সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪৯ পি.এম
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : মৌরিতানিয়ার কোস্টগার্ড রোববার দেশটির আটলান্টিক উপকূল থেকে দুটি নৌযানে থাকা ২৬০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, অভিবাসন প্রত্যাশীরা গাম্বিয়ার বানজুল থেকে যাত্রা শুরু করেছিলেন দুটি নৌযানে। খাবার শেষ হয়ে যাওয়ার পাশাপাশি জ্বালানি ও নৌযান চালনায় সমস্যা দেখা দেওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।
নুয়াকশট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
কোস্টগার্ড জানায়, প্রায় সাত দিন সাগরে থাকার পর তাদের নুয়াকশটের উপকূলে উদ্ধার করা হয়।
একটি বিবৃতিতে কোস্টগার্ড উল্লেখ করে, উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ১৩২ জন সেনেগালের নাগরিক, ১২০ জন গাম্বিয়ার নাগরিক, চারজন গিনির নাগরিক এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, নৌযান দুটিতে ১৭ শিশুর পাশাপাশি ৬১ জন নারীও ছিলেন।
প্রতি বছর ইউরোপে পৌঁছানোর জন্য হাজার হাজার তরুণ অতিরিক্ত যাত্রীবোঝাই ও প্রায় জরাজীর্ণ নৌযানে করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে আটলান্টিক মহাসাগরের বিপজ্জনক পথে যাত্রা করেন।
অনেকেই দারিদ্র্য থেকে পালাতে এই পথে পা বাড়ান। ইউরোপের দেশগুলো ভিসা দেওয়া কঠোরভাবে সীমিত করায় এবং সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করায় তারা গোপনে এই বিপজ্জনক যাত্রার পথ বেছে নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগার থেকে আবুল কালাম আবু (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মসজিদের শৌচাগারের টিনের চালের আড়ের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম আবু রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বিল এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি মুদির দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা সকালে মসজিদের শৌচাগারের টিনের চালের আড়ের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় আবুল কালামের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল করিম বান্টু বলেন, "আবু অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এ ঘটনায় আমরা ব্যবসায়ীরাও আতঙ্কিত। এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা, নাকি অন্য কোনো ঘটনা, তা এখনই বলা কঠিন।"
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুরুল আহসান বলেন, "খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক আর্থিক সমস্যা কিংবা পারিবারিক কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।"
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, "প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।"
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বাইশারীর ছাদুঅং পাড়ার একটি বৌদ্ধ বিহারের মাঠ থেকে কাঠ ব্যবসায়ী জাফর আলম বাবুলের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দুই ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আবুল কালামের মৃত্যু ও জাফর আলম বাবুলের মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের লোচনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চরম অবকাঠামোগত সংকটে রয়েছে। পুরোনো স্কুলঘরটি নিলামে বিক্রি করার পর নতুন পাকা ভবনের আশায় দিন কাটাচ্ছে বিদ্যালয়টি। নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ এলেও নানা জটিলতার কারণে নির্মাণকাজ শুরু হয়নি। ফলে, শিক্ষকরা পাশের কবরস্থান থেকে টিন এনে একটি ছাওনি তৈরি করে পাঠদান চালিয়ে যাচ্ছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন ভবন নির্মাণের প্রক্রিয়ার অংশ হিসেবে পুরোনো ভবনটি নিলামে বিক্রি করা হয়। নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে বিদ্যালয়টি প্রায় সম্পূর্ণ অবকাঠামোহীন অবস্থায় রয়েছে। ২০২৪ সালে নতুন ভবন নির্মাণের জন্য ১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র আহ্বান করা হলে আব্দুস সোবহান ডাবলু নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। তবে ঠিকাদার প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পরও নির্মাণকাজ শুরু করেনি। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় মালামাল পরিবহনে ব্যয় বাড়ার আশঙ্কায় ঠিকাদার গড়িমসি করায় কর্তৃপক্ষ কার্যাদেশটি বাতিল করে দেয়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বর্তমানে কবরস্থানের টিনের ছাওনি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। জরাজীর্ণ ও অনিরাপদ পরিবেশে গাদাগাদি করে পাঠদান করতে হচ্ছে। রোদ-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের আগ্রহ ও মানসিক স্বস্তি কমছে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।
অভিভাবকরা দ্রুত বিদ্যালয়ে নিরাপদ ও উপযোগী শ্রেণিকক্ষ নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিশুদের শিক্ষার জন্য বিদ্যালয়ে নূন্যতম নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। পুরোনো ভবন সরিয়ে নেওয়ার পর নতুন ভবন না হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে।
শাহজাদপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রাহাত ইসলাম জানান, বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নির্মাণসামগ্রী পরিবহনে অতিরিক্ত ব্যয় হওয়ার আশঙ্কা ছিল। বিদ্যালয়ের জায়গার স্বল্পতা, পাশে বড় খাল এবং যমুনা নদীর ভাঙনের ঝুঁকিসহ কয়েকটি সমস্যা ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে না এমন পরিস্থিতিতে দরপত্র আহ্বানের প্রায় ছয় মাস পর নির্মাণকাজের টেন্ডারটি বাতিল করা হয়। বরাদ্দের অর্থও ফেরত চলে যায়।
তিনি আরও জানান, যমুনা নদীর তীরবর্তী এলাকায় বিদ্যালয়টি হওয়ায় বহুতল পাকা ভবন নির্মাণের সুযোগ নিয়েও জটিলতা রয়েছে। নতুন করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণে ‘পাইলট ডিজাইন’ অর্থাৎ স্টিলের ফ্রেমের ওপর সেমিপাকা ভবন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন ছুটিতে থাকায় মুঠোফোনে জানান, বিদ্যালয়টির ভবন নির্মাণের জন্য আগে একটি টেন্ডার হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল পরিবহনসহ বিভিন্ন সমস্যার কারণে সেটি বাতিল হয়েছে। বর্তমানে একটি সেমিপাকা ঘর নির্মাণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। নতুন করে ভবন নির্মাণের জন্য আবেদন করার ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, যমুনার ভাঙন ও যোগাযোগব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে বিদ্যালয়টির জন্য উপযোগী ও টেকসই অবকাঠামোর ব্যবস্থা দ্রুত করা হোক। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান স্বাভাবিক হওয়ার পাশাপাশি অভিভাবকদের উদ্বেগও কমবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসপাতালে নেওয়ার পর পুলিশের একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু ঘটে। মৃত পুলিশ সদস্যের নাম মো. ফখরুল ইসলাম (৪২), যিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।
ফখরুল ইসলাম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পাঁচথুবী ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত সানাউল হকের পুত্র। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সিআইডিতে পোস্টিং পান। এর পূর্বে, তিনি ডিএমপিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, এএসআই মো. ফখরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সিআইডি অফিসে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব এ বিষয়ে জানান, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদ্রোগের কারণে হয়ে থাকতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্য মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। জেলা পুলিশের পক্ষ থেকে তার মরদেহ পরিবারের কাছে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা মাস্টারহাট এলাকায় মহিউদ্দিন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইব্রাহিমকে কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারটি সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে করা হয়। কর্ণফুলী থানার এসআই নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শিকলবাহা মাস্টারহাট এলাকায় পূর্ববিরোধের জেরে দুই যুবকের মধ্যে সংঘর্ষ ঘটে। একপর্যায়ে মহিউদ্দিনের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলার অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন হামলায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় আগুনে একটি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর মহিউদ্দিনের বড় ভাই মো. আলাউদ্দিন বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। গত ২৬ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির নম্বর ২৭। মামলায় চারজনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর মামলার চার নম্বর আসামি মো. ফারুক (৩৩) নিজ এলাকা থেকে গ্রেপ্তার হন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, মহিউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইব্রাহিমকে কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় এনে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ