০৯:৪২ পি.এম
রাজশাহীর আদালত চত্বরে আসামিদের হামলায় গুরুতর জখম হয়েছেন আইনজীবী ইয়ামিন আলী। এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে।
এ সময় উপস্থিত লোকজন হামলাকারী চারজনকে আটক করে তাদের পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
আহত আইনজীবীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বিচারকদের নিরাপত্তায় সার্বক্ষণিক গানম্যানের দাবি আইন সচিবের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমাসংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের বিরোধ চলছিল। কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন তার হাত ভেঙে দিলে তিনি তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। রোববার দুপুরে ওই মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামিন পাওয়ার পর আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অপেক্ষা করছিলেন। ইয়ামিন আলী আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তাকে ঘিরে ধরেন এবং সংঘবদ্ধভাবে হামলা চালান। কিল-ঘুসি, লাথি ও ইটের আঘাতে ইয়ামিন আলীর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত আইনজীবী সহকারী ও সাধারণ মানুষ চারজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবী ইয়ামিন আলী অভিযোগ করেন, আগের মামলায় জামিন পেয়ে আসামিরা তাকে মারার জন্য আদালত চত্বরে অপেক্ষা করছিলেন। ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তার ওপর অতর্কিত হামলা চালান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এতে আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিষয়টি আমরা হালকাভাবে নিচ্ছি না; প্রয়োজনে সমিতির পক্ষ থেকে মামলা করা হবে।
আরও পড়ুন: হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা সৌরভ সিকদার গ্রেপ্তার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর সন্ধ্যার পর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন