ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

হবিগঞ্জে এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন


হবিগঞ্জে এনসিপির মামলায় ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতার দায়ের করা মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন সহ ১১ জন নেতাকর্মীর জামিন দিয়েছেন আদালত।

আজ রবিবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আব্দুল মন্নান এই জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল।

তিনি জানান, রবিবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এসময় আদালতে মামলাটি পুরোপুরি ভিত্তিহীন হওয়া সম্পর্কে তারা বিচারকদের বোঝাতে সক্ষম হন। কারণ মামলায় ঘটনার তারিখ, সময় এবং আসামিরা কাদের উপর আঘাত করেছে তার কোনো সুনির্দিষ্ট বর্ণনা নেই। ফলে আদালত এসব বিবেচনা করে আসামিদের জামিন মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার স্কয়ার ফুটের দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে

জামিনপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।

এর আগে গত বুধবার রাতে এনসিপি’র ছাত্র সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষ হওয়ার পর ছাত্রদল নেতাকর্মীরা তাদের গাড়ি বহরে হামলা চালিয়েছিল। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানান, ‘আমাদের উপর মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। যেটির কোনো ভিত্তি নেই।’

আরও পড়ুন: সিলেটে রাবার বাগান থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে তুষারধসে প্রাণ গেল ১০ পর্বতারোহীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


পাকিস্তানে তুষারধসে প্রাণ গেল ১০ পর্বতারোহীর

পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম উচ্চতম পর্বতশৃঙ্গ ব্রড পিকে তুষারধসে নিহত হয়েছেন খ্যাতিমান ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজাসহ (নিমস দাই) ও আরও ৯ পর্বতারোহী। উদ্ধারকারীরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেই মরদেহ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

শনিবার (১ আগস্ট) নির্মল পুরজার অভিযাত্রী প্রতিষ্ঠান এলিট এক্সপেড এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে এলিট এক্সপেড জানায়, পর্বতারোহণের জগৎ তাদের অন্যতম সেরা একজন পর্বতারোহীকে হারিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্যান্য পর্বতারোহীদেরও প্রতিও গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অকল্পনীয় ক্ষতির বেদনা লাঘব করার মতো কোনো শব্দ তাদের কাছে নেই।

গত বৃহস্পতিবার পাকিস্তানের ব্রড পিকে পর্বত আরোহণের সময় ১০ সদস্যের ওই পর্বতারোহী দলটি তুষারধসে নিঁখোজ হন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের খোঁজে উদ্ধারকারী হেলিকপ্টারের উড্ডয়ন ব্যাহত হয়। শুক্রবার উদ্ধারকারীরা দলটির চারজনের মরদেহ শনাক্ত করেন এবং এর মধ্যে তিনটি উদ্ধার করতে সক্ষম হন। শনিবার থেকে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সহায়তায় বাকি সদস্যদের অনুসন্ধানে আবারও অভিযান শুরু হয়।

এ বিষয়ে পাকিস্তানের আলপাইন ক্লাবের সভাপতি ইরফান আরশাদ খান বলেন, ‘পর্বতের টানে বিভিন্ন দেশ থেকে একত্রিত হওয়া এই সাহসী পর্বতারোহীদের মৃত্যু বিশ্ব পর্বতারোহণ অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’

তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া পাকিস্তানের সামরিক ও বেসামরিক উদ্ধারকারী এবং শেরপাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘পর্বতের সৌন্দর্য আমাদের অনুপ্রাণিত করে। তবে একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, হিমালয় ও কারাকোরামের দুর্গম পর্বতে অভিযান চালানো কতটা ঝুঁকিপূর্ণ।’

স্থানীয় পুলিশ কর্মকর্তা তাহির খান জানান, ওমানের পর্বতারোহী নাথিরা আহমেদের মরদেহ পাকিস্তানের ইসলামাবাদে পাঠানো হচ্ছে। অন্যদিকে, মার্কিন পর্বতারোহী ম্যালোরি গেইস ও নেপালের বাহাদুর গুরুঙের মরদেহ পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান অঞ্চলের প্রধান শহর স্কার্দুর একটি হাসপাতালে রাখা হয়েছে।

গেইসের পরিবারের এক বিবৃতিতে বলা হয়, ‘ম্যালোরি একজন প্রাণবন্ত মানুষ ছিলেন। তাকে তার পরিবার ও বন্ধুরা গভীরভাবে ভালোবাসতেন। তাকে আমাদের ভীষণ মনে পড়বে।’

এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন নেপালে জন্ম নেওয়া সাবেক ব্রিটিশ সেনাসদস্য নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামেই অধিক পরিচিত ছিলেন। ২০১৯ সালে তিনি মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়েন। তার এই অসাধারণ কীর্তি নিয়ে ‘ফোরটিন পিকস: নাথিং ইজ ইম্পসিবল’ নামে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত করেছিল নেটফ্লিক্স।

পুরজার প্রতিষ্ঠান তাকে স্মরণ করে জানায়, তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি নিজের সাহস, বিনয়ের মাধ্যমে লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন। তিনি এই বিশ্বাসে অটল ছিলেন যে মানুষের সামর্থ্য আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি।

অপরদিকে, ম্যালোরি গেইস প্রথমবারের মতো পাকিস্তানে ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গে আরোহণের চেষ্টা করছিলেন। এছাড়া মুভিং মাউন্টেইনস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির গাইড, ভূগোলবিদ ও পাহাড়ি বা উঁচু অঞ্চলের আলোকচিত্রী সাখির জন্য এটিই তার জীবনের শেষ পর্বত অভিযান হওয়ার কথা ছিল। তিনি বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন।

বিশেষজ্ঞরা বলেন, উত্তর পাকিস্তানে তুষারধস, বরফ, পাথর ধসসহ অতিরিক্ত উচ্চতা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে পর্বতারোহণ অভিযানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম উচ্চতম পর্বতশৃঙ্গ ব্রড পিক। এটি পাকিস্তান–চীন সীমান্তের কাছে অবস্থিত এবং পৃথিবীর ১৪টি আট-হাজারি (৮,০০০ মিটারের বেশি উচ্চতার) পর্বতের একটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় প্রেসিডেন্টের শপথের আগে বোমা হামলা, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


কলম্বিয়ায় প্রেসিডেন্টের শপথের আগে বোমা হামলা, আহত ১৪

ভেনেজুয়েলা সীমান্তের নিকটবর্তী উত্তর কলম্বিয়ার কুকুটা শহরের একটি পুলিশ স্টেশনের কাছে ট্রাকে রাখা বোমা বিস্ফোরণের ফলে ১৪ জন আহত হয়েছেন। দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার несколько দিন আগে, শনিবার ভোর বেলায় এ হামলার ঘটনা ঘটে।

কলম্বিয়ার সরকার এই হামলার জন্য দেশের সবচেয়ে বড় সক্রিয় সশস্ত্র বিদ্রোহী সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-কে দায়ী করেছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, হামলায় ১১ জন পুলিশ সদস্য এবং ৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকরা জানান, বিস্ফোরণের পর হামলাকারীদের ব্যবহৃত যানটিতে আগুন জ্বলছে এবং আশপাশের ভবনের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নর্তে দে সান্তান্দের প্রদেশের গভর্নর উইলিয়াম ভিয়ামিজার জানিয়েছেন, আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক এবং তারা জীবন-মৃত্যুর মধ্যে লড়াই করছেন।

প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা আগামী ৭ আগস্ট শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি একজন ডানপন্থি ধনকুবের আইনজীবী। এই হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। দে লা এসপ্রিয়েলা বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। দে লা এসপ্রিয়েলা হামলাটিকে ‘একটি নৃশংস ও সহিংস ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনিসিউসের রিয়াল ছাড়ার জল্পনা, মুখ খুললেন মরিনিয়ো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


ভিনিসিউসের রিয়াল ছাড়ার জল্পনা, মুখ খুললেন মরিনিয়ো

রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে ড্রয়ের পর জোসে মরিনিয়ো ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে একটি স্পষ্ট বার্তা প্রদান করেছেন। ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে ঘিরে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের আগ্রহ ক্রমেই বাড়ছে, তবে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনার ইতি টানার চেষ্টা করছেন পর্তুগিজ কোচ।

ভিনিসিউসের চুক্তি নবায়ন নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের গ্রীষ্মে শেষ হবে। এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে আর্সেনাল। ক্লাব কর্তৃপক্ষের ধারণা, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে দলে টানার এটি হতে পারে সেরা সুযোগ।

এমন একটি চুক্তি সম্পন্ন করতে বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে, তবে উত্তর লন্ডনের ক্লাবটি পেছনে নেই। বিভিন্ন প্রতিবেদনে রয়েছে যে, এই ব্রাজিলিয়ানকে দলে আনতে আর্সেনাল তাদের প্রচলিত বেতন কাঠামো ভাঙতে এবং আকর্ষণীয় ইমেজ রাইটস চুক্তির প্রস্তাব দিতেও প্রস্তুত।

এখনো এসব গুঞ্জনের মাঝেও মরিনিয়ো জানিয়েছেন, ভিনিসিউস খুব শিগগিরই মাদ্রিদে দলের সঙ্গে যোগ দেবেন। বিশ্বকাপে অংশ নেওয়া বেশ কয়েকজন খেলোয়াড় এখনও ছুটিতে থাকলেও তিনি দ্রুত পূর্ণ দলকে একত্রিত করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে স্পেশাল ওয়ান খ্যাত এই পর্তুগিজ কোচ বলেন, 'সব খেলোয়াড়কে এখনও না পাওয়ায় আমি চিন্তিত। আমি চাই অন্তত তিন সপ্তাহ সবাইকে নিয়ে অনুশীলন করতে, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। সোমবার (৩ আগস্ট) ভিনি জুনিয়র, ব্রাহিম এবং বার্নার্দো যোগ দেবে। এরপর ধীরে ধীরে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে খেলা বাকি ফুটবলাররাও ফিরবে। ফাইনাল খেলেছে শুধু কুকুরেয়া।'

গত শনিবার (১ আগস্ট) ওয়ের্থারসি স্টাডিয়ামে ফিওরেন্টিনার বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদে মরিনিয়োর প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচ। এন্দরিক ও একাডেমির তরুণ অ্যালেক্সিস সিরিয়ার গোলে মাদ্রিদ শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে পরে রবার্তো পিকোলি ও মইজে কিন গোল করে ম্যাচে সমতা ফেরান।

ম্যাচ নিয়ে মরিনহো বলেন, 'আমি সবকিছুই পছন্দ করেছি। আজকের মাদ্রিদ সতেজ, ক্লান্ত এবং ভীষণ ক্লান্ত তিনটি রূপই দেখেছি। সতেজ দলটি দারুণ খেলেছে, আর ২-১ স্কোরলাইন তখন খুবই কম মনে হচ্ছিল। প্রথমার্ধে আমরা এত ভালো খেলেছি যে সহজেই ৩ বা ৪-০ ব্যবধানে এগিয়ে থাকতে পারতাম।'

তিনি আরও যোগ করেন, 'দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও শারীরিক লড়াইয়ে পরিণত হয়, যা ইতালিয়ান দলের স্বাভাবিক বৈশিষ্ট্য। এরপর আমরা দেখলাম, মইজে কিন বক্সের মধ্যে দুইজন ১৮ বছর বয়সী ডিফেন্ডারের বিপক্ষে খেলছে। তারা দারুণ খেলেছে এবং উন্নতি করছে, কিন্তু শারীরিকভাবে এখনও কিনের মতো খেলোয়াড়কে সামলানোর পর্যায়ে পৌঁছায়নি। তৃতীয় রূপটি ছিল ভীষণ ক্লান্ত দলের, কিন্তু সেই অবস্থাতেও দল হিসেবে নিজেদের ধরে রেখেছে, ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং আবারও আধিপত্য প্রতিষ্ঠা করেছে।'

ফিওরেন্টিনার বিপক্ষে এই ম্যাচটি নতুন খেলোয়াড় ও একাডেমির তরুণদের নিজেদের প্রমাণ করার সুযোগও ছিল। ডেনজেল ডামফ্রিস ও এন্দরিকের প্রশংসা করে মরিনিয়ো বলেন, 'ডামফ্রিস ও এন্দরিক মাত্র তিন দিন অনুশীলন করেই ৭০ মিনিটের বেশি খেলেছে। এটা অসাধারণ প্রচেষ্টা, যা প্রমাণ করে তারা দলের জন্য সর্বোচ্চটা দিতে প্রস্তুত। জোয়ান ও মারিও ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনাময় দুই তরুণ। ম্যাচ অতিরিক্ত শারীরিক হয়ে ওঠার আগ পর্যন্ত তারা অসাধারণ মানের ফুটবল খেলেছে। তরুণদের এই মান দেখে আমি সত্যিই মুগ্ধ।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত

নরসিংদীর রায়পুরার আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে কৃষক মোমেন মিয়া (৬০) নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত মোমেন মিয়া সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের সরকার বাড়ির শহীদ মিয়ার ছেলে মো: নাজমুল (৩৫) এবং অন্যান্য আহতদের পরিচয় এখনও প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদাগরকান্দি গ্রামের বাসিন্দা মোমেন সরকারের বাড়ি ও একই গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার আবুল কাশেম সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের কারণে শনিবার সকাল ৯টার দিকে কাশেম মেম্বার ও ফরিদের পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রধারী ২০-২৫ জনের একটি দল চেয়ারম্যান সমর্থক কৃষক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায় এবং পরে পালিয়ে যায়। হামলার এ সময় মোমেন মিয়া গুলিবিদ্ধ হন এবং ৬ জন আহত হন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে চিকিৎসক মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বলেন, পূর্ব পাড়ার কাশেম ও দক্ষিণ পাড়ার ফরিদের লোকেরা একতরফা ঘরে ঢুকে গুলি করেছে। এলাকার ঝগড়া হতে পারে এমনটি এমপি সাহেবকে কেন জানালাম সেজন্য ক্ষিপ্ত হয়ে তারা গুলি করে মোমেনকে হত্যা করেছে এবং ৫-৭ জনকে আহত করেছে। তারা অস্ত্রসজ্জিত হয়ে আমাদের লোকজনকে ডাকাডাকি করেছে সংঘর্ষ করার জন্য, কিন্তু আমাদের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িত না হয়ে বাড়ি ছেড়ে দূরে ছিলেন। তারপরও তারা এমন হতাহতের ঘটনা ঘটিয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক। দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে একজন নিহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%