বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৩ পি.এম
ঝিনাইদহ, ২৬ নভেম্বর, ২০২৬ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান মন্তব্য করেছেন যে, বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। বর্তমানে জাতিসংঘের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
আজ ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহীদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর বক্তব্যকে উসকানিমূলক উল্লেখ করে বলেন, "আমরা তাদের উসকানিতে পা দেব না।"
তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও এবং অস্থিরতা তৈরি করে কোনো লাভ হবে না। দেশের জনগণ নাশকতার ফাঁদে পা দেবে না বলেও তিনি উল্লেখ করেন।
এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান যে, দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২৬ : ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক প্রশিক্ষণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে।
এ তথ্য বৃহস্পতিবার জানালেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।
চট্টগ্রামের কোস্ট গার্ড বেইসে ২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত উপমিশন প্রধান মিস ত্রিশিতা মওলা।
এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার করা।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত মন্তব্য করেন, "এ যৌথ প্রশিক্ষণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও যোগ করেন, "দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বাড়বে।" আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা, কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদ আহমেদ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সাথে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) বিশিষ্ট চিকিৎসক ডা. জাহিদ হোসেন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
আজ ২৮/০৫/২০২৬ তারিখ আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় সংসদ সদস্যের নিজস্ব বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা কুষ্টিয়া, বিশেষ করে দৌলতপুর উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসাধারণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, "দৌলতপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম অগ্রাধিকার। উপজেলার স্বাস্থ্য খাতের যেকোনো সংকট নিরসনে এবং সেবার মান বৃদ্ধিতে আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।" স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা.
জাহিদ হোসেন দৌলতপুর উপজেলার স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন। উক্ত সৌজন্য সাক্ষাতে ডা.
শামসুল আরেফিন সুলভসহ স্থানীয় সুধীজন, দলীয় নেতৃবৃন্দ এবং চিকিৎসা খাতের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে একটি চলন্ত ভ্যানের নিচে চাপা পড়ে ৩ বছর বয়সী মীম নামের এক শিশু মারা গেছে। নিহত শিশুর পিতা কবির উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে চলাচলরত একটি ভ্যান মীমের শরীরের উপর উঠে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ এ বিষয়ে জানান, "ভ্যানের নিচেই চাপা পড়ে তিন বছর বয়সের একটি শিশু মারা গেছে বলে শুনেছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জবি ছাত্রদলের ২ নং যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে মিছিলটি শেষ হয়।
মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানানো হয়, যাতে ক্যাম্পাসে সন্ত্রাস, বিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিহত করা যায়।
মিছিলের নেতৃত্ব দেওয়া মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, "সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা প্রয়োজন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।"
তিনি আরও উল্লেখ করেন, "ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সোচ্চার রয়েছে। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখব। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।"
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ