১১:০০ পি.এম
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে শুকুর আলী নামের একটি অসহায় ভ্যানচালকের দুটি টিনশেড ঘর পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরে শেরকোল ইউনিয়নের সোনাপুর গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যেই ওই ভ্যানচালকের সমিতি থেকে উত্তোলনকৃত নগদ এক লাখ বিশ হাজার টাকাসহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ও শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। উক্ত সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তাৎক্ষণিক শুকনো খাবার বিতরণ করেন ইউএনও এবং পরবর্তীতে ঢেউটিন ও নগদ অর্থসহায়তার আশ্বাস দেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অল্প সময়ের জন্য ভ্যানচালক শুকুর আলীর টিনশেড বাড়িতে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের সকল আসবাবপত্র ও সমিতি থেকে উত্তোলনকৃত নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। এতে পর্যবেক্ষণ অনুযায়ী প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং পরবর্তীতে ঢেউটিন ও নগদ অর্থসহায়তা প্রদান করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন