১২:০১ এম
ফ্লাইট নম্বরের ক্ষেত্রে একটি বড় ভুল ঘটে যায়। এর ফলস্বরূপ, আকাশে প্রায় মুখোমুখি হওয়ার আশঙ্কায় ছিল যাত্রীবাহী দুটি উড়োজাহাজ। তবে এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের চমৎকার বুদ্ধিমত্তার কারণে অল্পের জন্য একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে উড়োজাহাজ দুটি রক্ষা পায়।
ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতের ঠিক পরে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে। সিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ দুটি ভুলবশতঃ একই কল সাইন বা ফ্লাইট নম্বর (ফ্লাইট ২৪৮২) ব্যবহার করছিল। একটি উড়োজাহাজ শিকাগো থেকে আসছিল, অন্যটি ফিনিক্স থেকে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল।
আকাশে কাছাকাছি চলে আসার কারণে দুই পাইলট রেডিওতে একই ফ্লাইট নম্বর শোনেন। এতে একটি বড় বিভ্রান্তি এবং সংঘর্ষের ঝুঁকি সৃষ্টি হয়। এটিসি ডটকমের অডিওতে শোনা যায়, কন্ট্রোলার তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝতে পেরে একটি উড়োজাহাজকে ‘অ্যারাইভাল’ (আগমনকারী) এবং অন্যটিকে ‘ডিপারচার’ (বিদায়ী) বলে সম্বোধন করেন। তিনি আগমনকারী উড়োজাহাজটিকে উচ্চতায় রাখতে বলেন এবং ছেড়ে যাওয়া উড়োজাহাজটিকে আরো বেশি উঁচুতে উঠতে নিষেধ করেন। দুই উড়োজাহাজের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি পাইলটরা যেন দূর থেকে একে অপরকে দেখতে পান, তারও ব্যবস্থা করেন তিনি।
আরও পড়ুন: ইশরাকের পিস্তল উঁচানো দৃশ্য ত্রাসের রাজত্বের প্রতীক: জামায়াত
বিপদ কেটে যাওয়ার পর, আগমনকারী উড়োজাহাজের পাইলট কন্ট্রোলারের প্রশংসা করে এটিকে ‘চমৎকার কাজ’ বলে উল্লেখ করেন। ওই কন্ট্রোলার জানান, তিনি তার ২৫ বছরের ক্যারিয়ারে কখনোই একই কল সাইনের দুটি উড়োজাহাজ এভাবে কাছাকাছি আসতে দেখেননি।
মার্কিন এভিয়েশন বিশেষজ্ঞ স্টিভ আরোয়ো জানান, সম্ভবত এয়ারলাইন্সের ডেসপ্যাচ সেন্টারের ভুলের কারণেই এমনটি ঘটেছে। মূলত খারাপ আবহওয়ার জন্য শিকাগোর উড়োজাহাজটি দেরিতে ছাড়ে। সেই সময়, ফিনিক্সের আওতায় থাকা আরেকটি উড়োজাহাজের জন্য ফিরতি ফ্লাইটের সময়মতো প্রস্তুতির কারণে দুই উড়োজাহাজ একই নম্বর পায়।
এ ঘটনায় আমেরিকান এয়ারলাইন্স এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করবে। এক বিবৃতিতে কন্ট্রোলারের পেশাদারিত্বের প্রশংসা করে এয়ারলাইন্সটি জানায়, কোনো দুর্ঘটনা ঘটেনি এবং দুই বিমানের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় ছিল।
আরও পড়ুন: রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন