ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন


ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন

ঝালকাঠির পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন সম্পন্ন হয়েছে।

গত বুধবার (২১ অক্টোবর) শহরের কোর্ট রোডের ওই ভবনে কার্যালয় উদ্বোধনের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়েছে।

ভবন মালিকের ছেলে মো. মিঠু তালুকদারের বক্তব্য অনুযায়ী, ওই তলায় আগে তাঁর বাবার ব্যক্তিগত কার্যালয় ছিল। সেখানে পৌর আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হতো। তবে এনসিপির নেতৃবৃন্দ এই দাবি অস্বীকার করেছেন।

আরও পড়ুন: মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র। তাঁর ছেলে মনিরুল ইসলাম তালুকদার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁরা আওয়ামী লীগের সাবেক নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এনসিপির দলীয় সূত্রে জানা যায়, জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ দলের সমর্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এইচ এম জাকির হোসেন। এ সময় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভবন মালিকের ছেলে মো. মিঠু তালুকদার জানান, সাত-আট বছর আগে ভবনটির তৃতীয় তলার কক্ষটি তাঁর বাবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। সেখানে পৌর আওয়ামী লীগের সব কার্যক্রম পরিচালিত হতো। দলের অনেকেই এই কার্যালয়টি পৌর আওয়ামী লীগের হিসেবে জানতেন। তাঁর ভাই মনিরুল ইসলাম মনির ওই কক্ষে বসতেন। কক্ষটি বেশির ভাগ সময় বন্ধ থাকত বলেও তিনি জানান।

তিনি আরও জানান, কার্যালয়টি বন্ধ হওয়ার পর সম্প্রতি একটি বীমা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলে যাওয়ার পর সেখানে বিভিন্ন ধরনের পাখি পালন করা হতো। পরে অব্যবহৃত কক্ষটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি এটি তাদের কাছে ভাড়া দেন।

আরও পড়ুন: মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক আব্দুল্লাহ শেখের প্রাণ গেল

মিঠু তালুকদার বলেন, ‘চিন্তা করেছি, এখান থেকে কিছু অর্থ আয় হবে। তাই ভাড়া দিয়েছি। এটি নিয়ে যে ঝামেলা হবে, তা আমরা বুঝতে পারিনি।’

ঝালকাঠি জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল দাবি করেন, ওই কক্ষে কখনো আওয়ামী লীগের কার্যালয় ছিল না। তাঁর ভাষ্য, চলতি মাসে তারা কক্ষটি ভাড়া নিয়েছেন। এর আগে সেখানে একটি বীমা প্রতিষ্ঠানের কার্যক্রম ছিল। পরে সাবেক মেয়রের নাতি সেখানে পোষা প্রাণী রাখতেন।

মোস্তফা কামাল বলেন, ‘কোনো দিন এখানে আওয়ামী লীগের অফিস ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আওয়ামী লীগের আমলে সাবেক মেয়রের বাসার সামনে একটি নৌকা টাঙানো দেখেছি। যারা এসব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও মিথ্যা।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা কক্ষটি কার্যালয়ের জন্য ভাড়া নিয়েছি, দখল করিনি। আগে সেখানে আওয়ামী লীগের কার্যালয় ছিল কি না, তা আমার জানা নেই। এ বিষয়ে ঝালকাঠিতে দলের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন: মোংলা বন্দরের পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি

জানা যায়, কার্যালয় উদ্বোধনের পর ভবনটির আগের ব্যবহার ও মালিকের রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। সাঈদ আহমেদ নামের এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে দাবি করেন, ভবনটির তৃতীয় তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল এবং সেখানে আমির হোসেন আমু কার্যালয়টি উদ্বোধন করেছিলেন।

রাজু বণিক আকাশ নামের আরেক ফেসবুক ব্যবহারকারী কার্যালয়ের ছবি প্রকাশ করে ভবন মালিকের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, লিয়াকত আলী তালুকদার বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। এনসিপিকে ভবন ভাড়া দেওয়ার মধ্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে।

তবে এ বিষয়ে লিয়াকত আলী তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

আরও পড়ুন: ডিএনএ পরীক্ষায় উখিয়ার অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মুক্তা এখনও নিখোঁজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম বুখারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম বুখারী আটক

ভারতের দিকে পালানোর চেষ্টা করার সময় পুলিশ চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে। তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে পরিচিত।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়।

আটক হওয়া তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য এবং তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের সূত্রে জানা যায়, বিকেলে তাওহীদুল ইসলাম বুখারী ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় তার কাগজপত্র যাচাইয়ের সময় টাঙ্গাইল সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উঠে আসে।

দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তুহিন জানিয়েছেন, আটক তাওহীদুল ইসলাম বুখারীকে দর্শনা থানা পুলিশ হেফাজতে রেখেছে। পরবর্তীতে তাকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা চিরস্মরণীয়: ওয়াদুদ ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা চিরস্মরণীয়: ওয়াদুদ ভূঁইয়া

রাঙামাটি, ২৪ অক্টোবর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি মন্তব্য করেছেন যে, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি উল্লেখ করেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ের অশান্ত পরিস্থিতি শান্ত করার জন্য কাজ শুরু করেছিলেন।

দেশের দায়িত্ব গ্রহণের পর, তিনি বিধ্বস্ত বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলার জন্য সারাদেশে সফর করেছিলেন। পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন।

সেই কঠিন সময়ে, যেসব নেতা বা গুণীজন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে থেকে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান ও উন্নয়নে কাজ করেছিলেন, তাদের মধ্যে প্রয়াত সুবিমল দেওয়ান অন্যতম ছিলেন।

তিনি আরও বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ শেষ করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। পাহাড়ের সমস্যা সমাধানে সব মতভেদ ভুলে একত্রিতভাবে কাজ করতে হবে।

আজ শনিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে শিশু-কিশোরদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা দীপেন দেওয়ান এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক-এসপিসি,এএফডব্লিউসি,পিএসসি, সদর জোন কমান্ডার মো. একরামুল রাহাত- পিএসসি, ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-পিপিএম।

অনুষ্ঠানে প্রয়াত সুবিমল দেওয়ানকে নিয়ে স্মৃতিচারণ করেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে ও প্রাক্তণ প্রধান শিক্ষক সনৎ কুমার বড়ুয়া।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি আরও জানান, সম্প্রতি সাজেক নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা সকলের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ট্যুরিস্ট জোন, এখানে পর্যটন ব্যবসা বন্ধ থাকলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই আলোচনার মাধ্যমে সাজেক সমস্যা সমাধান করতে সন্তু লারমা, ইউপিডিএফ নেতৃবৃন্দসহ প্রশাসনকে নিয়ে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে সম্মাননা স্মারক এবং প্রয়াত সাংবাদিক একেএম মকছুদ আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

পরে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতা বিমানবন্দরে দুদিন ধরে বোমাতঙ্ক, নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


কলকাতা বিমানবন্দরে দুদিন ধরে বোমাতঙ্ক, নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে

ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবারের পর শনিবারও চরম বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দুই দিনের মধ্যে পরপর হুমকি বার্তা মেলায় বিমানবন্দর এলাকায় তীব্র চাঞ্চল্য এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে থাইল্যান্ডের ফুকেত থেকে আসা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক বিমানের শৌচাগারের আয়নায় বিমানে বোমা রাখা আছে মর্মে একটি হুমকি বার্তা দেখা যায়। তবে নিরাপত্তা বাহিনীর দীর্ঘ এবং ব্যাপক তল্লাশির পর সন্দেহজনক কোনো বিস্ফোরক বা বস্তুর সন্ধান মেলেনি। প্রাথমিক অনুসন্ধানে নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, সাধারণ মানুষের মাঝে ভীতি এবং চরম বিভ্রান্তি ছড়ানোর অসৎ উদ্দেশ্যেই কেউ এই ভুয়া হুমকি বার্তাটি রেখে গেছে।

বিমানবন্দর এবং নিরাপত্তা সূত্র জানাচ্ছে, দুপুর ৩টার কিছু সময় পর ফুকেত থেকে আসা ইন্ডিগোর ফ্লাইটটি কলকাতায় অবতরণ করে। সব যাত্রী নিরাপদে নেমে যাওয়ার পর বিমানটির পরিচ্ছন্নতাকর্মীরা কেবিন পরিষ্কার করতে ভেতরে প্রবেশ করেন। এ সময় শৌচাগারের আয়নায় উদ্বেগজনক বার্তা—‘বম্ব ইনসাইড এয়ারক্র্যাফ্‌ট’ (বিমানের ভেতরে বোমা রয়েছে)—চোখে পড়ে।

বার্তাটি নজরে আসার সাথে সাথে বিমানবন্দরজুড়ে চরম সতর্কতা জারি করা হয়। কালবিলম্ব না করে বিমানটিকে রানওয়ে থেকে দ্রুত একটি নিরাপদ ‘আইসোলেশন বে’-তে সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দরে মোতায়েন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) বিশেষ দল এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডকে জরুরি তল্লাশির নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে বিমানের প্রতিটি কোণায় অত্যন্ত নিখুঁতভাবে তল্লাশি চালানো হলেও শেষ পর্যন্ত কোনো ধরনের বিস্ফোরক মেলেনি।

এর আগে শুক্রবারও একই কায়দায় এই বিমানবন্দরে বোমাতঙ্ক তৈরি করা হয়েছিল। সেদিন টার্মিনালের একটি নারী শৌচাগার থেকে একটি হুমকি-চিরকুট উদ্ধার করা হয়, যেখানে বোমা রাখার দাবি তোলা হয়েছিল। পরবর্তীতে সেটিও ভুয়া তথ্য হিসেবে নিশ্চিত হওয়া যায়।

পরপর দুদিন একই ধরনের কৌশল ব্যবহার করে শৌচাগারে হুমকি বার্তা ছড়ানোর ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন ভারতীয় গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তারা। তাদের আশঙ্কা, এই বিভ্রান্তি সৃষ্টির পেছনে কোনো সুসংগঠিত চক্রের হাত থাকতে পারে। কে বা কারা বিমানটিতে এই বার্তা লিখেছে, তা শনাক্ত করতে যাত্রীদের সম্পূর্ণ তালিকা খতিয়ে দেখা হচ্ছে এবং বিমানবন্দরের ভেতরের সিসিটিভি ফুটেজও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা, নতুন নির্বাচনের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা, নতুন নির্বাচনের শঙ্কা

ইসরাইলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত প্রায় ৭৩ লাখ ভোটারের ভোটগ্রহণের মাত্র তিন দিন আগে, হিব্রু ভাষার দৈনিক ‘ইয়েদিওত আহরোনোত’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দেশটির প্রধান রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে সরকার গঠন করা সহজ হচ্ছে না। এর ফলে, নতুন নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে।

সংবাদপত্রটি জানিয়েছে, প্রধান টেলিভিশন চ্যানেলগুলোর প্রকাশিত জনমত জরিপ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব সমীক্ষায় রাজনৈতিক অচলাবস্থার লক্ষণ স্পষ্ট হয়েছে। তবে ভোটারদের উপস্থিতি, নির্বাচনি বৈতরণী পার হতে না পারা দলগুলোর ভোট নষ্ট হওয়া এবং দলের নেতাদের শেষ মুহূর্তের অবস্থানের পরিবর্তনের ওপর ভিত্তি করে নির্বাচনী ফলাফলগুলোতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা

দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে বিচারাধীন থাকা সত্ত্বেও তিনি আরেকটি মেয়াদের জন্য নির্বাচনে লড়াই করছেন। নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ দল এবং কট্টর ডানপন্থী জোটের বিরুদ্ধে বিরোধী ব্লক— যার মধ্যে গাডি আইসেনকোটের ইয়াশার দল এবং ইয়ার লাপিদের ইয়েশ আতিদ রয়েছে— একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছে।

ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে যদি কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তবে এই নির্বাচন আবারও রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি করতে পারে।

ইরান হামলা সংক্রান্ত দৃশ্যপট

অন্যদিকে, ‘মারিভ’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনে জয়ী হলেও ইরানের ওপর হামলা চালানোর জন্য তার বড় কোনো রাজনৈতিক সুবিধা থাকবে না।

রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, যদি ইয়াশার দলের নেতা গাডি আইসেনকোট বিজয়ী হন, তবে নতুন সরকার শপথ নেওয়ার আগে নেতানিয়াহু কোনো হামলার নির্দেশ দিতে পারবেন না। এছাড়া, এ ধরনের পদক্ষেপের জন্য প্রয়োজনীয় আইনি ও রাজনৈতিক সমর্থন নেতানিয়াহুর নেই বলে সামরিক নেতৃত্ব তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%