বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
১২:২২ পি.এম
দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগে গতি এসেছে, যা জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমাতে সহায়ক হবে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত সাত মাসে ৩২টি কূপ খননের কাজ দ্রুততার সাথে সম্পন্ন হয়েছে। এই কূপগুলো থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১৪৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস সরবরাহ করা হচ্ছে।
২০৩১ সালের মধ্যে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি কূপ খননের পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ২০৩১-৩৫ মেয়াদে অতিরিক্ত ১৫০টি কূপ খননের পরিকল্পনাও সরকারের রয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানিনির্ভরতার চাপ কমানো সম্ভব হবে।
পেট্রোবাংলার তথ্যমতে, লক্ষ্যমাত্রা অনুযায়ী ইতোমধ্যে ৩২টি কূপ খনন সম্পন্ন হয়েছে। এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) ১৪টি কূপ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— বিয়ানীবাজার-১, বিয়ানীবাজার-২, কৈলাশটিলা-১, কৈলাশটিলা-২, কৈলাশটিলা-৭, কৈলাশটিলা-৮, রশিদপুর-৩, রশিদপুর-৫, রশিদপুর-১১, সিলেট-৭, সিলেট-১০, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-২।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ১১টি কূপের মধ্যে রয়েছে— টবগি-১, শ্রীকাইল নর্থ-১, শরীয়তপুর-১, ভোলা নর্থ-২, ইলিশা-১, সুন্দলপুর-৩, বেগমগঞ্জ-৪ ওয়েস্ট, জামালপুর-১, শ্রীকাইল-৫, সেমুতাং-৬ ও রূপগঞ্জ-১।
অন্যদিকে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) সাতটি কূপ হলো— তিতাস-১৪, তিতাস-১৬, তিতাস-২৪, তিতাস-২৮, হবিগঞ্জ-৫, বাখরাবাদ-৭ ও কামতা-২।
পেট্রোবাংলা জানায়, সম্পন্ন হওয়া কূপগুলো থেকে দৈনিক ১৩৪ দশমিক ৪ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস পাওয়ার সম্ভাব্যতা ছিল। তবে হবিগঞ্জ-৫ কূপে প্রত্যাশার চেয়ে বেশি গ্যাস পাওয়ায় বর্তমানে ৩২টি কূপ থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৪৭ দশমিক ৯ এমএমসিএফ গ্যাস সরবরাহ হচ্ছে।
পেট্রোবাংলার রিজার্ভার এন্ড ডাটা ম্যানেজমেন্ট বিভাগ জানিয়েছে, কূপ খননের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়লেও এর পুরোটা এখনও কাজে লাগানো যাচ্ছে না। সম্পন্ন হওয়া কূপগুলো থেকে আরও প্রায় ৬০ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা থাকলেও পাইপলাইন-সংক্রান্ত জটিলতার কারণে তা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সঞ্চালন অবকাঠামো নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে, ১৫০টি কূপ খননের পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে আরও সাতটি কূপের খননকাজ চলমান রয়েছে। এগুলো হলো— রশিদপুর-১৩, সুন্দলপুর-১ ও ৪, তিতাস-২৯ ও ৩১, ভোলা নর্থ এবং বাখরাবাদ-৬। পেট্রোবাংলার হিসাবে, জানুয়ারি নাগাদ এসব কূপের খননকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
খননকাজ সম্পন্ন হলে এসব কূপ থেকে দৈনিক প্রায় ৯৬ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাইপলাইন ও প্রসেসিং প্ল্যান্টের সক্ষমতার ভিত্তিতে এ গ্যাসের পুরোটা জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
পেট্রোবাংলা জানিয়েছে, বর্তমানে ১৯টি প্রকল্প চলমান রয়েছে। এছাড়া আরও নয়টি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৩১টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পেট্রোবাংলার বোর্ডের মাধ্যমে আরও চারটি কূপ খননের উদ্যোগ নেওয়া হবে।
ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম বলেন, "সরকারের দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনাটি ভবিষ্যতে আমদানি করা এলএনজির ওপর দেশের নির্ভরতা কমানোর একটি উদ্যোগ।" তিনি আরও বলেন, "নতুন গ্যাস যাতে সময়মতো জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা যায়, সেটিও নিশ্চিত করতে হবে।"
তিনি উল্লেখ করেন, নতুন করে গ্যাসের মজুত শনাক্ত হওয়ার পর তা গ্রিডে সরবরাহের অবকাঠামোর অভাবে যেন অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে, সেজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সময়মতো সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি ইতোমধ্যে প্রতিদিন ১ হাজার এমএমসিএফেরও বেশি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকার স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও গ্যাস অনুসন্ধানে জোর দিয়েছে। এজন্য বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক কোম্পানির কাছে মোট ২৬টি অফশোর ব্লক উন্মুক্ত করে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬ চালু করেছে। একইসাথে নতুন কূপের সুনির্দিষ্ট স্থান নির্ধারণে সার্ভে কার্যক্রম চলছে। প্রকল্প গ্রহণের আগে তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সম্ভাবনাময় স্থানে কূপ খননের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গ্যাস উৎপাদন বাড়লেও চাহিদা ও সরবরাহের মধ্যে এখনও কিছুটা ঘাটতি রয়েছে। বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ এমএমসিএফ, যার বিপরীতে সরবরাহ করা হচ্ছে প্রায় ২ হাজার ৬০০ এমএমসিএফ। এর মধ্যে প্রায় ১ হাজার ৬০০ এমএমসিএফ দেশীয় উৎস থেকে এবং ৯০০ থেকে ১ হাজার এমএমসিএফ এলএনজি থেকে সরবরাহ করা হচ্ছে।
দেশীয় উৎসের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস উৎপাদনকারী কোম্পানিগুলো থেকে বর্তমানে দৈনিক প্রায় ৭০০ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন কূপ থেকে গ্যাস যুক্ত হওয়ায় রাষ্ট্রীয় কোম্পানিগুলোর সরবরাহ দৈনিক প্রায় ৫৬৬ এমএমসিএফ থেকে বেড়ে বর্তমানে প্রায় ৭০০ এমএমসিএফে উন্নীত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলো (আইওসি) থেকে দৈনিক প্রায় ৯০০ এমএমসিএফ গ্যাস পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, "দেশের অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে সরকার নতুন কূপ খনন ও বিদ্যমান কূপের ওয়ার্কওভার কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে।" তিনি জানান, "ইতোমধ্যে ৩২টি কূপের কাজ সম্পন্ন হয়েছে। এসব কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে পাইপলাইন-সংক্রান্ত জটিলতার কারণে উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না।"
তিনি আরও বলেন, "আরও সাতটি কূপের খননকাজ চলমান রয়েছে। এসব কূপের কাজ শেষ হলে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১৯টি প্রকল্প চলমান এবং আরও নয়টি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৩১টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে অভ্যন্তরীণ অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হবে।"
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। ২০৩১ সালের মধ্যে ১৫০টি এবং পরবর্তী ২০৩১-৩৫ মেয়াদে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা বাস্তবায়ন হলে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের নির্বাচিত সরকার ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে দেশের স্বার্থে সর্বোচ্চ সুবিধা আদায় করতে চায়, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেছেন, "ভারতের কাছ থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা চায়।" পানিবণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। দেশের জনগণের সমর্থন ও আকাঙ্ক্ষা আলোচনার টেবিলে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা : তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেছেন।
পানি ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির জন্য দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়ার প্রক্রিয়া চলছে।
হুমায়ুন কবির বলেন, "আমরা ভারতের কাছে নাম চেয়েছি, যাতে আমাদের প্রতিনিধিরা তাদের সঙ্গে সংলাপ ও আলোচনা শুরু করতে পারেন। এখন আমাদের তাদের জবাবের অপেক্ষা করতে হবে।"
ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, "খুব শিগগির এ বিষয়ে জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে পরবর্তী দফার পানিচুক্তি নবায়নের পথ প্রশস্ত হবে।"
তিনি আরও জানান, ১৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়েও আলোচনা চলছে। হুমায়ুন কবির বলেন, "এখানে কথাবার্তা ও আলোচনা চলছে এবং চলবে। আমাদের অবস্থান থেকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। যদি দুই দেশের মধ্যে আন্তরিকতা থাকে—সিনিয়র অফিশিয়াল লেভেলে, লিডারশিপ বা নেতৃত্ব পর্যায়ে এবং পানিবিষয়ক আলোচনায় যারা দুই দিক থেকে কাজ করবেন, তাদের মধ্যে আমরা এগিয়ে যেতে পারব।"
তিনি উল্লেখ করেন, "আমরা একটি কমিটি গঠন করেছি। ভারত সরকারের পক্ষ থেকেও বিষয়গুলো দেখা হচ্ছে। যদি নেতৃত্বের মানসিকতা থাকে যে তারা এগিয়ে এসে সহযোগিতা করবে, তবে আমরা অবশ্যই এই সমস্যার একটি সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান পাব।"
পানিবণ্টন নিয়ে আলোচনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অবস্থান বাংলাদেশের অন্যতম ভিত্তি বলেও জানান তিনি। হুমায়ুন কবির বলেন, "আলোচনা, ডায়ালগ এবং কূটনীতির মাধ্যমেই কেবল এই বিষয়গুলো সমাধান করা সম্ভব। আন্তর্জাতিক আইনের যে অবস্থানগুলো রয়েছে, সেগুলোকেও বিবেচনায় রাখা হচ্ছে।"
দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দেশের ভবিষ্যৎ সংকট ও বিষয়গুলো মোকাবিলায় প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, "আমরা অতীত বা সাধারণ ধারার মতো কাজ না করে গুণগত উপায়ে দেশের ভবিষ্যতের সংকট ও বিষয়গুলো মোকাবেলা করতে চাই।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুন্দরবনকে সম্পূর্ণভাবে দস্যুমুক্ত করার লক্ষ্যে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের দিকনির্দেশনায় উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনীকে নির্মূল করার উদ্দেশ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এই অভিযানের অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে বাগেরহাটের মোংলা থানাধীন শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি দস্যুদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে গত ৭ অক্টোবর রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুদলের সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মোংলা থানায় হস্তান্তর করা হবে।
সরকারের সঠিক দিকনির্দেশনা, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় অতি দ্রুতই সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে কোস্ট গার্ড আশাবাদ ব্যক্ত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেছেন, এই কমিটির মাধ্যমে পরিবহন খাতের মাফিয়াবৃত্তির অবসান ঘটানো সম্ভব হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বে নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, পরিবহন খাতকে নতুন-নতুন আইডিয়ার মাধ্যমে ঢেলে সাজানো হবে। তিনি আরও জানান, দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এই খাতকে আইনসংগত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ বিদ্যমান, তা দূর করতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা প্রতিরোধে রাজনীতিবিদরা দায়িত্ব নিলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : বৃহস্পতিবার মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং জানিয়েছেন, যেসব অভিবাসী মালয়েশিয়ার আটককেন্দ্রে অবস্থান করছেন, তাদেরকে ‘যতটা দ্রুত সম্ভব’ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিন অং হ্লাইংকে মিয়ানমারের অভিবাসীদের দেশে ফেরানোর বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
পুত্রজায়ার প্রশাসনিক রাজধানীতে আনোয়ারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মিন অং হ্লাইং বলেন, ‘যেসব ব্যক্তির মিয়ানমারের নাগরিকত্ব যাচাই করা হয়েছে, তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা দেশে ফিরিয়ে নেব।’
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মিন অং হ্লাইংয়ের এটি মালয়েশিয়ায় ক্ষমতা দখলের পর প্রথম সফর। কুয়ালালামপুর হাজার হাজার মিয়ানমারের অভিবাসীকে দেশে ফেরাতে সহযোগিতা পাওয়ার চেষ্টা করছে।
তবে মানবাধিকার পর্যবেক্ষকরা এই স্বচ্ছতাহীন প্রত্যাবাসন কর্মসূচি নিয়ে সমালোচনা করেছেন। তাদের মধ্যে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে, জাতিগত রোহিঙ্গাদের এমন একটি দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে এবং যাকে অনেকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন।
মিন অং হ্লাইং দুই দিনের সফরের সময় কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা জোরদার করছেন। এপ্রিলে তাকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এর আগে অনুষ্ঠিত নির্বাচনকে গণতন্ত্র পর্যবেক্ষকরা প্রহসন বলে অভিহিত করেছিলেন।
বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার আবারও মিয়ানমারের অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি মিন অং হ্লাইংয়ের “খোলামেলা মনোভাব ও সহযোগিতার ইচ্ছার” জন্য তাকে ধন্যবাদ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ