ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

এক সপ্তাহে প্রায় ১৫ হাজার বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব


এক সপ্তাহে প্রায় ১৫ হাজার বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১৪ হাজার ৯০৫ জন বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৯৭৬ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে ৪ হাজার ১১০ জনকে। আর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন ৩ হাজার ৩৪৮ জন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪৫০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। দেশটি থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার সময় আরও ৪৪ জনকে আটক করা হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের অভিযোগে ২৭ জনকেও আটক করেছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বহিষ্কৃত ১৪ হাজার ৯০৫ জনের পাশাপাশি ১৮ হাজার ৯১৪ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও ২ হাজার ৮৬৭ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবে অবস্থানরত আরও ২৯ হাজার ৯৩৮ জন প্রবাসীর বিরুদ্ধে আবাসন ও অভিবাসন আইন কার্যকরের প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৭ হাজার ৯৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮১ জন নারী।

সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে দেশজুড়ে এ ধরনের অভিযান পরিচালনা করে। আবাসন অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান, প্রয়োজনীয় অনুমতি ছাড়া কাজ করা এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের মতো অভিযোগে এসব অভিযান চালানো হয়।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশটিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন, আশ্রয় দেওয়া বা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকালে মাধবপুরে উপজেলা বিএনপির ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সামাজিক-রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য করা হয়েছে। তারা দ্রুত মামলাটি প্রত্যাহারের আহ্বান জানান।

সভায় পৌর বিএনপি সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা বিএনপির সহ সভাপতি ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সৈয়দ মোঃ জাবেদ, সহিদ মেম্বার, শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সহ সভাপতি মাসুকুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক হাজি ফিরোজ মিয়া, যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ন আহবায়ক কবির খান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, আলমগীর কবির, শ্রমিক দলের আহবায়ক মাসুদ আলী, লিটন পাঠান, মহিলা দলের আহবায়ক রেজিয়া সুলতানা তরফদার, ইসরাত জাহান ডলি এবং ছাত্রদলের মারুফ আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, সম্প্রতি মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি আদালতের নির্দেশে মাধবপুর থানায় নথিভুক্ত করা হয়েছে। তবে কামাল অভিযোগ অস্বীকার করে মামলাটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজাকে নিয়ে বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


হামজাকে নিয়ে বড় সুখবর

২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা হামজা চৌধুরী। দলটিকে প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবার নতুন চুক্তিতে পুরোনো ঠিকানায় ফিরতে চলেছেন হামজা।

রাইট-ব্যাক ফেমি সেরিকির চোটের পর হামজাকে ফেরাতে তৎপর হয়েছে ‘দ্য ব্লেডস’। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতেই বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের তারকা এই ফুটবলারকে।

দ্য স্টারের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতের ম্যাচের আগেই হামজার স্থায়ী ট্রান্সফার চুক্তি সম্পন্ন করতে চায় শেফিল্ড ইউনাইটেড। সেরিকির চোটের পর লেস্টারের খেলোয়াড়টির দিকে নজর দেয় তারা।

সেরিকির চোট কতটা গুরুতর, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে রাইট-ব্যাক পজিশনে দলের প্রথম পছন্দের খেলোয়াড়কে নিয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড। তার বিকল্প হিসেবে আছেন ম্যাট ডোহার্টি। 

তবে গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়া এই আইরিশ ডিফেন্ডার এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। তাই বিকল্প খুঁজতে গিয়ে পরিচিত মুখ হামজা চৌধুরীকেই বেছে নিয়েছে শেফিল্ড।

২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। দলটিকে প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। 

সেই সময় লেস্টার সিটি প্রিমিয়ার লিগে খেললেও পরবর্তী সময়ে টানা অবনমনের কারণে তারা এখন লিগ ওয়ানে নেমে গেছে। হামজার বেতনও কমানোর চেষ্টা করছে লেস্টার। 

ফলে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিল। এই সুযোগেই হামজাকে ফেরাতে এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। আজ রোববার তার মেডিকেল হওয়ার কথা রয়েছে। কার্যত ফ্রি ট্রান্সফারেই হামজার ব্রামল লেনে ফেরার চুক্তি হয়েছে বলে জানা গেছে।

ট্রান্সফারের আনুষ্ঠানিকতার বাকি কাজগুলো ঠিকঠাকভাবে শেষ হলে মঙ্গলবার বোল্টনের বিপক্ষে খেলতে পারেন হামজা। হামজাকে দলে ফেরালে শুধু চলতি মৌসুমের একটি গুরুত্বপূর্ণ পজিশন শক্তিশালী করবে না, বরং ভবিষ্যৎ পরিকল্পনাতেও শেফিল্ড ইউনাইটেডকে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের এমসি কলেজে শহীদ রুমীর স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


সিলেটের এমসি কলেজে শহীদ রুমীর স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা

 

মুক্তিযুদ্ধের শহীদ ও ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা শাফী ইমাম রুমীকে স্মরণ করতে সিলেটের এমসি কলেজে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সংগঠনটির এমসি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে শহীদ রুমীর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি পিনাক, এমসি কলেজ শাখার সংগঠক দোয়েল রায়, অনিক দাস ও অপূর্ব রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা উল্লেখ করেন, ১৯৭১ সালে স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে শাফী ইমাম রুমীসহ ক্র্যাক প্লাটুনের বীর যোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। মেধাবী তরুণ রুমী চাইলে বিদেশে গিয়ে নিরাপদ জীবন বেছে নিতে পারতেন। কিন্তু তিনি দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন।

তারা আরও বলেন, যখন পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের অস্তিত্ব অস্বীকার করার চেষ্টা করছিল, তখন ঢাকার বুকে রুমীসহ ক্র্যাক প্লাটুনের গেরিলাদের একের পর এক সফল অভিযান সেই অপপ্রচারকে ব্যর্থ করে দেয়। ২৫ মার্চের গণহত্যার পর মুক্তিকামী মানুষের মধ্যে যে ভয় ও হতাশা তৈরি হয়েছিল, তাঁদের বীরত্ব সেই ভয়কে সাহসে পরিণত করেছিল।

বক্তারা আরও জানান, ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনীর এ দেশীয় সহযোগীদের প্রত্যক্ষ সহায়তায় শহীদ রুমীসহ ক্র্যাক প্লাটুনের বেশ কয়েকজন গেরিলা যোদ্ধা আটক হন। তাঁদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রুমী যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিলেন, তা এখনো বাস্তবায়িত হয়নি। তাঁরা শিক্ষা ক্ষেত্রে অর্থনির্ভর বৈষম্য, শিক্ষাজীবন শেষে কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় দেশের পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি নিয়েও সমালোচনা করেন বক্তারা। তাঁদের অভিযোগ, শাসকদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ সাম্রাজ্যবাদী আগ্রাসনের ঝুঁকিতে পড়ছে। শহীদ রুমীর চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং বিপ্লবী ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরলে বোন ও তাঁর সন্তানদের ভিটেমাটি থেকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:০২ পি.এম


বিরলে বোন ও তাঁর সন্তানদের ভিটেমাটি থেকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ

বিরলে বোন ও তাঁর সন্তানদের ভিটেমাটি হতে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভূক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

নাজমুন নেহার থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, স্বামী মৃত্যুর পর তিনি উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের ধামইর গ্রামের পৈত্রিক বাড়ীতে সন্তানদের নিয়ে প্রায় ২৭ বছর ধরে বসবাস করছেন। সন্তানদের লালন-পালন এবং পিতা নজিবদ্দীন আহমেদ ও মাতার সেবা-যত্নসহ অন্যান্য কাজ তিনি সম্পন্ন করতেন। স্বামীর মোহরানার টাকা দিয়ে তিনি ৫২ শতক জমি ক্রয় করেন। পিতা নজিবদ্দীনের ১৫-১৬ বিঘা জমি রয়েছে। পিতা-মাতা জীবদ্দশায় নাজমুন নেহারকে নিজের বাড়ীতে থাকতে দিলেও কোন সন্তানকে জমি লিখে দেননি।

তবে ৩০ আগস্ট ২০২৬ রবিবার সকালে নাজমুন নেহারের আপন দুই ভাই আব্দুল মান্নান ও আব্দুল মালেক হঠাৎ রাজমিস্ত্রি নিয়ে এসে নাজমুন নেহারের বসবাসকৃত বাড়ীর টিন ভাংচুর করেন এবং সাংসারিক বিভিন্ন মালামাল ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেন। নাজমুন নেহার ও তাঁর দুই ছেলেকে বসবাসকৃত বাড়ী খালি করে দিতে বলা হয় এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%