১০:৪৫ এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়লাভ করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান সিনেটর জন ওসফ। তিনি রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, ৮৭ শতাংশ ভোট গণনা শেষে জন ওসফের প্রাপ্ত ভোটের হার ছিল ৫৮ দশমিক ৭৭ শতাংশ। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মাইক কলিন্স ৪১ দশমিক ২৩ শতাংশ ভোট পেয়েছেন। এপি কর্তৃক জন ওসফকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচনী প্রচারে জন ওসফ জীবনযাত্রার ব্যয়ের বৃদ্ধি নিয়ে প্রধান ইস্যু হিসেবে কথা বলেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেন। অপরদিকে, কলিন্স সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য দায়ী করেন এবং ট্রাম্পের ইরান নীতির প্রতি সমর্থন জানান।
আরও পড়ুন: ভারতের ব্যাংক ও আর্থিক খাতে এআইনির্ভর সাইবার হামলার ঝুঁকি
জর্জিয়া অঙ্গরাজ্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছিল। তাই জন ওসফের জয় ডেমোক্র্যাটদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজয়ের পর জন ওসফ সমর্থকদের উদ্দেশে বলেন, "যুক্তরাষ্ট্রের সংকট এখনো কাটেনি।" তিনি আরও জানান, সামনে আরও গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। তিনি সাধারণ মানুষের অর্থনৈতিক দুরবস্থা, বড় ওষুধ কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান এবং হোয়াইট হাউসের কথিত দুর্নীতির বিষয়েও আলোচনা করেন।
এই জয়কে কেন্দ্র করে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জন ওসফের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে তিনি পূর্বে একাধিকবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ নেই বলে জানিয়েছেন।
সূত্র: এনবিসি নিউজ , বিবিসি
আরও পড়ুন: হরমুজে মাইন বিস্ফোরণে ২ ট্যাংকার ও ১ টাগবোটে আগুন লাগল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন