০২:০৯ পি.এম
রংপুরের পীরগঞ্জের বিভিন্ন হাটবাজার পরিদর্শন করে দেখা গেছে, ডিজিটাল পাল্লায় কৃষিপণ্য ওজন নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছে। কৃষকদের অভিযোগ, যেখানে ৪০ কেজিতে এক মণ হওয়ার কথা, সেখানে ব্যবসায়ীরা ৪২ কেজিতে এক মণ হিসেবে হিসাব করছেন। এর ফলে তাঁদের প্রতি মণে ২ কেজি করে অতিরিক্ত কৃষিপণ্য দিতে হচ্ছে। অন্যদিকে, খুচরা পর্যায়েও ওজন কম দেওয়ার অভিযোগ উঠেছে।
কৃষকরা জানান, সারা বছর মাঠে পরিশ্রম করে ফসল উৎপাদন করতে হয়। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে বাড়তি খরচ বহন করতে হয়। কিন্তু উৎপাদিত ফসল বিক্রি করতে গিয়ে ওজনের ক্ষেত্রে তাঁদের লোকসান গুনতে হচ্ছে। ৪০ কেজির পরিবর্তে ৪২ কেজিতে মণ হিসাব করায় প্রতি মণে ২ কেজি করে অতিরিক্ত পণ্য দিতে হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, কৃষিপণ্য কেনাবেচায় কিছু ঘাটতি দেখা দেয়। হাট থেকে পণ্য কিনে মোকামে পৌঁছানোর সময় কিছু পণ্য পরিবহন ও সংরক্ষণের কারণে নষ্ট হয়। সেই ক্ষতি পুষিয়ে নিতেই তাঁরা ৪২ কেজিতে এক মণ হিসাব করেন।
আরও পড়ুন: বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে: ড. আতিক মুজাহিদ
তবে খুচরা পাইকারদের অভিযোগ, কৃষকদের কাছ থেকে ৪২ কেজিতে মণ হিসেবে পণ্য কেনা হলেও বিক্রির সময় ৪০ কেজিতে মণ হিসাব করা হয়। এমনকি এক কেজি পণ্য কিনলেও অনেক ক্ষেত্রে ৯০০ থেকে ৯৫০ গ্রাম পাওয়া যায় বলে তাঁদের দাবি।
সবজি বিক্রেতা আনিছুর রহমান, আমজাদ আলী ও মনোয়ার হোসেন বলেন, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, টমেটো, আলু, শিম, ধান, চাল, গম ও ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রির ক্ষেত্রে ৪২ কেজিতে মণ হিসাব করা হয়। কাঁচা হলুদের ক্ষেত্রে ৪৫ কেজিতে মণ ধরা হয়।
তারা আরও জানান, ৪০ কেজি কৃষিপণ্য নিয়ে বাজারে গেলে ব্যবসায়ীরা ৩৮ কেজির দাম দেন। অর্থাৎ প্রতি মণে ২ কেজি পণ্য ধলতা হিসেবে কেটে রাখা হয়। অথচ নিজেরা বাজারে পণ্য কিনতে গেলে এক কেজির উপরে কিছুই বেশি ধলতা পান না।
সংশ্লিষ্টদের মতে, ওজন নিয়ে এ ধরনের অসংগতি দূর করতে হাটবাজারে ডিজিটাল পাল্লার সঠিক পরিমাপ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নিয়মিত ওজনযন্ত্র পরীক্ষা এবং কারচুপি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
আরও পড়ুন: তিস্তার নদীর বুকে কৃষকদের সোনালি স্বপ্নের ফলন
কৃষক ও সাধারণ ক্রেতাদের দাবি, ৪০ কেজিতে এক মণ হিসাবসহ প্রতিটি পণ্যের সঠিক ওজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যকর নজরদারি প্রয়োজন। এতে কৃষক ন্যায্য দাম পাওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতারাও ওজনে প্রতারণা হাত থেকে রক্ষা পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন