০৬:৫৪ পি.এম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব।
আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সরকারের কার্যক্রমের উন্নতি ঘটানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। জনসেবার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
রোববার (৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
দুপুর ৩টায় প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়া উপজেলায় পৌঁছালে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ফিতা কেটে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
তিনি এ সময় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সর্বত্র সবাইকে এই কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান মিলন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের কাজ ২০২৪ সালের ২২ জানুয়ারি শুরু হয়। এটি এমএসই-এমআরই (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বাস্তবায়ন করে এবং চলতি বছরের ৩০ এপ্রিল কাজ সম্পন্ন হয়।
একই দিন সকালে নান্দাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
এর আগে তিনি নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ও ৩ নম্বর নান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মরহুম আশরাফ আলীর কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবৈধ সাম্রাজ্য রক্ষার দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন