০৬:৪৭ পি.এম
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মচারীর শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি রয়েছে।
রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এই তথ্য জানান।
এ সময়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করছেন। রবিবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪৩২২ মামলা
প্রতিমন্ত্রী অবগত করেন, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত "স্ট্যাটেটিক্স অব পাবলিক সারভেন্টস ২০২৪" মোতাবেক সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসের শ্রেণিওয়ারি কর্মরত কর্মচারীর সংখ্যা এবং শূন্যপদের সংখ্যা মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
তিনি আরো জানান, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ২৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
আব্দুল বারী বলেন, কর্মপরিকল্পনায় বর্ণিত 'স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ'-এর লক্ষ্যে সকল অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পত্র প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন