বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৪ পি.এম
ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপি সরকারকে সকাল-বিকাল দোষারোপের রাজনীতি পরিহার করার জন্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এ আহ্বান জানান।
ছাত্রদল সভাপতি পোস্টে উল্লেখ করেন, বিদেশি এজেন্সিনির্ভর গুপ্ত রাজনীতি ও বট বাহিনীনির্ভর রাজনীতি পরিহার না করলে ইসলামী ছাত্রশিবির তথা সাদিক কায়েমদের প্রতিনিয়ত এ ধরনের লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ১০ নভেম্বর সন্ত্রাসী ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের প্রায় ১৫/২০টি মিছিল ঢাবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও লেখেন, সাদিক কায়েমদের ভাগ্য ভালো যে সেদিন তাদের শুধু ১টি মিছিলের মুখোমুখি হতে হয়েছে, যার মাধ্যমে হয়তো নিজেদের গুপ্ত ও বট বাহিনী নির্ভর অপরাজনীতির কুফল স্পষ্ট হয়েছে। নিজ সংগঠনের সাংগঠনিক পর্যালোচনার আহ্বান জানিয়ে তিনি শিবিরের ছাত্রলীগ পুনর্বাসন প্রক্রিয়া থেকে বের হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ও রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সর্বশেষে তিনি বলেন, সরকারি দল সবসময় জনগণের জবাবদিহির আওতায় থাকবে এবং বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এ কারণে শিবির তথা সাদিক কায়েমদের প্রতি আহ্বান থাকবে, সরকারের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু আওয়ামী-ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিদিন সকাল-বিকাল শুধু বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : মোবাইল কোর্টের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ, জব্দকৃত মালামাল সংরক্ষণ, আপিল আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য নির্দিষ্ট আইনজীবী নিয়োগ এবং প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশনা প্রদান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীকে মোবাইল কোর্ট সহকারী (পেশকার) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তাদের এক মাসের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২ নভেম্বর, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।
এতে মোবাইল কোর্টের কার্যকারিতা বৃদ্ধির জন্য গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ছয়টি নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করতে হবে। ধারণকৃত ভিডিওগুলো মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে। এর একটি কপি মিডিয়া সেলের কাছে পাঠাতে হবে। মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজন অনুযায়ী এসব ভিডিও আপিল আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে।
জব্দকৃত মালামাল সংরক্ষণের জন্য প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে একটি নিরাপদ কক্ষ বা স্থাপনা নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিতে হবে।
জব্দকৃত মালামালের বিস্তারিত তথ্য সংরক্ষণের জন্য নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার রাখতে হবে। সংশ্লিষ্ট সহকারী কমিশনার প্রতিটি এন্ট্রিতে স্বাক্ষর করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে মালামাল যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। পচনশীল বা দ্রুত বিনষ্টযোগ্য মালামালের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।
মোবাইল কোর্ট থেকে উদ্ভূত আপিল মামলায় সরকারপক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবীকে দায়িত্ব দেবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় তথ্য বা নথিপত্রের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে জানাবেন। আপিল মামলার শুনানির জন্য প্রয়োজনীয় নথি, কাগজপত্র এবং প্রয়োজনে ভিডিও সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরবরাহ করবেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কার্যক্রমের সমন্বয় করবেন।
পরিপত্রে আরও বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরা অধীনস্থ কর্মচারীদের মধ্যে থেকে প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে লিখিতভাবে অতিরিক্ত দায়িত্ব দেবেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।
জনসচেতনতা বাড়াতে প্রত্যেক জেলায় চার সদস্যের একটি মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সেলের আহ্বায়ক হবেন।
জেলা তথ্য অফিসার বা সহকারী জেলা তথ্য অফিসার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার সদস্য হিসেবে থাকবেন। জে.এম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
মিডিয়া সেলের দায়িত্ব সম্পর্কে পরিপত্রে বলা হয়েছে, মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। প্রয়োজনে এসব উপকরণ সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ উপযুক্ত অন্যান্য মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে।
এ কাজে জেলার অন্যান্য কর্মকর্তাদের সহায়তা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী কারিগরি সেবা ক্রয় করা যাবে। এ সংক্রান্ত ব্যয় সরকারি বিধি-বিধান অনুসরণ করে সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় মিডিয়া সেল গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, মিডিয়া সেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ীও দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের উপর ধমক দিয়েছেন এক অজ্ঞাতনামা সেনা, যিনি সমাধিসৌধের দায়িত্বে ছিলেন। ভেটেরানস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর স্মৃতিসৌধের সামনে হাসাহাসি ও কথাবার্তায় মেতে ওঠায় ওই সেনাসদস্য তাদের সতর্ক করেন।
এটি বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখা যায়, হেগসেথ এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা স্মৃতিসৌধের সামনে ছবি তোলার পর হাসাহাসি ও কথাবার্তা বলছিলেন। এ সময় টহলরত এক সেনাসদস্য তাদের উদ্দেশে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’
হেগসেথের সঙ্গে ছিলেন তার স্ত্রী জেনিফার, চিফ অব স্টাফ রিকি বুরিয়া, ডেপুটি চিফ অব স্টাফ প্যাট্রিক উইভার এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্যামি রাডাবাও।
ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, সেনাসদস্য যথাযথভাবে ও সম্মানের সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘দেশকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা যে আত্মত্যাগ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী ও পুরো প্রতিরক্ষা বিভাগ সব সময় সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে। এই মর্যাদাপূর্ণ দিনটি পালনের সময় একজন সেনাসদস্য যথাযথভাবে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।’
যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র যুদ্ধস্মৃতিসৌধ হিসেবে পরিচিত টম্ব অব দ্য আননোন সোলজার। এটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনার সমাধিকে কেন্দ্র করে নির্মিত। ১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিন-রাত, বৃষ্টি কিংবা রোদ—সব পরিস্থিতিতে স্মৃতিসৌধটি পাহারা দিয়ে আসছেন।
ভেটেরানস ডে উপলক্ষে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে অভিশংসনের উদ্যোগের কারণে হেগসেথ নতুন করে চাপের মুখে ছিলেন। রিপাবলিকান দলের বিদায়ী কংগ্রেস সদস্য থমাস ম্যাসি তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। তবে মঙ্গলবার রাতে এক প্রক্রিয়াগত ভোটে রিপাবলিকানরা সেই উদ্যোগ আটকে দেন। এরপর হেগসেথ এবং তার সমর্থকেরা এটিকে নিজেদের অবস্থানের পক্ষে বিজয় হিসেবে তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৮৪ জনকে আটক করেছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, রমনা বিভাগ থেকে ২৯ জন, লালবাগ বিভাগ থেকে ৪৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৪০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৬ জন, মিরপুর বিভাগ থেকে ১২৭ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৫১ জন, এসআরইউ থেকে ৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১টি চায়নিজ কুড়াল, ৪টি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ২টি ককটেলে নিষ্ক্রিয়কৃত অংশ বিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ৪৩টি মোবাইল ফোন এবং একজন ভিকটিম।
আকতার হোসেন আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ ১২ নভেম্বর ‘ন্যাশনাল চিকেন স্যুপ ফর দ্য সোল ডে’ পালিত হচ্ছে, যা ইতিবাচক চিন্তা, অনুপ্রেরণা ও মানবিক গল্পের মাধ্যমে মানুষের মনে আশার আলো ছড়িয়ে দেওয়ার বার্তা নিয়ে এসেছে। এই দিনটির প্রচলন বিখ্যাত অনুপ্রেরণামূলক বইয়ের সিরিজ Chicken Soup for the Soul-এর নাম অনুসারে। মূল ভাবনা হলো জীবনের নানা অভিজ্ঞতা, প্রতিকূলতা জয়, ভালোবাসা, বন্ধুত্ব ও মানবিকতার গল্পের মাধ্যমে মানুষকে উৎসাহিত করা।
Chicken Soup for the Soul বইয়ের সিরিজটি ১৯৯৩ সালে প্রকাশিত হয়। লেখক জ্যাক ক্যানফিল্ড ও মার্ক ভিক্টর হ্যানসেনের উদ্যোগে শুরু হওয়া এই সিরিজে সাধারণ মানুষের জীবনের সত্য ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। প্রথম বইটি প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলে পাঠকদের মধ্যে। পরবর্তী সময়ে শিশু-কিশোর, পরিবার, সম্পর্ক, কর্মজীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে সিরিজটির আরো অনেক বই প্রকাশিত হয়েছে।
বইগুলোর গল্পে মানুষের জীবনের আনন্দ-বেদনা, সংকট, সাফল্য, ভালোবাসা, বন্ধুত্ব, সহমর্মিতা ও ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা উঠে এসেছে। এসব গল্প পাঠকদের মনে করিয়ে দেয় যে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আশাবাদী থাকার সুযোগ থাকে। কখনো অন্যের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা, কখনো ছোট কোনো মানবিক উদ্যোগ—এগুলো মানুষকে নতুন করে ভাবতে ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে পারে।
দিনটি পালনের উদ্দেশ্য কেবল বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং নিজের জীবনের ইতিবাচক অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া, কাউকে উৎসাহ দেওয়া অথবা কারও কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মতো কাজের মধ্য দিয়েও দিনটির তাৎপর্য তুলে ধরা যায়। পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিতজনের সঙ্গে অনুপ্রেরণামূলক গল্প ভাগ করে নেওয়া কিংবা প্রিয় কাউকে একটি বই উপহার দেওয়াও উদ্যাপনের অংশ হতে পারে।
‘চিকেন স্যুপ’ নামটি শুনলে খাবারের কথা মনে হতে পারে, তবে দিনটির সঙ্গে মূলত বইয়ের সম্পর্ক রয়েছে। এখানে চিকেন স্যুপকে আরাম ও স্বস্তির প্রতীক হিসেবে দেখা হয়। যেমন এক বাটি গরম স্যুপ অসুস্থ বা ক্লান্ত মানুষের জন্য স্বস্তিদায়ক হতে পারে, তেমনি ভালোবাসা, সহমর্মিতা ও আশাবাদের গল্পও মানুষের মনে ইতিবাচক অনুভূতি তৈরি করতে সক্ষম।
সব মিলিয়ে, ন্যাশনাল চিকেন স্যুপ ফর দ্য সোল ডে মানুষকে জীবনের ছোট ছোট ভালো মুহূর্তের মূল্য দিতে, অন্যের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিতে এবং আশাবাদী মনোভাব ছড়িয়ে দিতে উৎসাহিত করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ