নীলফামারী প্রতিনিধি: রায়হান আলী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:১০ পি.এম
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নীলফামারীতে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের প্রাণকেন্দ্র ডিসি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। বিকেল গড়ানোর সাথে সাথে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদিম এবং ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন, কাজী আব্দুল মালেক এবং সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহসহ জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। সারাদেশে চুরি, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
তিনি আরও বলেন, গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করা হলে আজ কোনোভাবেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারত না এবং গোপালগঞ্জসহ সারা দেশে অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করার সাহস পেত না। দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
সমাবেশের অন্যান্য বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এবং জানমালের নিরাপত্তা দিতে না পারলে এর দায় সরকারকেই নিতে হবে। তারা অবিলম্বে সকল প্রকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশ শেষে ডিসি মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে এক সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ