনি রাবিআহ (রা.)-কে অনুরোধ করেন, ‘তুমিও আমাকে একই রকম কিছু বলে প্রতিশোধ নাও।’ কিন্তু রাবিআহ (রা.) প্রতিশোধ নিতে অস্বীকৃতি জানালেন। আবু বকর (রা.) বলেন, তুমি অবশ্যই (আমাকে মন্দ কথা) বলবে নতুবা তোমার বিরুদ্ধে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে নালিশ করব। তবু তিনি অস্বীকৃতি জানালেন।...অবশেষে দুজনই রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গেলেন। সব শুনে রাসুল (সা.) রাবিআহ (রা.)-কে বলেন, ‘না, তুমি তার কথার জবাবে কটু কথা বলবে না, বরং তুমি বলো, হে আবু বকর! আল্লাহ আপনাকে মাফ করে দিন।’ রাসুল (সা.)-এর এমন শিক্ষণীয় পরামর্শ শুনে আবু বকর (রা.) কাঁদতে কাঁদতে ঘরে ফিরলেন।

লেখক : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান

ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ

কাপাসিয়া, গাজীপুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%