ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইউএনওর সঙ্গে বিদ্যালয়ে ফিরল বাবার মুখে রুটি তুলে দেওয়া তুবা


ইউএনওর সঙ্গে বিদ্যালয়ে ফিরল বাবার মুখে রুটি তুলে দেওয়া তুবা

চুরির অভিযোগে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে পাউরুটি তুলে দেওয়া ছোট তুবা বিদ্যালয়ে ফিরে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মাঝে ফিরে পেয়ে তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা তুবাকে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান।

বিদ্যালয়ে পৌঁছানোর পর তুবাকে আনন্দের সঙ্গে গ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। ইউএনও মো. আলী সুজা বিদ্যালয়ের শিক্ষক ও তুবার সহপাঠীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, মেয়েটি যেন সুস্থ ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন: হবিগঞ্জে ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য উদাহরণ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা মন্তব্য করেন, "আমরা সমাজের সব অসংগতি হয়তো দূর করতে পারব না। কিন্তু একটি পরিবারকে সুরক্ষা দিয়ে অন্তত সমাজে একটা মডেল তৈরি করতে পারি। সে লক্ষ্যেই কাজ করছি। আশা করি, আমরা তা পারব।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির জানান, "আমরা মেয়েটিকে সাদরে গ্রহণ করেছি। বাবার সঙ্গে একটি দুর্ভাগ্যজনক ঘটনার পর থেকে সে বিদ্যালয়ে আসছিল না। সে খুবই মেধাবী, তার পড়াশোনা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারে, সে জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।"

এর আগে, ২৮ সেপ্টেম্বর, উপজেলা প্রশাসন জুবার বাবাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বরিশাল নগরের একটি মাদকসক্তি নিরাময় কেন্দ্রে পাঠায়। সেখানে তাকে তিন মাস রাখার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে, ২৩ সেপ্টেম্বর রাতে উজিরপুরের একটি বাজারে চুরির অভিযোগে তুবার বাবাকে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। পরদিন শনিবার সকালে খবর পেয়ে সেখানে ছুটে যায় তার ৯ বছর বয়সী মেয়ে তুবা। বাবাকে আর মারধর না করার জন্য সে উপস্থিত লোকজনের কাছে আকুতি জানায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গাজীপুরের তুমুলিয়া ইউনিয়নের প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে ওই ব্যক্তির পা বেঁধে রাখা হয়েছে। তার হাতে একটি চায়ের কাপ। মেয়েটি পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে চায়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছে। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন বিভিন্ন কথা বলছেন। বাবার মুখে রুটি তুলে দিতে দিতে মেয়েটি অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিল লোকজনের দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, কিছু রাজনৈতিক দল অরাজকতা তৈরির চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, "আপনারা দেখেছেন ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল।" ফেব্রুয়ারির নির্বাচনে তারা কিছু আসনে জয়লাভ করে নানা ধরনের কর্মকাণ্ড করছে। তিনি বলেন, "সময় এসেছে সচেতন হওয়ার।"

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

বিরোধী দলকে উদ্দেশ্য করে তারেক রহমান আরও বলেন, "তারা আমাদের নসিহত করে। আমরা বলব, দয়া করে নিজের দিকে তাকান।"

নানাবাড়ির স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আজ বহু বছর পর নানাবাড়ি আসলাম। খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম।" তিনি উল্লেখ করেন, "দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানাবাড়ির জন্য কাজ করতে হবে।"

উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, "ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই নদীটি খনন করব। এখন আমরা সেটি বাস্তবায়ন করতে এসেছি।"

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার ফেনী সফর করেন তারেক রহমান। তিনি সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বাসে পরশুরামের উদ্দেশে রওনা হন এবং দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চপুকুরে ডিবির অভিযান: ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


পঞ্চপুকুরে ডিবির অভিযান: ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (সাময়িক দায়িত্বে) এসআই (নিঃ) মো. সোহারাব হোসেনের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে নীলফামারী সদর থানার পঞ্চপুকুর বাজারের মিলের পাড় চৌপথি এলাকায় জিয়া মেম্বারের ছ-মিলের সামনে থেকে মো. আলিমুদ্দিন (৫৩) ও মো. সাফায়াত হোসেন শামীম (৩৪) নামে দুইজনকে আটক করা হয়।

পরে তাদের হেফাজত থেকে হালকা সাদা (অফ-হোয়াইট) রঙের ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি Hero Splendor+ ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আলিমুদ্দিন নীলফামারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাকবাংলা সড়ক এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার সাফায়াত হোসেন শামীমের স্থায়ী ঠিকানা সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কীর্তনিয়াপাড়া এলাকায় এবং বর্তমানে তিনি নীলফামারী শহরের মাস্টারপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় ১ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-০২, জিআর-৩৮৯/২০২৬। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাল্লায় ভার্চুয়ালি কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : মোঃ ফারুক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


শাল্লায় ভার্চুয়ালি কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের শাল্লায় কৃষকদের সরকারি কৃষি সহায়তা সহজে ও সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শাল্লা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় শাল্লা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে স্থানীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী চিকিৎসার জন্য বিদেশে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মো. ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, উপসহকারী পুলিশ সুপার হুমায়ুন আহমেদ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়।
এ ছাড়া শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, উপজেলা যুবদল আহবায়ক এম এ রাজ্জাক,আঃ করিম মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষি সহায়তা, কৃষি উপকরণ ও বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে। কৃষকের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়। এ সময় কৃষকরা সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে কৃষক কার্ডের কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় দিবসে শি চিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


জাতীয় দিবসে শি চিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পাঠানো এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছাবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ চীন-বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। গত পাঁচ দশকে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও বোঝাপড়ার মাধ্যমে এই বন্ধুত্ব আরো সুদৃঢ় হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি ও গভীরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা দুই দেশের জনগণকে আরো কাছাকাছি নিয়ে এসেছে এবং সহযোগিতা ও পারস্পরিক সুফলের নতুন নতুন পথ উন্মোচন করেছে।

এতে আরো বলা হয়, নতুন যুগে ‘যৌথ ভবিষ্যতের লক্ষ্যে চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের যৌথ অঙ্গীকার আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অভিন্ন লক্ষ্য আমাদের দুই দেশের মধ্যকার বন্ধুত্বের বন্ধনকে আরো শক্তিশালী করবে এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং চীনের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%