০৮:১০ পি.এম
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশের (এসআইবি) প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘এসআইবিকন ২০২৬’। নিবিড় পরিচর্যা ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসাসেবার উন্নয়নের লক্ষ্যে এই সম্মেলনটি আয়োজন করা হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার ও মঙ্গলবার (১৬ ও ১৭ নভেম্বর) দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য সহজে নিবিড় পরিচর্যা চিকিৎসাসেবা নিশ্চিত করা’। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা চিকিৎসক, বিশেষজ্ঞ, গবেষক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনটির আয়োজন করেছে সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ (এসআইবি) এবং সহযোগিতায় ছিল গ্রিট ফাউন্ডেশন।
সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মাহমুদা হাবীবা উপস্থিত ছিলেন, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দিনাজপুরে নাশকতার অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলেন ওয়ার্ল্ড ফেডারেশন অব ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের (ডব্লিউএফআইসিসি) সভাপতি অধ্যাপক জাভিয়ের পেরেজ ফার্নান্দেজ। নিবিড় পরিচর্যা চিকিৎসার আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন পরিচিত বিশেষজ্ঞ এবং তার উপস্থিতি সম্মেলনটির গুরুত্ব বৃদ্ধি করেছে।
এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, পর্তুগাল ও বেলিজসহ বিভিন্ন দেশের ২৪ জন বিশেষজ্ঞ সম্মেলনে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক জর্জ হিডালগো, অধ্যাপক জ্যাঁ লুই তেবুল, অধ্যাপক ক্রেইগ কুপারস্মিথ, ডা. হুসাইন আল রাহমা, ডা. আশরাফ এলহৌফি, ডা. অনুশকা মুদালিগে ও ডা. নন্দিতা দিবেকার।
সম্মেলনে আলোচক ও ‘প্রজেক্ট অন-গ্রাউন্ড চ্যাম্পিয়ন’ হিসেবে অংশ নেন ডা. ওহসিনা জাহান লোপা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও জরুরি বিভাগের দায়িত্বও তাঁর হাতে রয়েছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কারিগরি উপদেষ্টা এবং ডব্লিউএফআইসিসির দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দুই দিনের সম্মেলনে নিবিড় পরিচর্যা চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। সংকটাপন্ন রোগীদের চিকিৎসা, চিকিৎসা প্রযুক্তির উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন দেশের চিকিৎসকদের অভিজ্ঞতা বিনিময় হয়েছে এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: মাতারবাড়ী সমুদ্রবন্দর ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে পারবে না
সম্মেলনে বাংলাদেশের নিবিড় পরিচর্যা চিকিৎসার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এ সেবা সহজলভ্য করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার বিষয়গুলো বক্তাদের আলোচনায় স্থান পেয়েছে।
আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি চিকিৎসকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে। নতুন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বাংলাদেশের নিবিড় পরিচর্যা চিকিৎসাসেবাকে আরও আধুনিক ও উন্নত করতে সম্মেলনটি ভূমিকা রাখবে।
আয়োজকদের মতে, এসআইবিকন ২০২৬ শুধুমাত্র একটি আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলন নয়, বরং দেশের সব মানুষের জন্য উন্নত ও মানসম্মত নিবিড় পরিচর্যা চিকিৎসাসেবা নিশ্চিত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
আরও পড়ুন: আইনমন্ত্রী: বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন