ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

আন্দোলনে দেখা যায়নি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছে: সেতুমন্ত্রী


আন্দোলনে দেখা যায়নি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছে: সেতুমন্ত্রী

জুলাই আন্দোলনে একদিনও যারা উপস্থিত ছিলেন না, তারাই পরে জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল, এই বক্তব্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ২৬ তারিখের নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজে অনুষ্ঠিত ‘শ্বাশত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আরও বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্বের বিষয় নয়। জুলাই হলো একটি জাতীয় অর্জন। এটি ছিল জাতীয় অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই। এই আন্দোলন ছিল একটি দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত ফল যা জুলাইয়ে পাওয়া গেছে।

আরও পড়ুন: বাকৃবিতে উদ্বোধন হলো সার্জারি গ্যালারি

তিনি আরও বলেছেন, জুলাইয়ে ছাত্র, জনতা, সর্বস্তরের মানুষ একত্র হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, যার সূচনা করেছিল বিএনপি। বিএনপির নেতৃত্বে সব শ্রেণির মানুষ একত্রিত হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে। তাই ২৬ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে নিয়ে বড় মন্তব্য করলেন জার্মান কিংবদন্তি ফোলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


আর্জেন্টিনাকে নিয়ে বড় মন্তব্য করলেন জার্মান কিংবদন্তি ফোলার

বিশ্বকাপ শেষ হওয়ার পরও ফুটবল বিশ্বে বিভিন্ন দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে। এবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের প্রশংসা করে এবং আর্জেন্টিনাকে 'ভুল উদাহরণ' হিসেবে উল্লেখ করে নতুন বিতর্ক শুরু করেছেন জার্মান ফুটবল কিংবদন্তি রুডি ফোলার।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) পরিচালক হিসেবে ফোলার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি কখনোই আর্জেন্টিনার মতো খেলার ধরণ দেখতে চান না। তার এই মন্তব্য স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস এর প্রতিবেদনে উঠে এসেছে।

একটি আন্তর্জাতিক কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে ফোলার বলেন, অনেকেই আর্জেন্টিনাকে জার্মান ফুটবলের জন্য অনুসরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। কিন্তু তিনি এই মতের সঙ্গে একেবারেই একমত নন।

ফোলার বলেন, "জার্মানি হিসেবে আমাদের আরও কার্যকরভাবে রক্ষণ সামলাতে হবে। অনেকেই আর্জেন্টিনাকে উদাহরণ হিসেবে দেখতে চাইছেন, কিন্তু আমি মনে করি, সেটি ভুল। হঠাৎ করেই আর্জেন্টিনা সবার কাছে মানদণ্ড হয়ে গেছে। এটি আমার কাছে কিছুটা ভণ্ডামি মনে হয়। আমি আর্জেন্টিনার মতো খেলা দেখতে চাই না। তাদের খেলার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তারা বিশ্বচ্যাম্পিয়ন ছিল, এবারের রানার্সআপ হয়েছে। কিন্তু সত্যি বলতে, তাদের নিয়ে এত প্রশংসা আমি বুঝতে পারি না।"

আর্জেন্টিনার সমালোচনা করলেও, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের প্রশংসায় উদার ছিলেন ফোলার। তার মতে, আধুনিক ফুটবলে স্পেনই একটি অনুসরণযোগ্য দল।

তিনি বলেন, "স্পেন যে প্রশংসা পাচ্ছে, তা পুরোপুরি তার প্রাপ্য। মাত্র বল দখল বা আক্রমণ নয়, তারা যেভাবে রক্ষণ সামলায় সেটাও অসাধারণ। আমাদের অনুসরণ করার মতো দল হচ্ছে স্পেন। ইংল্যান্ডের খেলা আমারও খুব ভালো লেগেছে।"

ফোলারের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সূত্রপাত করেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হলেও, আর্জেন্টিনা সমর্থকদের একটি বড় অংশ তার প্রচণ্ড সমালোচনা করছে।

ফোলারের আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্যের কোনো নতুনত্ব নেই। ২০২২ বিশ্বকাপের পরও তিনি বলেছিলেন, লিওনেল মেসি অসাধারণ ফুটবলার, তাকে বিশ্বচ্যাম্পিয়ন হতে সবাই দেখতে চেয়েছিল। কিন্তু মেসিকে বাদ দিলে আর্জেন্টিনা যে আমাদের চেয়ে ভালো দল, সেটি কেউ আমাকে বোঝাতে পারবে না।

আর্জেন্টিনার সঙ্গে ফোলারের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসও বহু পুরোনো। ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পশ্চিম জার্মানির হয়ে গোল করেছিলেন তিনি, যদিও তার দল ৩-২ ব্যবধানে হার মানে। চার বছর পর, ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেই আক্ষেপ ঘোচানোর আনন্দও উপভোগ করেন জার্মান ফুটবলের এই কিংবদন্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:১২ পি.এম


৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন

 

বিজ্ঞান ও প্রযুক্তির জগতে একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে চীন। নিজেদের বহু আলোচনা করা ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পের অন্তর্ভুক্ত বিশ্বের সর্ববৃহৎ সুপারকন্ডাক্টিং ফিউশন ম্যাগনেটের সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি। এটি চায়না একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সে চালানো হয়। ওই শক্তিশালী ডি-শেপড চুম্বকের পরীক্ষাটি প্রকৃতপক্ষে পারমাণবিক ফিউশন বিক্রিয়ার মাধ্যমে পরিচ্ছন্ন এবং প্রায় অসীম শক্তি উৎপাদনের যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৌশলগত মাইলফলক।

সূর্যের অভ্যন্তরীণ শক্তি উৎপাদনের প্রক্রিয়া মূলত পারমাণবিক ফিউশনের ওপর ভিত্তি করে কাজ করে। এখানে অতি উচ্চ তাপমাত্রায় হালকা পরমাণুগুলোকে একত্রিত করে অপেক্ষাকৃত ভারী পরমাণু তৈরির মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। পৃথিবীতেও একই প্রক্রিয়ায় জ্বালানি তৈরির লক্ষ্যে চীন তাদের পরীক্ষামূলক ফিউশন রিয়্যাক্টর নির্মাণ করছে। যেহেতু পৃথিবীতে সূর্যের মতো বিশাল অভিকর্ষ বল নেই, তাই ফিউশন বিক্রিয়া ঘটানোর জন্য রিয়্যাক্টরের ভেতরের প্লাজমাকে তাপমাত্রায় প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করতে হয়। তবে এমন প্রচণ্ড তাপমাত্রার সুপারহিটেড প্লাজমা সাধারণ কঠিন পদার্থের স্পর্শে এলে রিয়্যাক্টর গলে যেতে পারে। এজন্য এই প্রাক-প্লাজমাকে ঘরের বাতাসে ভাসিয়ে রাখতে এবং দেয়াল স্পর্শ করা থেকে আটকে রাখতে অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের প্রয়োজন হয়।

এই অদৃশ্য চৌম্বক খাঁচা তৈরির জন্য মূল দায়িত্ব পালন করছে নতুন পরীক্ষিত এই বিশাল আকৃতির ডি-শেপড সুপারকন্ডাক্টিং চুম্বক। এই চুম্বক রিয়্যাক্টরে প্রায় ৬.৫ টেসলা শক্তির চৌম্বক ক্ষেত্র তৈরি করতে সক্ষম, যা পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্রের চেয়ে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী। সুবিশাল আকৃতির এই এককটির দৈর্ঘ্য ২১ মিটার এবং প্রস্থ ১২ মিটার, যার ওজন প্রায় ৫৮২ টন, যা এ পর্যন্ত নির্মিত বিশ্বের সবচেয়ে বড় সুপারকন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট। ফ্রান্সের আন্তর্জাতিক ফিউশন গবেষণা কেন্দ্র ‘আইটিইআর’-এ ব্যবহৃত চুম্বকের তুলনায় এটি প্রায় তিনগুণ বেশি শক্তি ধারণ করতে সক্ষম। এই সুপারকন্ডাক্টিং ব্যবস্থাটিকে টানা ৬০ বছর কার্যকরভাবে সেবা দিতে পারার মতো নকশা নিয়ে তৈরি করা হয়েছে।

বিজ্ঞানীদের মতে, এই ব্যবস্থার সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো এর ভেতরের চরম তাপমাত্রার বৈপরীত্য। যেখানে রিয়্যাক্টরের কেন্দ্রস্থলে ভাসমান প্লাজমার তাপমাত্রা প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস, ঠিক তার ইঞ্চি খানেক দূরে এই সুপারکন্ডাক্টিং চুম্বকগুলোকে সচল রাখতে মাইনাস ২৬৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল রাখতে হচ্ছে। ভ্যাকুয়াম ইনসুলেশন এবং অত্যন্ত সূক্ষ্ম ক্রায়োজেনিক কুলিং সিস্টেম ব্যবহার করে এই চরম বৈপরীত্য বজায় রাখা সম্ভব হয়ে উঠছে।

এই সাফল্যের সবচেয়ে লক্ষণীয় দিক হলো ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক বাজারে নিজেদের প্রভাব বিস্তার। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এবং ১০০ শতাংশ দেশীয় উপাদান সহ এই অত্যাধুনিক চুম্বক তৈরি করেছে চীনের প্রযুক্তিবিদরা। এর ফলে গুরুত্বপূর্ণ এবং বিরল সব কাঁচামাল ও প্রযুক্তির জন্য চীনকে এখন আর কোনো বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভর করতে হচ্ছে না। এর আগেও নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তাদের ‘ইএএসটি’ রিয়্যাক্টরে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস প্লাজমা টানা ১,০৬৬ সেকেন্ড ধরে রাখার নতুন বিশ্বরেকর্ড গড়েছিল। এ ধরনের সাফল্য চীনকে প্রযুক্তিগত বাজারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। চীনের মূল লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিকভাবে পরবর্তী ধাপের পরীক্ষা সম্পন্ন করা এবং ২০৩০ সালের মধ্যেই এই কৃত্রিম সূর্যের মাধ্যমে মূল ভূখণ্ডে বিদ্যুৎ উৎপাদন শুরু করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- খালিদ হাসান সিয়াম (২২), মো. রিফাত ওরফে আবির (২৫), কুসুম আক্তার (২৭), মো. মোশারফ মিয়া ওরফে মোস্তাকিম (২০), সামিয়া আক্তার জরিনা (১৮), কাজল আক্তার আঁখি (২২), আবু ইউসুফ (৭০), জাহিদুল ইসলাম জাহিদ (৫৩), আবুল হোসেন (৬৭), রিয়াজ শেখ ওরফে সজীব (২৪), রাহাতুল ইসলাম (১৯), মো. রবিন (৪২), মো. আব্দুর রহিম (৪৭), মো. মনিরুজ্জামান, সোহান (১৯), মো. রাসেল (২৬) এবং সৈয়দ আবুজর হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে কালকিনিতে মানববন্ধন, যুবদল নেতা রাশেদ বেপারীর গ্রেপ্তারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:২১ পি.এম


মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে কালকিনিতে মানববন্ধন, যুবদল নেতা রাশেদ বেপারীর গ্রেপ্তারের দাবি

মাদারীপুরের কালকিনি উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর ২৪ ঘর হাওলাদার বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় যুবদল নেতা রাশেদ বেপারী ব্যক্তিগত বিরোধের জেরে উত্তর রমজানপুর এলাকার আটজন নিরীহ মানুষের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা করেছেন। এইসব মামলার কারণে ভুক্তভোগী পরিবারগুলো দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছে এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা। বক্তারা আরও অভিযোগ করেন, রাশেদ বেপারী নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ আড়াল করতে এবং প্রতিপক্ষকে চাপে রাখতে আদালতের আশ্রয় নিয়ে একের পর এক মামলা দায়ের করছেন। তারা দ্রুত এসব মামলা প্রত্যাহার এবং রাশেদ বেপারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী নাজনীন বেগম, সুখতারা বেগম, রাশিদা বেগম, বকুল বেগম, তাহিরা বেগম, আক্তার হোসেন বেপারী, আশরাফুল, রফিক মোল্লা, তারেক ও তুষারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচিতে নারী-পুরুষসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিলও করেন। এ বিষয়ে অভিযুক্ত রাশেদ বেপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, "আমি এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে চাই না। কোর্টের মাধ্যমেেই এই সমস্যার সমাধান করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%