০৬:০৯ পি.এম
সরকার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আর্থিক ও সামাজিক সুরক্ষা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি আইনের খসড়া তৈরি করে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ জানিয়েছেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার নিচে না রাখার সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, মফস্বল, বিভাগ, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যায্য সম্মানী নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে। এসব উদ্যোগ সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স হলে ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস)-এর আওতায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে এবং জেলা তথ্য অফিস, মৌলভীবাজারের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ আরও জানান, তথ্য অধিদপ্তরের (পিআইডি) অন্যতম দায়িত্ব হলো সরকারের মুখপাত্র হিসেবে কাজ করা এবং গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাঁদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা। গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া তৈরি করা হয়েছে, যা সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। বিষয়টি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আলোচনা চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিগগিরই এটি বাস্তবায়িত হবে।
আরও পড়ুন: হেফাজতে ইসলাম: আ.লীগের সিদ্ধান্ত ভিকটিমদের আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে
আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাছিনা আক্তারের সভাপতিত্বে এবং তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) উজ্জ্বল শীল ও আঞ্চলিক তথ্য অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন।
এছাড়াও সেমিনারে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সদস্যসচিব রুবেল আহমদ এবং আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য সহকারী ডলি রাণী সূত্রধর, আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার মো. এহসানুল হকসহ অন্যান্য অতিথিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন